দখিনা বাতাসে খেতে খেতে...
বাড়ির দখিনা বাতাস গায়ে মেখে কাছারিঘরে বসে খাবার খাওয়া। তপ্ত দুপুর, মিষ্টি বিকেল বা রাতে আম, জাম আর কদমফুলে ঢাকা বাগানের ছায়ায় বসে খেয়েছেন? ভরা জ্যোৎস্নার আলো গায়ে মাখতে মাখতে বার-বি-কিউ পার্টি হলে মন্দ হতো না নিশ্চয়ই! ভাবছেন ঢাকা শহরে বসে এ মজা পাওয়া সম্ভব নয়। মোটেও না, দি এনট্রান্সে এসেই দেখুন না!রাজধানীর বিজয় সরণির সামরিক জাদুঘরের কোল ঘেঁষে গড়ে উঠেছে ‘দি এনট্রান্স রেস্টুরেন্ট’। আর এখানেই খেতে বসে পাবেন মফস্বল শহরের আবহ। খোলামেলা পরিবেশ আর মজাদার সব খাবারের কারণে এরই মধ্যে ভোজনরসিকদের কাছে জনপ্রিয় নাম হয়ে উঠেছে এনট্রান্স। রেস্টুরেন্টের তিন দিকের খোলা বারান্দার প্রাকৃতিক বাতাস, জাদুঘরের মাঠের কামান, জাহাজ ইত্যাদি দেখতে দেখতে খাবার খেতে আর ভেতরে যেতে ইচ্ছা করবে না আপনার। এ ছাড়া দক্ষিণ পাশের খোলা মাঠের পাশ ধরে গাছগাছালি আর পাখির কলকাকলিতে মনে হবে গ্রামের বাড়িতে খেতে বসেছেন। এক পাশে স্তূপাকার খড়ের গাদার পাশেই আছে ছোট্ট শণের কাছারিঘর। পাটের তৈরি শিকায় ঝুলছে রঙিন হাঁড়ি। সন্ধ্যায় সবুজ দূর্বাঘাসে শিশির জড়াতে পারেন পায়ে। এনট্রান্সের অপারেশন ডিরেক্টর সামসুদ্দীন লাভলু জানান, ‘চাইলে এখানে যে কেউ পার্টির আয়োজন করতে পারে। করপোরেট মিট বা সভা-সেমিনারও আয়োজন করা যাবে। একসঙ্গে ২৫০ থেকে ৩০০ জনের আয়োজন করা যাবে।’ ফাস্ট ফুড, কাবাব আর থাই ফুডের স্পেশাল সব খাবার মিলবে এখানে। রেস্টুরেন্টের অপারেশন ম্যানেজার জানিবুল হাসান বলেন, ‘আমাদের এখানে কাবাব তৈরি হয় বিশেষভাবে। নানা ধরনের কাবাব আছে।’ তাঁর কাছ থেকেই জানা যায়, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে এ রেস্টুরেন্ট। ফাস্ট ফুড আইটেমের মধ্যে এখানে পাবেন ফ্রাইড চিকেন ১৯০ থেকে ৪২০ টাকায়, চিকেন বার্গার ১৫০ থেকে ১৭৫, স্ন্যাকসের ভেতরে চিকেন নাগেটস ২০০, চিকেন স্ট্রিপস ১৬০ ও চিকেন উইংস ১৭০ টাকায়। কাবাবের স্বাদ নিতে চাইলে পছন্দ করে অর্ডার দিতে হবে। চিকেন তন্দুরি ২৪০ থেকে ৭২০ টাকা, বার-বি-কিউ চিকেন ২৪০ থেকে ৭২০, চিকেন বটি ২৪০, চিকেন রেশমি কাবাব ২৪০ ও চিকেন সাসলিক ২৪০ টাকায় পাওয়া যাবে। বিফ শিক কাবাব ২৩০ ও বিফ স্টেক ৩৫০ টাকা। আছে মাছের তৈরি কাবাব ফিশ টিক্কা এবং ফিশ ফিলে কাবাব পাবেন ২৪০ ও ২৩০ টাকায়। পাবেন ফ্রাইড রাইস, সবজি, থাই ফ্রাইড চিকেন, মাসালা চিকেন ইত্যাদি খাবারও। সঙ্গে মজাদার সব সালাদের আইটেম। আছে ডেজার্ট, কোল্ড কফি, সল্ট ও সুইট লাচ্ছি, আইসক্রিম। এ ছাড়া মৌসুমি ফলের রসও মিলবে এ রেস্টুরেন্টে। রসুই ঘর থেকেচিকেন সাসলিক কাবাবউপকরণ: হাড়ছাড়া মুরগির মাংস ১৫০ গ্রাম, টমেটো দুটি, ক্যাপসিকাম একটি, পেঁয়াজ, সস, লবণ, স্বাদ লবণ, সয়াসস, লেবুর রস, ধনে ও জিরা গুঁড়া, দারচিনি গুঁড়া, আদা-রসুন বাটা সব পরিমাণমতো। প্রণালি: মাংস ধুয়ে কিউব করে কেটে নিন। এবার ওপরের সব মসলার উপকরণ দিয়ে মাংস ভালো করে মাখুন এবং ৩০ মিনিট বাইরে রেখে দিন। এবার ফ্রিজে ঢুকিয়ে আবার ৩০ মিনিট রাখুন। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কিউব করে কাটুন। এবার কাঠিতে এক টুকরা মাংস, টমেটো এক টুকরা, ক্যাপসিকাম এক টুকরা করে সাজান। সাজানো কাঠিটি হট প্লেট বা গ্রিল মেশিনে পাঁচ মিনিট পোড়ান। এবার বের করে নিয়ে নান রুটি আর সালাদ দিয়ে সাজিয়ে পরিবেশন।