
শঙ্খ নদের ভাঙন থামছে না। আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের পাঁচ শতাধিক বাড়িঘর শঙ্খের পেটে তলিয়ে গেছে গত পাঁচ বছরে। নদী ভাঙন থেকে বাঁচাতে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েও কোনো প্রতিকার পাননি এলাকাবাসী। আগামী দিনগুলোতে আরও ভাঙনের আশংকায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন নদীতীরের বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, শঙ্খ নদের প্রবল স্রোতের কবলে পড়ে বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ এলাকার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাচ্ছে। গত পাঁচ বছরে এলাকার চলাচলের রাস্তা, মসজিদ ও কবরস্থানসহ পাঁচ শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। দক্ষিণ তৈলারদ্বীপের বাসিন্দা বর্গচাষী মোহাম্মদ আলী জানান, শঙ্খের ভাঙনে চার-পাঁচ বছর আগেই তাঁর বাড়িভিটা ভাঙতে শুরু করে। পাঁচ বছরে তিন দফা স্থান পরিবর্তন করে ঘর তৈরি করেছেন তিনি। গত বছর ভিটার শেষ অংশটুকুও তলিয়ে গেছে। বর্তমানে আধা কিলোমিটার দূরে এক প্রতিবেশির জায়গায় অস্থায়ীভাবে ঘর তৈরি করে স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে কোনোরকমে বসবাস করছেন। মোহাম্মদ আলী বলেন, ‘এখন নিজের কোনো জমিও নেই, কেনার মতো সামর্থ্যও নেই। চার ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে কোথায় যাব ভাবতে পারছি না।’
স্থানীয় আর এক বাসিন্দা একটি পোশাক কারখানার কর্মী মোহাম্মদ মুছা জানান, গত তিন বছরে দুই দফায় শঙ্খের ভাঙনে তাঁদের বসত বাড়িসহ ২০ শতক জমি বিলীন হয়ে গেছে। পরে তৈরি বাড়িটিও ভাঙনের মুখে। অবিলম্বে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না হলে শেষ রক্ষা হবে না।
বারখাইন ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, শঙ্খের ভাঙনে পড়ে ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীতে তলিয়ে গেলেও কারো কোনো মাথা ব্যথা নেই। এলাকাবাসীকে রক্ষার জন্য ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আপাতত ভাঙন কবলিত পাঁচ শ মিটার অংশে বেড়িবাঁধ নির্মাণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রকল্পপ্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হলেই কাজে হাত দেওয়া হবে।’