দক্ষিণ হাটহাজারীতে চুরি-ছিনতাই বেড়েছে
দক্ষিণ হাটহাজারীর মধ্যম মাদার্শা ও বজ্জোর দীঘি এলাকায় এক মাসে পাঁচটি ছিনতাই ও চারটি চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও থানা পুলিশকে লিখিতভাবে জানিয়েছে স্থানীয় লোকজন। এ ছাড়া এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে। দক্ষিণ মাদার্শা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদ বোর্ডের আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে বজ্জোর দীঘি ও মধ্যম মাদার্শা এলাকার চুরি ও ছিনতাই-সংক্রান্ত বিষয়টি আলোচনা করা হয়েছে। এ ব্যাপারে ইউপি থেকেই থানা পুলিশকে লিখিতভাবে জানাব।’ জানা যায়, ৮ আগস্ট রাত ১১টায় চৌধুরীহাট থেকে দাতারাম সড়ক হয়ে মধ্যম মাদার্শার বাসায় ফেরার পথে বজ্জোর দীঘি এলাকায় ছিনতাইয়ের শিকার হন মাহবুবুুল আলম। ছিনতাইকারীরা তাঁকে মারধর করে মুঠোফোন, ক্রেডিট কার্ড ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। একই স্থানে ৯ আগস্ট মধ্যম মাদার্শার শিকদারপাড়ার মো. সোলায়মান, ১১ আগস্ট মোহাম্মদ মুছা ও গত ৩১ জুলাই আবু সওদাগর বাড়ির আবদুল মান্নান ও সিএনজিচালিত অটোরিকশার চালক নুরুল ইসলামও ছিনতাইয়ের শিকার হন। এ ছাড়া মধ্যম মাদার্শা এলাকায় গত এক মাসে চারটি চুরির ঘটনায় ১০টি গরু চুরি হয়েছে। গরু চুরির ঘটনায় ১০ আগস্ট হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।গরু চুরির ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম বলেন, ‘পুলিশ ফোর্স প্রতিরাতেই এলাকায় টহল দিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথাটা অবাস্তব।’