দক্ষিণ চট্টগ্রামে যাতায়াতে বিকল্প সড়ক হচ্ছে রাঙ্গুনিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারে যাতায়াতের জন্য বিকল্প সড়ক হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ও বোয়ালখালী উপজেলার ভান্ডালজুড়ীর মধ্য দিয়ে। ফলে রাঙ্গুনিয়া ও কাপ্তাইয়ের লোকজন চট্টগ্রাম শহরে না গিয়ে এ সড়ক দিয়ে দক্ষিণ চট্টগ্রামে যাতায়াত করতে পারবেন। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, বিকল্প সড়ক নির্মাণের জন্য ১৯৮৯ সালে কর্ণফুলী নদীর ওপর গোডাউন সেতু নির্মাণ করা হয়। কিন্তু অর্থাভাবে বিকল্প সড়ক বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে পরিকল্পনা অনুযায়ী স্থানীয় সরকার পরিষদ বর্তমানে সড়ক নির্মাণকাজ শুরু করেছে। উপজেলা প্রকৌশলী হাসান আলী জানান, বিকল্প সড়ক নির্মাণকাজ বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংক অর্থসহায়তার প্রস্তাব দেয়। এর পরিপ্রেক্ষিতে সড়ক নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার পরিষদ। যা সরফভাটা ইউনিয়নের গোডাউন সেতুর ইত্যাদি চত্বর থেকে বোয়ালখালী উপজেলার কালুরঘাট সড়ক পর্যন্ত ১৭ কিলোমিটার নির্মাণ করা হবে। এতে খরচ হবে প্রায় পাঁচ কোটি টাকা।প্রকৌশলী হাসান বলেন, সড়কের রাঙ্গুনিয়া অংশে রয়েছে নয় কিলোমিটার। যার মধ্যে গোডাউন সেতুর ইত্যাদি চত্বর থেকে প্রায় এক কোটি টাকা ব্যয়ে ছয় কিলোমিটার সড়ক নির্মাণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ওমর ফারুক এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক নির্মাণের কাজ পেয়েছে।ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ওমর ফারুক বলেন, সড়কটির ১৭ কিলোমিটার অংশই কার্পেটিং (পিচ) হবে। বর্তমানে ইট বিছানোর কাজ চলছে। গোডাউন চত্বর থেকে এক কিলোমিটার অংশে পিচ তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, সড়কটি নির্মিত হলে বাস, ট্রাকসহ ভারী যানবাহন চলাচল করতে পারবে।