দক্ষিণ চট্টগ্রামে বোরোর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলায় এবার ৩৫ হাজার ৬৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হচ্ছে। কৃষি বিভাগ এবার এ অঞ্চলের বোরো ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রায় এক লাখ ৪০ হাজার মেট্রিক টন। কৃষকেরা উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহার করায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদিত হবে, এমন প্রত্যাশা কৃষিবিদদের। তবে সবকিছু নির্ভর করছে অনুকূল আবহাওয়ার ওপর।চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য থেকে জানা যায়, এবার দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় হাইব্রিড ও উফশী মিলিয়ে পাঁচ হাজার ৯০৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হবে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৮৭১ মেট্রিক টন। একইভাবে বাঁশখালীতে সাত হাজার ৭৫৫ হেক্টর, বোয়ালখালীতে এক হাজার ৬৯৫ হেক্টর, চন্দনাইশে তিন হাজার ৪৯০ হেক্টর, লোহাগাড়ায় তিন হাজার ৯৭৫ হেক্টর, পটিয়ায় ছয় হাজার ৯৮০ হেক্টর ও সাতকানিয়ায় পাঁচ হাজার ২৬৫ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে। এসব এলাকার জমিতেও হাইব্রিড ও উফশী ধানের চাষ হবে। সাত উপজেলার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৯ হাজার ৫০৫ মেট্রিক টন।চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজ সংরক্ষণ কর্মকর্তা ইলিয়াছ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, আবহাওয়া ঠিক থাকলে ও কৃষকেরা ঠিক সময়ে সেচ, সার ও কৃষি উপকরণ পেলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বেশি হবে।