দখলে দূষণে বিপর্যস্ত ভেলুয়ার দীঘি
দখল ও দূষণের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে ঐতিহ্যবাহী ভেলুয়ার দীঘি। কিংবদন্তির ভেলুয়া সুন্দরী ও চাঁদ সওদাগরের স্মৃতিজড়িত রেলওয়ের মালিকানাধীন দীঘিটি এখন শ্রীহীন হয়ে পড়েছে কিছু মানুষের লোভ-লালসার কারণে। দীঘির চার পাড়ের বেশির ভাগই ইতিমধ্যে বেদখল হয়ে গেছে। গড়ে তোলা হয়েছে দোকান, বিভিন্ন গুদাম ও বস্তিঘর। এসব স্থাপনা ও বস্তির লোকজন প্রতিনিয়ত ময়লা-আবর্জনা ফেলে দূষিত করছে দীঘির পানি। সরেজমিনে দেখা যায়, দিঘির উত্তর-পূর্ব ও পশ্চিম পাড় দখল করে গড়ে উঠেছে বিশাল বস্তি। বস্তিতে ঘর আছে পাঁচ শতাধিক। দক্ষিণ পাড় দখল করে নির্মিত হয়েছে দোকান ও গুদাম। বস্তির অর্ধশতাধিক খোলা পায়খানার বর্জ্যও সরাসরি পড়ছে দীঘির পানিতে। দীঘিটি রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসকারী স্বপন সাধু বলেন, ‘প্রতিদিন ময়লা-আবর্জনা ফেলার কারণে দীঘির পানি দূষিত হচ্ছে। দূষণের হাত থেকে রক্ষা করার জন্য কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।’ভেলুয়ার দীঘির আয়তন ১৩ দশমিক ০২ একর। রেলওয়ের মোকদ্দমা পরিদর্শক আল মাহমুদ জানান, ভেলুয়ার দীঘির রক্ষণাবেক্ষণ করেন জেলা স্কাউট কমিশনার। বর্তমানে দীঘির বন্দোবস্ত (লিজ) সংক্রান্ত একটি মামলা বিচারাধীন আছে। এ ছাড়া, ২০১০ সালের জুনে জেলা স্কাউটস কমিশনার রেলওয়ের মহাপরিচালকের কাছে দীঘির লাইসেন্স (অনুমতিপত্র) নবায়নের আবেদন জানিয়েছেন স্কাউট কমিশনার। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।