দড়ি টানা নৌকায় পারাপার, দুর্ভোগ

নির্বাচন এলেই প্রার্থী ও নেতাদের প্রতিশ্রুতি: আর খেয়াঘাট থাকবে না, নদীর ওপর সেতু নির্মাণ হবেই। নির্বাচনের পর আর কেউ খবর নেয় না। টানা নৌকায় নদী পারাপারের দুর্ভোগ রয়েই গেল। ফেনীর সোনাগাজীর চর মজলিশপুরের মিয়াজিরঘাটে ছোট ফেনী নদী পাড়ি দিতে এই কষ্ট আশপাশের চার ইউনিয়নের মানুষের।
সরেজমিনে দেখা গেছে, এপারে সোনাগাজী উপজেলা সদর এবং ওপারে দাগনভূঞা যেতে দড়ি টানা নৌকা ছাড়া কোনো বিকল্প নেই। ঘাটে সিঁড়ি না থাকায় যাত্রীদের নৌকায় উঠতে হচ্ছে ঝুঁকি নিয়ে। এদিক-ওদিক হলে পা পিছলে পড়তে হবে পানিতে। পারাপারে জনপ্রতি ভাড়া নেওয়া হচ্ছে পাঁচ টাকা।
চর মজলিশপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধ আবু আহম্মদ বলেন, জাতীয় ও স্থানীয় পর্যায়ের সব নির্বাচনেই প্রার্থীরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু সেতু আর হয় না।
জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনের সঙ্গে আলাপে জানা যায়, চর মজলিশপুর ইউনিয়নের বদরপুর, মজলিশপুর, কাটাখিলা ও চর লক্ষ্মীগঞ্জ, মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর ও রামানন্দপুর, দাগনভূঞা সদর ইউনিয়নের জগৎপুর এবং বোগাদানা ইউনিয়নের পাইকপাড়া, আলমপুর, মান্দারি ও আউরার হিল গ্রামের হাজারো মানুষকে চলাচল করতে হয় মিয়াজির ঘাট হয়ে।
সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম বলেন, বর্তমানে সোনাগাজী থেকে ফেনী হয়ে দাগনভূঞা যেতে ৩৫ কিলোমিটার পথ পেরোতে হয়। এতে সময় এবং যাতায়াত ভাড়া দুটোই বেিশ লাগে। মিয়াজির ঘাটে সেতু হলে ১৩ কিলোমিটার পথ কমে যাবে। এ ছাড়া সেখানে সেতু হলে ফেনীসহ বৃহত্তর নোয়াখালীর লাখো মানুষের উপকার হবে।
এ প্রসঙ্গে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক জানান, বছর দুই আগে দাগনভূঞা উপজেলার এয়াকুবপুর ইউনিয়নের দেবরাপুর গ্রামের বাসিন্দা আবদুল হাই মিয়ািজর ঘাটে সেতু নির্মাণের জন্য বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে লিখিত আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সেতুমন্ত্রী একটি প্রকল্প তৈরি করে পেশ করতে বলেন। ফেনী সড়ক বিভাগ যাবতীয় কাজ সেরে প্রায় ৯৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের জন্য প্রায় ১৫ কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে পাঠায়। কিন্তু বাদ সাধে অভ্যন্তরীণ নৌপরিবহন অধিদপ্তর (আইডব্লিউটিএ)। কারণ, সেতু হলে নৌচলাচলে অসুবিধা হবে বলে জানায় তারা। অবশ্য এ নদীর ভাটিতে মুছাপুর এলাকায় স্লুইসগেট থাকায় সেতু নির্মাণে অনাপত্তির প্রয়োজন নেই। গত সেপ্টেম্বর মাসে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিষয়টি আলোচনা হয়। গত ১৮ ডিসেম্বর আইডব্লিউটিএর একজন যুগ্ম পরিচালক পর্যায়ের কর্মকর্তা সরেজমিনে ওই খেয়াঘাট এলাকা পরিদর্শন করে সেতু নির্মাণে কোনো সমস্যা নেই বলে জানান।
নির্বাহী প্রকৌশলী বলেন, এখন ফেনী সওজ বিভাগ থেকে এই প্রকল্প সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় হয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে যাবে। পরিকল্পনামন্ত্রীর অনুমোদন পাওয়া গেলে সড়ক বিভাগ সেতুটির দরপত্রপ্রক্রিয়া শুরু করবে।