দক্ষিণ চট্টগ্রামে হাইস মাইক্রোবাসে যাত্রী হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাণিজ্যিকভাবে চালিত হাইস-মাইক্রোবাসগুলো নানাভাবে যাত্রীদের হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ এলাকার যাত্রীরা হাইস-মাইক্রোবাস মালিক সমিতি, লাইনম্যান, চালক আর সহযোগীর (হেলপার) কাছে দীর্ঘদিন ধরে জিম্মি। হাজি রফিকুল ইসলাম নামে একজন যাত্রী জানান, হাইস-মাইক্রোবাস লাইনসংশ্লিষ্ট লোকজন নিয়মের কোনো তোয়াক্কা করেন না। নিয়মিত যাত্রী দিদারুল আলম জানান, হাইস-মাইক্রোবাসের চালক ও সহযোগীর হাতে তিনি বহুবার দুর্ব্যবহারের শিকার হয়েছেন। তিনি বলেন, দরকষাকষি না করে এসব গাড়িতে উঠলে একই দূরত্বের যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভিন্ন ভিন্ন ভাড়া আদায় করেন। এর প্রতিবাদ করলে চালক ও সহযোগী মিলে যাত্রীদের নাজেহাল করেন। কেরানীহাট এবং দোহাজারী থেকে চট্টগ্রাম শহরের ভাড়া যথাক্রমে ৩৫ ও ৩০ টাকা। যাত্রী বেশি দেখলে ভাড়া আদায় করা হয় ৮০ থেকে ১০০ টাকা। হাইস-মাইক্রোবাস দক্ষিণ চট্টগ্রামের পরিবহনব্যবস্থায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। শুধু বাড়তি ভাড়া আদায় করে এ লাইনসংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষান্ত নন, তিনজনের ছোট্ট আসনে জোর করে চারজন বসতে বাধ্য করেন। অতিরিক্ত যাত্রী নেওয়ার ব্যাপারে কোনো যাত্রী আপত্তি করলে লাঞ্ছনার শিকার হতে হয় চালক বা সহযোগীদের হাতে। এ ব্যাপারে হাইস-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি শফিউল আলমের সঙ্গে তাঁর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। সূত্র জানায়, অধিকাংশ হাইস-মাইক্রোবাসের চালকের কোনো চালকের সনদ (ড্রাইভিং লাইসেন্স) এবং গাড়ির ফিটনেস সনদ নেই। আবার অনেকে বলেছে ভিন্ন কথা। এসব গাড়ি নিবন্ধন (রেজিস্ট্রেশন) করা হয় ব্যক্তিগত হিসেবে। তাই এগুলো বাণিজ্যিক পরিবহন হিসেবে চালানো সম্পূর্ণ বেআইনি। এরপরও স্থানীয় প্রশাসন অজ্ঞাত কারণে এসব গাড়ির পরিবহন সমিতিকে নিবন্ধন দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এ লাইনের একাধিক চালক জানান, এ এলাকার বিভিন্ন পথে সংশ্লিষ্ট থানার টোকেন নিয়ে এবং হাইওয়ে থানায় মাসিক চাঁদা দিয়ে গাড়ি চালানো হচ্ছে। তাই হাইওয়ে পুলিশ বা ট্রাফিক পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে ধুলো দেওয়ার জন্য দু-একটা ঠুনকো মামলা দিয়েই দায়িত্ব শেষ করেন। এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ধরনের অভিযোগ আগে কখনো পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’ দক্ষিণ চট্টগ্রামের যাত্রীরা এ পরিস্থিতির উন্নতি চান। পরিত্রাণ পেতে চান হাইস-মাইক্রোবাস সংশ্লিষ্ট লোকজনের পেতে রাখা ফাঁদ আর হয়রানি থেকে। এর জন্য প্রয়োজন সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ।