দণ্ড মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন অভিযুক্ত ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাসের কারাদণ্ডের আদেশ মাথায় নিয়ে এবং পাওনাদারের টাকা আদায় না করে পালিয়ে বেড়াচ্ছেন মো. রোকনুজ্জামান নামের এক ব্যবসায়ী। তিনি ঢাকার বনানীর একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বলে জানা গেছে।
রোকনুজ্জামানের বিরুদ্ধে মামলার বাদী কক্সবাজারের ব্যবসায়ী মনির আহমদ দাবি করেন, তিনি (রোকনুজ্জামান) কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে মাছের ব্যবসা চালাচ্ছেন। অন্যদিকে, পুলিশের দাবি, রোকনুজ্জামানকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ, কিন্তু পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মনির আহমদের সঙ্গে রোকনুজ্জামানের মাছের ব্যবসা ছিল। ২০০৮ সালে পাওনা পরিশোধ বাবদ রোকনুজ্জামান মনির আহমদকে ২৬ লাখ টাকার একটি চেক দেন। কিন্তু চেকটি সংশ্লিষ্ট ব্যাংক থেকে একাধিকবার ফেরত (ডিজ-অনার) দেওয়া হয়। এ ব্যাপারে মনির ২০০৯ সালের ১৩ জানুয়ারি কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রোকনুজ্জামানের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেন। ২০১২ সালের ৩ অক্টোবর জেলা যুগ্ম দায়রা জজ রোকনুজ্জামানের বিরুদ্ধে ছয় মাসের কারাদণ্ড এবং ২৬ লাখ টাকা জরিমানার আদেশ দেন। কিন্তু এখনো সেই টাকা আদায় হয়নি।
মামলার রায়ে রোকনুজ্জামানকে পলাতক দেখানো হয় এবং গ্রেপ্তার হওয়ার দিন থেকে তাঁর শাস্তির মেয়াদ শুরু হবে বলে উল্লেখ করা হয়। সূত্র জানায়, গ্রেপ্তার এড়াতে রোকনুজ্জামান পালিয়ে বেড়াচ্ছেন। তিনি যাতে বিদেশে পাড়ি দিতে না পারেন, সে জন্য সব বিমানবন্দরে তাঁর পাসপোর্টসহ (নম্বর-০২৬৭৯৮৪) মামলার তথ্যাদি সরবরাহ করা হয়েছে। জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, রোকনুজ্জামানকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। কিন্তু পাওয়া যায়নি। রোকনুজ্জামানের মুঠোফোনটিও বন্ধ রয়েছে।