দণ্ডকারণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দণ্ডকারণ্যে যাওয়ার খবর শুনে কলকাতার বিবিসির সংবাদদাতা অমিতাভ ভট্টশালী আমাকে সতর্ক করেছিলেন। কারণ এলাকাটি মাওবাদী অধ্যুষিত। দণ্ডকারণ্যে যাওয়ার জন্য ছয় মাস ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম। স্কুলজীবনে দণ্ডকারণ্যের কথা শোনার পর থেকেই দণ্ডকারণ্যে যাওয়ার তীব্র বাসনা জাগে। সেখানে জঙ্গলে বাস করে বাঙালিরা, প্রতিনিয়ত সংগ্রাম করে বাঁচে। ওখানে পানি মেলে না, খাদ্য মেলে না। বাঙালিরা ভুলেও গেছে তাদের বাংলা ভাষা। তাই অনেকটা সাহস করেই সিদ্ধান্ত নিয়ে ফেলি—না, যেতেই হবে আমাকে, দেখতে হবে দণ্ডকারণ্য।অবশেষে সত্যি সত্যি একদিন চড়ে বসি ট্রেনে। কলকাতা-মুম্বাইগামী লোকমান্য তিলক এক্সপ্রেসে। বিকেল তিনটায় হাওড়ার শালিমার স্টেশন থেকে ট্রেনে ওঠি। সঙ্গে আমাদের চিত্রগ্রাহক ভাস্কর মুখার্জি। রাত ১০টায় আমরা পৌঁছে যাই বিহারের চক্রধরপুর রেলস্টেশনে। এখানে ট্রেনটির পাঁচ মিনিট দাঁড়ানোর কথা। কিন্তু ওই পাঁচ মিনিট অতিবাহিত হওয়ার আগে স্টেশন থেকে মাইকে ঘোষণা দেওয়া হয়, সকালের আগে আর ট্রেন ছাড়বে না। মাওবাদীদের হামলার আশঙ্কায় এই পথে রাত ১০টা থেকে ভোর চারটা পর্যন্ত সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়, তাই মাওবাদী-প্রভাবিত এই পথে রাতে ট্রেন চলে না। অগত্যা রাত ১০টা থেকে ভোর চারটা পর্যন্ত ট্রেনের মধ্যেই অপেক্ষা। ভোর চারটায় ছাড়ল ট্রেন। সাড়ে ছয়টায় আমাদের ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে পৌঁছানোর কথা থাকলেও ট্রেনটি পৌঁছাল দুপুর দেড়টায়। এরপর রায়পুর রেলস্টেশনের কাছে বাসস্ট্যান্ডে গিয়ে বস্তারের জেলা সদর জগদলপুরের বাসের টিকিট কেটে আমরা উঠে পড়ি মহেন্দ্র পরিবহনের বাসে। এখান থেকে আট ঘণ্টার পথ জগদলপুর জেলা শহর। কিন্তু রাত বেশি হবে, এটা ভেবে আমরা সাড়ে ছয় ঘণ্টার পথ কোন্ডারগাঁও নেমে পড়ি। পরের দিন সকালে আমরা চলে যাই ধানপুরিতে। ছত্তিশগড়ের একটি এলাকা, উদ্বাস্তুদের বাস এখানে। এখানে কথাও বলি বেশ কয়েকজন উদ্বাস্তুর সঙ্গে। সঙ্গী পেয়ে যাই শিবু সাহাকে। তরুণ যুবক। ভালো মোটরসাইকেল চালায়। ও হয়ে যায় আমাদের গাইড। ও চেনে দণ্ডকারণ্য, বস্তার জঙ্গলের পথ; উদ্বাস্তুদের ঠিকানা।বাঙালিনামাঠিক হয়, উদ্বাস্তুদের শহর ওমরকোট যাওয়ার পথে দেখে নেব চিত্রকুট। এই চিত্রকুটে রাম-লক্ষ্মণ বনবাসজীবন কাটানোর সময় এসেছিলেন। এখনো সেখানে মন্দির আছে। রামের পায়ের ছাপ আছে। আর চিত্রকুটের প্রধান আকর্ষণ জলপ্রপাত। বিশাল জলরাশি নামছে নদী আর পাহাড় থেকে। পর্যটকদের আকর্ষণের অন্যতম একটি পর্যটনকেন্দ্র ছত্তিশগড়। আমরা ঘুম থেকে উঠে ছুটলাম চিত্রকুটের পথে, জঙ্গলের মধ্য দিয়ে। দেখলাম, জলপ্রপাত ভারতের নায়াগ্রাকে। অপূর্ব! এরপর ফের ধানপুরি হয়ে চললাম বস্তারের জঙ্গলপথে ওড়িশার ওমরকোটে। ওমরকোট একটি মহকুমা শহর। চলেছি ঘন অরণ্য, বস্তারের সেই ঐতিহাসিক জঙ্গলের মধ্য দিয়ে। পথের দুই ধারে জঙ্গল, দূরে পাহাড়। বনের মধ্যে চোখে পড়ল আদিবাসীদের ছোট্ট বাড়ি, কাঠ আর টালির ছাউনি দিয়ে তৈরি। হঠাৎ চোখে পড়ে গ্রামের একটি হাট। শিবু জানাল, এটা আদিবাসীদের হাট। হাটের সব ক্রেতা-বিক্রেতা আদিবাসী। মেয়েরা হাঁটুর ওপর কাপড় পরে। অধিকাংশই ব্লাউজ পরে না। আদিবাসীদের হাট ছেড়ে আবার জঙ্গলের পথে পা বাড়ালাম। কিছু দূর আসার পর দেখি, রাস্তার পাশে একটি সারের দোকান। দোকানের মালিক শুদ্ধ হিন্দিতেই কথা বলছিলেন। বাংলায় বললাম, দাদা, আপনি কি বাঙালি? এর পরই দোকানদার কী যেন কী ভেবে উত্তর দিলেন, হ্যাঁ, তিনি বাঙালি। বললাম, আমরা আপনাদের কথা জানতে এসেছি, কেমন আছেন আপনারা এখন? কথা শুনে স্তম্ভিত হয়ে যান দোকানদার নেপাল দাস। পাল্টা প্রশ্ন করেন, ‘আপনারা কি গোয়েন্দা?’ বললাম, না। কিছু সময় কথা বলার পর নেপাল দাস আমাদের তাঁর বিশ্বাসস্থলে ঠাঁই দেন। নেপাল দাস বললেন, ‘আমরাও উদ্বাস্তু। বাড়ি ছিল খুলনার আশাশুনিতে।’ কাছেই ওড়িশার রায়গাড়ার গুরুসিঙ্গায় তাঁদের বাড়ি। এখানে এসেছেন ব্যবসার জন্য। জায়গা কিনে দোকান আর বাড়ি করেছেন। পেছনে ছোট্ট একটি বাড়িতে থাকেন। সরকার তাঁকে সাত একর জমি দিয়েছে। এখানেই কথা হলো গণেশ দাস ও বলাই দাসের সঙ্গে। তাঁরাও জানালেন, তাঁদের পরিবার সেই ষাটের দশকে এখানে এসে দণ্ডকারণ্যে জায়গা পেয়েছে। বললাম, আপনাদের কি আর বাংলাদেশে যেতে ইচ্ছা করে না? সোজা উত্তর, ‘যাব কীভাবে? ইচ্ছা তো করে। সেই কবে দেশ ছেড়েছি, তারপর তো আর যাওয়া হলো না। শুনেছি, এখন নাকি বাংলাদেশ অনেক উন্নত হয়েছে, সুন্দরও হয়েছে। আমাদের তো আর পাসপোর্ট নেই। অনেক দূরে থাকি। ইচ্ছা থাকলেই তো আর বাংলাদেশ দেখা যাবে না!’ কথা বলতে বলতে মোটরসাইকেলে করে চলে এলাম ওড়িশার ওমরকোটে। ছোট্ট শহর। উদ্বাস্তুদের কলকাকলিতে এখন মুখরিত। এখানে সবাই বাংলা ভাষা বোঝে, কিন্তু লিখতে পারে না। ওমরকোট থেকে বাসে করে মালকানগিরি। সেখান থেকে ওমরকোট হয়ে ছত্তিশগড়ের কাঁকে, তারপর কোন্ডারগাঁও। সবশেষে কোন্ডারগাঁও থেকে রায়পুরের পথে ফের কলকাতায়।বেসুরো বাঁশিএমনটা ভাবিনি। ভেবেছিলাম, উদ্বাস্তু বাঙালিরা দণ্ডকারণ্যে সংগ্রাম করে বেঁচে থাকলেও তাঁদের কাছ থেকে হারিয়ে যায়নি মাতৃভাষা বাংলা। কিন্তু ওড়িশার ওমরকোটের উদ্বাস্তু গ্রামে ঢুকে পাল্টে গেল আমার ধারণা। মোটরসাইকেল চলছে গ্রামের মধ্য দিয়ে। লাল মাটির পথ। পাকা রাস্তা কম। বিশাল বিশাল এলাকা নিয়ে উদ্বাস্তুদের বাড়ি। কারও টিনের ঘর, কারও পাকা দালান। সবার বাড়িতেই বাগান। নানা গাছের সমাহার। কাজুবাদাম, আম, কাঁঠালগাছ থেকে শুরু করে নানা ফুল আর ফলের গাছ। সবারই আছে গরু, ছাগল বা হাঁস-মুরগি। বিদ্যুৎ আছে, আছে জল। বাড়িতে কারও কারও ফ্রিজ আছে। সবার বাড়িতে টিভি। কৃষি আর ব্যবসা থেকে আয় অধিকাংশের। ওমরকোটের গ্রামের সুভাষ সাহা বললেন, ‘বাপ-দাদার সঙ্গে এখানে এসেছি। সাত একর জমি পেয়েছি। হালের বলদ, দুধের গাভি পেয়েছি। এখন ভালো আছি। আগে তাঁবুতে ছিলাম। বাঁচার জন্য বহু কষ্ট করেছি। মাটির ঘর হয়ে পরে টিনের ঘর। এখন দালানে আছি। শুধু কাজু বিক্রি করে ১৫ হাজার টাকা পাই প্রতিবছর। দুই ছেলে দুই মেয়ের বিয়ে হয়েছে। ওরা কোন্ডারগাঁও আর ধানপুরি থাকে। ব্যবসা করে। ভালো আছে।’আমরা ঘুরছি ওমরকোটের উদ্বাস্তুদের বিভিন্ন গ্রামে। এখানে রয়েছে উদ্বাস্তুদের ৫৮টি গ্রাম। দূরে পাহাড়। পাহাড়ের গা-ঘেঁষে শুধু ভুট্টার চাষ। আছে জঙ্গল। কম ঘনত্বের জঙ্গল কেটে আবাদ করেছে মানুষ। বড় কুমারী গ্রামের কালীপদ দাস। বয়স ৮২। বাড়ি ছিল বাগেরহাটের কচুয়া জেলার রাঢ়িপাড়ায়। ১৯৫৪ সালে দেশ ছেড়ে এসেছেন। ’৬০ সালে এসেছেন এই দণ্ডকারণ্যে। এখন ভালো আছেন। বললেন, ‘এখানে এসে সব উদ্বাস্তুরই প্রথম জীবনে প্রচণ্ড কষ্ট করতে হয়েছে। সেই কষ্ট থেকে এখন অনেকটা মুক্তি পেয়েছি। ছেলেপেলেরা কাজ করছে, আয় করছে। আজ একটাই দুঃখ আমাদের, সেই যে দেশ ছেড়েছি, আর তো যাওয়া হলো না দেশে! দেশটাকে দেখতে প্রচণ্ড ইচ্ছা করে। কীভাবে যাব? পাসপোর্ট নেই। পাসপোর্ট পেলে ভিসার জন্য দৌড়াতে হবে দিল্লি বা কলকাতায়। তাই ছেড়ে দিয়েছি বাংলাদেশ দেখার স্বপ্ন।’ গ্রাম্য ডাক্তার বিষ্ণুপদ দাস বললেন, ‘মা-বাবা প্রচণ্ড সংগ্রাম করেছে এখানে টিকে থাকার জন্য। সরকার জমিজমা দিলেও বাঁচার জন্য এই জঙ্গলকে উর্বর করে তাঁদের বাঁচতে হয়েছে।’তখন দুপুর গড়িয়ে বিকেল। পাহাড়ের কোলে সূর্যের আলো। মোটরসাইকেল নিয়ে গ্রামের পথ বেয়ে চলেছি। হঠাৎ দেখি, একটি বাড়ির আঙিনায় বেশ কয়েকজন প্রৌঢ় তাস খেলছেন। কথা বলছেন বাংলায়। একেবারে খাঁটি বাংলাদেশের চিত্র। তাঁরা বললেন তাঁদের সংগ্রামময় জীবনের কথা। কীভাবে তাঁরা এখনো এখানে টিকে আছেন। সবাই দুঃখের সঙ্গে একটি কথা বললেন, ‘আমাদের এই উদ্বাস্তুদের চতুর্থ প্রজন্ম আর বাংলায় কথা বলতে পারবে না। এখন আর এখানে বাংলাশিক্ষার ব্যবস্থা নেই। সবার সন্তান স্কুলে ওড়িয়া ভাষায় পড়াশোনা করে। বাড়িতে কেবল বাংলায় কথা বলে।’দণ্ডকারণ্যের সবচেয়ে বেশি বাঙালি উদ্বাস্তু ঠাঁই পেয়েছিল ওড়িশার অবিভক্ত কোরাপুট জেলার মালকানগিরিতে। এখন মালকানগিরি পৃথক জেলা। পাহাড় ও জঙ্গলে ঘেরা। মাওবাদীদের মুক্তাঞ্চল। মালকানগিরির পাশেই ছত্তিশগড়ের দান্তেওয়ারা, মাওবাদীদের আরেকটি মুক্তাঞ্চল। তবে এসব জায়গায় বাঙালিরা মাওবাদী দলের সঙ্গে যুক্ত নন। জঙ্গল ও পাহাড়ে ঘেরা মালকানগিরি। এখানে রয়েছে উদ্বাস্তুদের ২১৫টি গ্রাম। এসব উদ্বাস্তু থাকেন মালকানগিরি, কালিমেলা, পডিয়া ও কোরকুন্ডা ব্লকে। মালকানগিরির অতিরিক্ত জেলা প্রশাসক সুন্দরলাল শীল জানান, ১৯৬০ সালে তাঁর বাবা গৌরাঙ্গ শীল এখানে আসেন। ১৯৬১ সালে এই মালকানগিরিতেই সুন্দরলালের জন্ম। তাঁর ঠাকুরদাদা নন্দকুমার শীল ছিলেন চট্টগ্রাম পুলিশ স্টেশনের চৌকিদার, বাবা ছিলেন ব্রিটিশ সেনার গাড়িচালক। তাঁদের আদিবাস ছিল চট্টগ্রামে।মালকানগিরির সাংবাদিক শিবপ্রসাদ কীর্তনীয়া একটি ইংরেজি দৈনিকে কাজ করেন। আদিবাস ছিল গোপালগঞ্জে। বাবা প্রমথ রঞ্জন কীর্তনীয়ার সঙ্গে আসেন এখানে। বললেন, আসলে চাকরির কারণে বাঙালিরাও বাংলা পড়ার আগ্রহ হারিয়ে ফেলছে।ওড়িশার বিধানসভার একমাত্র বাঙালি বিধায়ক অরবিন্দ ঢালির আদি বাড়ি ছিল বাংলাদেশের ফরিদপুরের (বর্তমান গোপালগঞ্জ জেলা) কাশিয়ানী থানায়। বাংলা ভাষার ব্যবহার হ্রাস পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ওড়িশার সমবায়, টেক্সটাইল ও পরিবহনমন্ত্রী থাকাকালে তিনি দণ্ডকারণ্যের প্রতিটি বিদ্যালয়ে বাংলা ভাষা চালুর উদ্যোগ নেন। এ ব্যাপারে তিনি কলকাতায় এসে কথাও বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে। বাঙালি গ্রামের প্রতিটি বিদ্যালয়ে বাংলা ভাষা চালুর জন্য মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের কাছে দরবারও করেন। তিনি বলেন, ওড়িশার রাজ্য সরকার শিগগিরই তাঁদের দাবি মানার উদ্যোগ নিতে যাচ্ছে।