দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় পশুর বাজার সাতকানিয়ার কেরানীহাট। প্রতিবছর কোরবানির ঈদ উপলক্ষে ১৮-২০ হাজার বিভিন্ন জাতের পশু বেচাকেনা হয় এই হাটে। এবার আরও বেশি পশু বিক্রি হবে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান। গতকাল সোমবার কেরানীহাটে গিয়ে দেখা যায়, সীমিত আকারে বেচাকেনা শুরু হয়েছে। আজ-কাল বাজার পুরোদমে জমে উঠবে বলে বিক্রেতারা আশা করছেন। ব্যবসায়ীরা জানান, শনিবার থেকেই তাঁরা বিভিন্ন জায়গা থেকে ট্রাকযোগে কেরানীহাটে কোরবানির পশু আনতে শুরু করেছেন। গতকাল পর্যন্ত বাজারের আশপাশে প্রচুর গরু, মহিষ, ছাগল এনে মজুদ করেছেন বিভিন্ন ব্যবসায়ী। ঈদের আগের দিন পর্যন্ত চাহিদা অনুযায়ী আরও পশু আনা হবে বলে তাঁরা জানান।ব্যবসায়ীরা জানান, প্রতিবছর কোরবানির ঈদ উপলক্ষে কেরানীহাটে ১৮-২০ হাজার বিভিন্ন জাতের দেশি গরু-মহিষ বেচাকেনা হয়। এর মধ্যে বেশির ভাগ আসে লক্ষ্মীপুর, ভোলা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মিরপুর, গাবতলীসহ বিভিন্ন অঞ্চল থেকে। বান্দরবান ও আশপাশের উপজেলা থেকেও বেশ কিছু গরু-ছাগল নিয়ে আসেন স্থানীয় লোকজন। এ ছাড়া ভারত ও মিয়ানমার থেকে আসে তিন-চার হাজার গরু। দীর্ঘ আট বছর ধরে কেরানীহাটে গরু এনে বিক্রি করছেন নোয়াখালীর রামগতির গরু ব্যবসায়ী জামাল উদ্দীন। এ বছরও এক ট্রাক (২০টি) গরু এনেছেন তিনি। জামাল উদ্দিন জানান, কেরানীহাট পশুর বাজারে কোনো চাঁদাবাজি হয় না। অন্যান্য বাজারের চেয়ে এখানে গরুর দাম বেশি পাওয়া যায় এবং বেচাকেনাও ভালো হয়। বাজারের ইজারাদারদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাওয়া যায় বলে জানান তিনি। এদিকে বাজারে কিছু সমস্যার কথাও জানালেন ভোলা থেকে আসা ব্যবসায়ী আবদুর রহমান (৪৫) ও নোয়াখালীর কামাল বেপারি। তাঁরা জানান, দূর-দূরান্ত থেকে কষ্ট করে আসার পর বাজারে বিশ্রাম নেওয়ার এবং রাতে ঘুমানোর মতো কোনো ব্যবস্থা নেই। এ ছাড়া বাজারে গণশৌচাগার না থাকায় ব্যবসায়ীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। এদিকে পুলিশ প্রশাসন সূত্র জানিয়েছে, বাজারে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার ব্যাপারে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। শিগগিরই জাল নোট শনাক্তকরণ মেশিন বসানো হবে বলে সূত্রে জানা গেছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ হোসেন মুঠোফোনে জানান, বাজারের আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। থানা-পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। র্যাবের সদস্যরাও টহলে থাকবেন। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন পারভেজ জানান, আইনশৃঙ্খলা ও নিরাপত্তাব্যবস্থা বজায় রাখার পাশাপাশি সরকারিভাবে জাল নোট শনাক্তকরণ মেশিন পাঠানোর আশ্বাস পাওয়া গেছে। মেশিন পাওয়ার সঙ্গে সঙ্গে তা বাজারে বসানো হবে।