দক্ষিণ চট্টগ্রামে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়
পরিববহন মালিক ও চালক সমিতির নেতারা বলছেন, ভাড়া বাড়ানো হয়নি; কেউ বাড়তি ভাড়া আদায় করলে তাঁর িবরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় চলছে। আগের নির্ধারিত ভাড়া মানছেন না চালকেরা। ভাড়া আদায় করছেন নিজেদের খেয়াল–খুশিমতো।
গণপরিবহনের ভাড়া নিয়ে এ নৈরাজ্য চলছে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, আনোয়ারা, বাঁশখালী ও চন্দনাইশ রুটে। গ্যাস-বিদ্যুতের দাম বাড়ার অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। যাত্রীদের সঙ্গে কথা বলে ও সরেজমিনে এই চিত্র পাওয়া যায়।
ভাড়া নিয়ে প্রতিদিনই গাড়ির চালক ও সহকারীদের সঙ্গে যাত্রীদের বচসা লেগেই আছে। প্রায় সময় চালক-সহকারীর হাতে যাত্রীরা শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন রুটের যানবাহন ছাড়ে শাহ আমানত সেতু এলাকা থেকে। এসব রুটে প্রতিদিন যাতায়াত করে হাজারো মানুষ।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল আনোয়ার চৌধুরী (৩২) জানান, তিনি প্রতিদিন তাঁর বাড়ি আনোয়ারা সরকার হাট থেকে চট্টগ্রাম শহরের কর্মস্থলে যাওয়ার জন্য শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) পর্যন্ত যাত্রীবাহী বাসে যাতায়াত করেন। আগে ভাড়া নেওয়া হতো ২২ টাকা। দুই সপ্তাহ ধরে সেই ভাড়া দঁাড়িয়েছে ৩৫ টাকায়। সিএনজিচালিত অটোরিকশা অবস্থা আরও খারাপ। আগে সরকার হাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত ভাড়া ছিল ৩০ টাকা, তা বেড়ে হয়েছে ৫০ টাকা।
সাইফুল বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করলে বাসের চালক ও সহকারীরা দুর্ব্যবহার করেন। অনেক সময় শারীরিকভাবেও লাঞ্ছিত করেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকাল ও সন্ধ্যায় ভাড়ার হেরফের রয়েছে। সন্ধ্যার সময় ভাড়া ৫ থেকে ১০ টাকা বাড়তি। পটিয়া থানা মোড় থেকে শাহ আমানত সেতু পর্যন্ত যাত্রীবাহী বাসের (লোকাল) ভাড়া সকালে ২০ টাকা নিলেও সন্ধ্যা দিকে শাহ আমানত সেতু থেকে নেওয়া হয় ৩০ টাকা। অনেক সময় গাড়ির সংকট দেখিয়ে নেওয়া হচ্ছে ৫০ টাকা পর্যন্ত। আর বিরতিহীন বাসগুলো নিচ্ছে ৫০ টাকার স্থলে ৮০ টাকা। মাহেন্দ্র (হিউম্যান হলার) ভাড়া ৩০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত নিচ্ছে। অন্যিদকে, শাহ আমানত সেতু থেকে আনোয়ারার চাতরী চৌমুহনী বাজার পর্যন্ত ১৫ টাকার স্থলে ২০ টাকা, বাঁশখালী চানপুর পর্যন্ত ২৫ টাকার স্থলে ৩০ টাকা আদায় করা হচ্ছে। তা ছাড়া সিএনজিচালিত অটোরিকশা চালকেরাও স্থানভেদে দুই থেকে তিন গুণ হারে বর্ধিত ভাড়া নিচ্ছেন।
চন্দনাইশের এক যাত্রী বলেন, চট্টগ্রাম থেকে গাছবাড়িয়া কলেজ পর্যন্ত ৩০ টাকার স্থলে সকালে চট্টগ্রাম যেতে ৬০ টাকা এবং সন্ধ্যায় চট্টগ্রাম থেকে চন্দনাইশে আসতে ১৫০ টাকা পর্যন্ত ভাড়া নিচ্ছে।
পটিয়া কেলিশহর গ্রামের বাসিন্দা যাত্রী নুরুল আলম বলেন, মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়ার কারণে যানবাহন সংকটে কষ্টে পড়েছে সাধারণ যাত্রীরা। এই সুযোগে যাত্রীবাহী বাসগুলো ইচ্ছেমতো ভাড়া নিচ্ছে। সন্ধ্যা হলে শাহ আমানত সেতু এলাকায় পটিয়ার গাড়ি পাওয়া যায় না। তাই যাত্রীরা অসহায় হয়ে পড়েন। এতে ২০ টাকা ভাড়ার স্থলে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত দিয়ে পটিয়া আসতে হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপের ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে যানবাহন সংকট তীব্র হয়েছে। অবশ্য চট্টগ্রাম-আনোয়ারা সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে।
শাহ আমানত সেতু-আনোয়ারা রুটে চলাচলকারী বাসচালক আবুল কালাম বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর পর সবকিছুর দাম বেড়েছে। তাই বাড়তি ভাড়া নেওয়া ছাড়া কোনো উপায় নেই।
এদিকে পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই। এখনো ভাড়া বাড়ানো হয়নি।
চট্টগ্রাম জেলা আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা বলেন, যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া নেওয়া না হয়, সেভাবে চালকদের নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও কেউ কেউ অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলে শোনা যাচ্ছে। এ ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তাঁদের গাড়ির লাইসেন্সও বাতিল করা হবে।
পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) সড়ক যানবাহন মালিক সমিতির সভাপতি মোহাম্মদ জাফর উদ্দিন চৌধুরী বলেন, ‘ভাড়া বাড়ানোর সরকারি কোনো নির্দেশনা পায়নি। আমরা কাউকে ভাড়া বাড়াতে বলিনি।’ তারপরও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কেন জানতে চাইলে তিনি বলেন, ‘কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কেউ অভিযোগ করেননি।’