দণ্ড কার্যকরের প্রতীক্ষায় স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের অটোরিকশাচালক রেজাউল করিম ওরফে আজিজ খুনের ঘটনায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি মোহাম্মদ শহীদুল্লাহ ও সাইফুল ইসলাম রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন। গত ফেব্রয়ারি মাসে এই আবেদন করা হলেও এখনো কোনো নির্দেশনা আসেনি কারাগার কর্তৃপক্ষের কাছে।
১৪ বছর আগে ফটিকছড়িতে খুন হওয়া আজিজের স্বজনেরা এখন দুই আসামির দণ্ড কার্যকরের অপেক্ষায় আছেন। নিহত ব্যক্তির ছোট ভাই এবং মামলার বাদী মিয়াধন জানান, মিরসরাই থেকে ফটিকছড়ির দাঁতমারায় নিয়ে গিয়ে তাঁর ভাইকে হত্যা করেন আসামিরা। এখন তাঁর পরিবার আসামিদের দণ্ড কার্যকরের প্রতীক্ষায় আছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন চট্টগ্রাম কারাগারে থাকা ফাঁসির দুই আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন। প্রাণভিক্ষা না পেলে দুই আসামির ফাঁসি কার্যকর করা হবে। তবে এখনো কোনো আদেশ পাওয়া যায়নি।
কারাগার কর্তৃপক্ষ জানায়, দুই ফাঁসির আসামি তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ শহীদুল্লাহ ও জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।
২০০৪ সালের ২০ মে ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালক রেজাউল করিম আজিজের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই মিয়াধন বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ শহীদুল্লাহ, সাইফুল ইসলাম ও মীর হোসেন নামের তিন আসামিকে গ্রেপ্তার করে। এর মধ্যে ঘটনার দায় স্বীকার করে শহীদুল্লাহ ও সাইফুল ইসলাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরের বছরের ২৯ নভেম্বর তৎকালীন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুর রহমান পাটোয়ারী এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে শহীদুল্লাহ ও সাইফুল ইসলামকে ফাঁসি এবং মীর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এ রায়ের বিরুদ্ধে কারাগারে আটক শহীদুল্লাহ ও সাইফুল ইসলাম হাইকোর্টে আপিল করেন। ২০১১ সালের ৩১ জানুয়ারি হাইকোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ দস্তগীর হোসাইন ও ভবানী প্রসাদ সিংহ নিম্ন আদালতের দেওয়া রায় বহাল রাখেন। এ আদেশের বিরুদ্ধে দুই আসামি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন।
গত বছরের ৭ এপ্রিল নাজমুন আরা সুলতানা, মোহাম্মদ ইমান আলী, আনোয়ারুল হক ও হাসান ফয়েজ সিদ্দিকীকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ ডেথ রেফারেন্স বহাল রাখেন।