দক্ষিণ পাহাড়তলীর চার বিদ্যালয়ে শিক্ষকসংকট
দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকট চলছে। এতে প্রায় দুই হাজার শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হচ্ছে। সূত্র জানায়, এক মাস ধরে শৈলবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ দুটি, দক্ষিণ পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, ফতেয়াবাদ কে আই সোসাইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি ও জালামিয়া ফকিরতাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটিসহ মোট সাত শিক্ষকের পদ শূন্য রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, ‘২০০৯ সালের মার্চে হাটহাজারী উপজেলা শিক্ষা কার্যালয় থেকে এই চারটি বিদ্যালয়কে নগরের পাঁচলাইশ জোনে অধিভুক্তি করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’ জানা যায়, শৈলবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ছাত্র আছে ৩৫০ জন। এখানে পাঁচজন শিক্ষকের মধ্যে বর্তমানে আছেন তিনজন। এর মধ্যে মাসখানেক আগে প্রধান শিক্ষিকা জেবুন্নেসা ব্যক্তিগত কারণ অন্যত্র বদলি হয়ে যান। সহকারী শিক্ষিকা শিখা সাহা বর্তমানে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) গেলেও প্রধান শিক্ষিকার অনুরোধে সাময়িকভাবে কাজ চালাচ্ছেন। আরেকজন সহকারী শিক্ষিকা আছেন মাতৃত্বকালীন ছুটিতে। দক্ষিণ পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী আছে এক হাজার। শিক্ষকের পদ রয়েছে আটটি। প্রায় ছয় মাস ধরে দুজন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। একইভাবে ফতেয়াবাদ কেআই সোসাইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০০ শিক্ষার্থীর জন্য শিক্ষকের পদ আছে আটটি। বর্তমানে শিক্ষক আছেন ছয়জন। জালালিয়া ফকিরতাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমোদিত পাঁচ শিক্ষকের মধ্যে আছেন চারজন। শৈলবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. লোকমান বলেন, ‘ওই চারটি বিদ্যালয় যখন হাটহাজারী উপজেলা শিক্ষা কার্যালয়ের অধীনে ছিল তখন পড়ালেখার ব্যাঘাত হয়নি। শিক্ষকসংকটও তৈরি হয়নি। ভৌগোলিকভাবে চট্টগ্রাম শহর থেকে ১৮-২০ কিলোমিটার উত্তরে তথা নগরের শেষপ্রান্তে হওয়ায় এসব বিদ্যালয়ে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হলেও বেশি দিন থাকতে চান না। নানা অজুহাত দেখিয়ে নগরের অন্য এলাকার বিদ্যালয়ে বদলি হয়ে যান। দক্ষিণ পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অভিভাবক মো. সরওয়ার বলেন, ‘এই বিদ্যালয়ে শিক্ষার্থী আছে এক হাজার। আটজন শিক্ষকের মধ্যে বর্তমানে আছেন ছয়জন। এই ছয়জন শিক্ষক বাচ্চাদের পড়াশোনা করাতে হিমশিম খাচ্ছেন।’ জানতে চাইলে পাঁচলাইশ অঞ্চলের (জোন) সহকারী শিক্ষা কর্মকর্তা সেলিম হাসান বলেন, ‘বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট সমাধানের চেষ্টা চলছে।’