দক্ষিণ সুদান: সুযোগের স্বর্ণদ্বার
আগামী ৯ জুলাই বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে দক্ষিণ সুদান। গত জানুয়ারির গণভোটে দক্ষিণ সুদানের বাসিন্দারা এর স্বাধীনতার পক্ষে রায় দেন। স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের দিনটি দক্ষিণ সুদানিদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের হবে। তবে শুধু তাঁরাই নন, আশপাশের কয়েকটি দেশের মানুষেরও আনন্দিত হওয়ার কারণ আছে। কেননা দক্ষিণ সুদান স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের পর সেসব দেশের লোকজনেরও কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হবে সেখানে। আফ্রিকার অনেক দেশেই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীসহ বেকার লোকের অভাব নেই। সুদানের প্রতিবেশী কেনিয়া ও উগান্ডাও এর ব্যতিক্রম নয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি সন্তোষজনক হলেও দেশ দুটিতে জনসংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। কেনিয়ায় একজন মহিলার গড়ে সন্তানসংখ্যা চার থেকে পাঁচজন। উগান্ডার অবস্থা আরও ভয়াবহ! সেখানে গড় সন্তানের সংখ্যা সাতের কম নয়। এই দ্রুত ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে দেশ দুটির অলৌকিক মাত্রার অর্থনৈতিক প্রবৃদ্ধি দরকার। নতুন দেশ দক্ষিণ সুদান ভৌগোলিকভাবে কেনিয়া ও উগান্ডার খুব কাছে অবস্থিত। দেশ দুটির সংস্কৃতি ও ধর্মের সঙ্গেও দক্ষিণ সুদানের অনেক মিল আছে। কেনিয়া ও উগান্ডায় অনেক শিক্ষিত নারী-পুরুষ রয়েছেন। দক্ষিণ সুদানে তাঁদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। নতুন এই দেশটি তার উন্নয়নকাজে ব্যয়ের জন্য তেল সম্পদ থেকে ভালো অঙ্কের রাজস্ব পাবে। দক্ষিণ সুদানে অনেক নতুন উন্নয়নকাজ হবে। কারণ এখানে পাকা রাস্তাঘাট, ব্যাংক, হোটেল বা সরকারি ভবন নেই বললেই চলে। অনেক কিছুই কমবেশি প্রায় শূন্য থেকে গড়ে তুলতে হবে। ২০০৫ সালের শান্তিচুক্তির পর গত ছয় বছরে এখানে হাতেগোনা স্কুল ও হাসপাতাল তৈরি করা হয়েছে। শান্তিচুক্তির আগে ২০ বছর ধরে চলা গৃহযুদ্ধে সেখানকার অধিকাংশ অবকাঠামো বিধ্বস্ত হয়েছে।দক্ষিণ সুদানে শিক্ষার হার খুবই কম। এখানকার স্কুলগুলোয় এরই মধ্যে কেনিয়া ও উগান্ডার শিক্ষকেরা কাজ করছেন। দক্ষিণ সুদানের হাজার হাজার শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য পড়াশোনা করতে উগান্ডা ও কেনিয়ায় যাবেন বলে মনে করা হচ্ছে। উত্তর সুদানের স্কুল-কলেজ বা ইউরোপ-আমেরিকায় শিক্ষা নিয়েছেন ও নুতন রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো চালাতে সক্ষম—এমন মানুষের সংখ্যা দক্ষিণ সুদানে খুবই কম। আর তাই নতুন একটি রাষ্ট্র পরিচালনার জন্য যে দক্ষ জনশক্তির প্রয়োজন হবে, তার সিংহভাগই দক্ষিণ সুদানকে আনতে হবে কেনিয়া ও উগান্ডা থেকে।দক্ষিণ সুদানে শিল্পকারখানা নেই বললেই চলে। তাই এখানকার মানুষের জন্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী সামনের বেশ কয়েক বছর হয়তো প্রতিবেশী ওই দুই দেশ থেকেই আনা হবে। প্রায় পড়ে পাওয়া এই সুবিধার কথা আঁচ করতে পেরে দক্ষিণ সুদানের সম্ভাব্য ভাবী রাজধানী জুবাতে কেনিয়ার কয়েকটি ব্যাংক ইতিমধ্যেই শাখা খুলেছে। কেনিয়া ও উগান্ডা নিজেরাও লাভবান হবে বলে নতুন প্রতিবেশীর সহযোগিতায় এগিয়ে যাবে তারা। একই দেশের ভেতরে হলেও উত্তর ও দক্ষিণ সুদানের মধ্যকার প্রাকৃতিক পার্থক্যটা মহাকাশ থেকেও চোখে পড়ে। কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা যায়, নীলনদের লাগোয়া কিছু এলাকা ছাড়া উত্তর সুদানের অবশিষ্ট জায়গা উষর মরুতে পরিপূর্ণ, কিন্তু দক্ষিণ সুদানে সবুজের বিশাল সমারোহ। সেখানে আছে দিগন্ত বিস্তৃত তৃণভূমি, জলা আর নিরক্ষীয় বন।উত্তর সুদানের অধিবাসীরা মূলত আরবিভাষী মুসলমান কিন্তু দক্ষিণ সুদানে একক কোনো সংস্কৃতি বা গোষ্ঠী নেই। এখানে ২০০টির বেশি জাতিগত গোষ্ঠী রয়েছে, যারা নানা ঐতিহ্যগত ধর্মবিশ্বাসের অনুসারী। তাদের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি। দুই অংশের মধ্যে বৈষম্য কত প্রকট ছিল তা একটি তথ্য থেকেই স্পষ্ট হবে। দক্ষিণ সুদানে প্রতি ১০ জনের মধ্যে একজন শিশু বয়স এক বছর হওয়ার আগেই মারা যায়। কিন্তু উত্তরের সমৃদ্ধতর প্রদেশগুলোতে এসব শিশুর অর্ধেকের বেশি বেঁচে যাবে। খাবার পানির সুযোগ-সুবিধার মধ্যেও বেশ পার্থক্য আছে এ দুই অঞ্চলের মধ্যে। উত্তর সুদানের খার্তুম, রিভার নাইল ও গেজিরা প্রদেশে দুই-তৃতীয়াংশ মানুষ পাইপের মাধ্যমে সরবরাহ করা পানি ও স্বাস্থ্যকর পায়খানার সুবিধা পায়। অন্যদিকে ডোবা-নালা ও অনিরাপদ কুয়া হচ্ছে দক্ষিণ সুদানের পানীয় জলের মূল উৎস। এ অঞ্চলের ৮০ শতাংশের বেশি মানুষের কোনো টয়লেটই নেই। দক্ষিণে মাত্র এক শতাংশ শিশু প্রাথমিক শিক্ষা শেষ করতে পারে। উত্তরে এর হার ৫০ শতাংশের বেশি। উত্তর সুদানে খাদ্যের অভাব না থাকলেও দক্ষিণ সুদান এখনো খাদ্যের জন্য বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল। সুদান প্রতিবছর শত শত কোটি ডলারের জ্বালানি তেল রপ্তানি করে। এ অর্থের মাত্র ৫০ শতাংশ পায় দক্ষিণ সুদান। অথচ এ তেলের ৮০ শতাংশ মজুদ দক্ষিণে। ওমর ফারুক, বিবিসি থেকে