দখল ও দূষণমুক্ত হোক আসকারদীঘি
নগরের ঐতিহ্যবাহী আসকারদীঘি দখল ও দূষণমুক্ত করে এটিকে নাগরিকদের বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক—চট্টগ্রামের মানুষের দাবি এটাই। গত ৭ জুন ‘আলোকিত চট্টগ্রামে’ আসকারদীঘি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর চট্টগ্রামের বিভিন্ন স্তরের নাগরিক এ ব্যাপারে তাঁদের মতামত আমাদের জানিয়েছেন। আজ কয়েকজন জ্যেষ্ঠ নাগরিকের মতামত ছাপা হলো। গ্রন্থনা করেছেন এমিলিয়া খানম ও অনিন্দিতা দেবনাথ দীঘির হারানো সৌন্দর্য ফিরিয়ে আনা দরকার —অনুপম সেন সমাজবিজ্ঞানীবাল্যকালে আসকারদীঘি নিয়ে আমার অনেক স্মৃতি। কৈশোরে এ দীঘির পানিতে কত সাঁতার কেটেছি, এপাড়-ওপাড় করেছি। দীঘিটা তখন অসম্ভব সুন্দর ছিল। এর প্রাকৃতিক দৃশ্যও ছিল চমৎকার। তিন-চার দশক ধরে দীঘির পাড় দখল হওয়ায় এর সৌন্দর্য একেবারে নষ্ট হয়ে গেছে। উত্তর পাড়ে আসবাবের দোকান আর পূর্ব পাড়ে গড়ে উঠেছে বস্তি। দীঘির পানিও নষ্ট হয়ে গেছে। এগুলো অমার্জনীয় অপরাধ। অন্যান্য দেশে হলে এ রকম দীঘিকে সুন্দর করে সাজিয়ে দর্শনীয় স্থানের মর্যাদা দেওয়া হতো। বস্তিগুলো উচ্ছেদ করে দীঘির পাড়ে কিছু বেঞ্চ বসানো এবং দীঘির চারপাশ বাঁধাই করে বিনোদনের ব্যবস্থা করা হলে সাধারণ মানুষ নিঃশ্বাস ফেলার একটা জায়গা পাবে। নগরের মানুষের কল্যাণের জন্যই এ দীঘির হারানো সৌন্দর্য ফিরিয়ে আনার ব্যাপারে সিটি করপোরেশন, সিডিএসহ সংশ্লিষ্ট সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি। পরিবেশ অধিদপ্তর তো কুম্ভকর্ণের ঘুম ঘুমোচ্ছে —শাহ আলম রাজনীতিকআসকারদীঘির পাড়ে পার্ক করার বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) একটা মাস্টার প্ল্যান ছিল ১৯৬২ সালে। এখনো এ পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব, সে প্ল্যান বাস্তবায়িত হওয়া দরকার। ইদানীং আসকারদীঘির পুরো অংশটাই কচুরিপানায় ভরে গেছে। পরিবেশ অধিদপ্তর তো কুম্ভকর্ণের ঘুম ঘুমোচ্ছে। তাদের এ ঘুম না ভাঙালে ঐতিহ্যবাহী এ দীঘি দ্রুত শেষ হয়ে যাবে। ভূমিদস্যুদের দিয়ে এ দীঘি ভরিয়ে প্লট হিসেবে বিক্রি করা হবে। সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরের উচিত এদিকে নজর দেওয়া। বিনোদন কেন্দ্রের কথা বললে বলতে হয়, শহরে মানুষের বেড়ানোর জন্য উন্মুক্ত স্থান তেমন নেই। ছেলেমেয়েদেরও খেলার জায়গা নেই। আসকারদীঘিকে কেন্দ্র করে বিনোদন পার্ক, পর্যটকদের জন্য দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র নির্মাণ করা যেতে পারে। এতে জনসাধারণের অবসর কাটানোর একটা সুযোগ তৈরি হবে। এসব করা হলে আমাদের ঐতিহ্যের স্মারক এই দীঘি রক্ষা পাবে এবং নতুন প্রজন্মও এটিকে তাদের সত্তায় লালন করবে। এ ব্যাপারে সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে আসা দরকার। সংশ্লিষ্ট সব সংস্থার উচিত, আসকারদীঘিকে দখলমুক্ত করে এর সৌন্দর্যবর্ধনের জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া এবং একে বিনোদন পার্কে রূপান্তর করা। দীঘি ধরে রেখেই সব রকম অর্থনৈতিক কর্মকাণ্ডও সম্ভব —জেরিন হোসেন, স্থপতিশহরটা যেভাবে উন্নয়নের নামে দখলের কবলে পড়ছে, তাতে আমরা হতাশ। আর আসকারদীঘি তো শুধু একটা সাধারণ দীঘি নয়, এর সঙ্গে মিশে রয়েছে আমাদের ইতিহাস-ঐতিহ্য। একটি নগরের যদি এ রকম সব ইতিহাস-ঐতিহ্য আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, তাহলে পর্যটকেরা কেন আসবে সেই শহরে! যেকোনো শহরের জন্য জলাশয়ের প্রয়োজন। কিন্তু ধীরে ধীরে জলাশয়গুলো যেভাবে দখল হয়ে চলেছে, তা আমাদের পরিবেশের জন্য হুমকিস্বরূপ। কর্তৃপক্ষের উচিত এ ব্যাপারে নজর দেওয়া। অথচ দীঘিটা ধরে রেখেই ওই জায়গায় সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডও সম্ভব। দীঘির চারপাশ ঘিরে যদি একটি পার্ক গড়ে ওঠে, তাহলে নগরবাসীও একটা পরিবেশ পাবে স্বস্তির নিঃশ্বাস ফেলার। তবে দুঃখের বিষয়, আমদের নগর পরিকল্পনা ও তার বাস্তবায়ন চলে অত্যন্ত ধীরগতিতে। যেভাবেই হোক, আসকারদীঘির মতো ঐতিহ্যমণ্ডিত জায়গাগুলো ধরে রাখতে হবে।পদক্ষেপ নিতে পারেন জেলা প্রশাসক—বিজয়কুমার চৌধুরী, কাউন্সিলর, জামালখান ওয়ার্ডএটা খুবই আশঙ্কার বিষয় যে নগরের এই ঐতিহ্যবাহী দীঘিটি ভরাট হয়ে যাচ্ছে। পাশাপাশি অস্বাস্থ্যকর হয়ে উঠছে আশপাশের পরিবেশ। অনেক দিন আগে সিটি করপোরেশন দিঘিটি পরিষ্কার করেছিল। কিন্তু দীঘিটি ব্যক্তিমালিকানাধীন হওয়ায় আমাদের আসলে তেমন কিছু করার নেই। এ ব্যাপারে পদক্ষেপ নিতে পারেন জেলা প্রশাসক। সিটি করপোরেশন থেকে জেলা প্রশাসককে বলা হয়েছে। এমনকি পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদও এ ব্যাপারে জেলা প্রশাসককে বলেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।