দণ্ডকারণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তকাণ্ড রামায়ণের এক অধ্যায় অরণ্যকাণ্ড। সেই অরণ্যকাণ্ডজুড়ে রয়েছে দণ্ডকারণ্য। এই জঙ্গলেই অযোধ্যার রাজা দশরথের আদেশ পালন করতে বনবাসে গিয়েছিলেন পুত্র রাম, লক্ষ্মণ আর পুত্রবধূ সীতা। এখানেই কাটিয়েছিলেন বনবাস। এই দণ্ডকারণ্যের পঞ্চবটি বনেই সীতাকে অপহরণ করেছিলেন অসুররাজ রাবণ। এই অরণ্যেই সুগ্রীব ও বালির রাজধানী ছিল। সেই বন আজও আছে। আছে ঐতিহাসিক মালকানগিরি, বালিমেলা, চিত্রকুট ইতিহাসের সাক্ষ্য হয়ে। ভারতের মধ্যপ্রদেশ, উড়িষ্যা আর অন্ধ্র প্রদেশের অংশজুড়ে রয়েছে এই দণ্ডকারণ্য। অবশ্য মধ্যপ্রদেশ ভাগ হয়ে সেই ২০০০ সালের ১ নভেম্বর নতুন রাজ্য ছত্তিশগড় গঠিত হয়েছে। ফলে মূল দণ্ডকারণ্যের বেশির ভাগই এখন অন্তর্ভুক্ত হয়েছে ছত্তিশগড় রাজ্যে। ছত্তিশগড়ের খনিজ সম্পদসমৃদ্ধ গোটা বস্তার অঞ্চলই এখন দণ্ডকারণ্যের অন্তর্ভুক্ত। সংস্কৃত ভাষায় এই দণ্ডকারণ্যকে বলা হতো দণ্ডকাস অরণ্য। অর্থাৎ দণ্ডখাটার জঙ্গল। রামায়ণের যুগে এখানেই পাঠানো হতো অপরাধীদের। আজ অবশ্য সেই গভীর জঙ্গলের বেশ কিছু অংশ কেটে গড়ে তোলা হয়েছে আধুনিক বসতি। তবুও থেকে গেছে মাইলের পর মাইল গভীর জঙ্গল, যা আজও দণ্ডকারণ্য নামে পরিচিত। সালটা ১৯৬৪। শেষ আশ্রয়ের খোঁজে, এই বছরে, লাখো উদ্বাস্তু পাড়ি জমিয়েছিল দণ্ডকারণ্যের দিকে। কলকাতা থেকে মধ্যপ্রদেশের রায়পুর হয়ে দণ্ডকারণ্যের জঙ্গলের পথে। কলকাতা থেকে ট্রেনে ছিল সেই কষ্টকর যাত্রা। মালবাহী ট্রেনের প্রতিটিতে নিয়ে যাওয়া হতো এক হাজার থেকে এক হাজার ২০০ উদ্বাস্তু। আর প্রতিটি যাত্রায়ই মিলত সাত থেকে ১০ জন উদ্বাস্তুর মৃতদেহ।