দণ্ডময় জীবনের পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ মনজুরুল ইসলামের উপন্যাস তিন পর্বের জীবন। তিন পর্বের উপন্যাস—বৃত্তপর্ব, বিন্দুপর্ব, শূন্যপর্ব। পর্ববিভাজিত উপন্যাস। জীবনও কি বিভাজনহীন? প্রতি মুহূর্তে দণ্ডময় আমাদের জীবনের পর্ব। সেসব দণ্ডের অধিকাংশের জন্য হয়তো ব্যক্তিমানুষের কোনো দায় নেই, কিন্তু অনিবার্য দণ্ডভাগ্য তাকে জীবন থেকে তাড়িয়ে নিয়ে যায় মৃত্যুর দিকে; হয়তো আরও বৃহত্তর কোনো পর্ব পূরণের জন্য। উপন্যাসের শুরুর লাইন ‘জেলগেটে আমাকে দেখে অবাক হয়েছিল শাহীন।’ উপন্যাসের শেষ লাইন ‘এখন এই অপরাধের প্রায়শ্চিত্ত সে মানুষটি কীভাবে করে, সে তা বসে বসে দেখবে।’ বোঝা যাচ্ছে, অপরাধ এবং দণ্ডে ভরা এ উপন্যাসের জগত্। তিন পর্বের জীবন বাস্তব এবং স্বপ্নে মার খাওয়া মানুষের আখ্যান। উপন্যাসের সূত্রধর সাহিত্যের শিক্ষক মনজুরের ভাষ্যানুযায়ী শাহীনের পরিচিতিটা এমন ‘...সুখী কিন্তু দেশ ও সমাজ নিয়ে অতৃপ্ত মানুষ, বয়স ৩৭, প্রতিদিন-এর সহকারী সম্পাদক, বিবাহিত, দুই সন্তানের জনক। বন্ধুবান্ধবের সংখ্যা: সীমিত। রাজনৈতিক সহকর্মীর সংখ্যা: অনির্দিষ্ট। একটি রাজনৈতিক দলের ঢাকা মহানগর শাখার সহসাংগঠনিক সম্পাদক। গ্রীন রোডের একটি তিনতলা দালানের তৃতীয় তলার একটি তিন বেডরুমের ফ্ল্যাটের বাসিন্দা। দালানটা শ্বশুরের, ফ্ল্যাটটা স্ত্রীর। স্ত্রী একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা। শাহীনের পুরো নাম শাহীন আহমদ লস্কর, বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আন্দিকোট। তিন ভাই ও এক বোনের মধ্যে তৃতীয়, মা-বাবা বর্তমান।’ শুরুতে শাহীনের পরিচিতিটা এমনই। তবে ১২৭ পৃষ্ঠার ক্ষীণতনু উপন্যাসের ঘটনাবিচিত্রায় শাহীনের আরেকটি পরিচিতি গড়ে উঠতে দেখি: ‘বয়স ৫৪, চাকরি নেই, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে, স্ত্রী দ্বিতীয়বার বিয়েও করেছে। এখন শিক্ষকতা করছে, তবে নিজের দেওয়া স্কুলে। ছেলেমেয়ে তার সঙ্গে থাকে, বাবা বলতে তারা ওই লোকটাকেই বোঝে। শাহীনের কোনো ঘর নেই, ঠিকানা নেই।’ এই দুই পরিচিতির মাঝখানে কী? এক রাতের পানাহারের আড্ডা বদলে দিল শাহীনের জীবন। উত্তপ্ত আড্ডার একপর্যায়ে বন্ধু সুখেন্দুর বুকে ছুরি বসে যাওয়া আর তাঁর মৃত্যু শাহীনের জীবন বদলের সূত্র; অন্যের খুনের দায় গিয়ে পড়ল শাহীনের ওপর। আদালতে দেড় বছর মামলা চলল। শাহীনের পক্ষে স্বাভাবিক ছিল নিজেকে নির্দোষ প্রমাণ করা, কিন্তু তার বক্তব্য, ‘আমি নিশ্চিত নই খুনটা দুর্ঘটনা ছিল, না আমি ইচ্ছা করে করেছিলাম। আমি প্রকৃতিস্থ ছিলাম না।’ দায়রা আদালতে শাহীনের ফাঁসির রায় হয়। তারপর দণ্ড কমে হয় যাবজ্জীবন কারাবাস। কিন্তু দণ্ড কমার ফলে কারাবাস ভয়াবহ মাত্রায় বেড়ে যায়। ফাঁসিতে হয়তো শাহীনের সবকিছু হঠাত্ চুকেবুকে যেত, কিন্তু জেলে থেকে যখন একজন মানুষ তাঁর জীবনের এক-একটা জানালা ক্রমশ বন্ধ হয়ে আসতে দেখে, তখন তাঁর দণ্ড হয় পরিমাপহারা। স্ত্রী নাদিরা, মেয়ে সামিয়া, ছেলে ইমরানের সঙ্গে জেলে যাওয়ার কয়েক বছর পর পর্যন্ত শাহীনের যোগাযোগ থাকে। জেলে গিয়ে পুরোনো অনেক সম্পর্ক নতুন রূপও পায়। যেমন, ছোট ভাই জাহিনের সঙ্গে তাঁর সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে। জাহিন চেষ্টা করে ভাইয়ের জেলজীবনকে সহনীয় করে তুলতে। সে উপন্যাসের সূত্রধর মনজুরের কাছ থেকে শাহীনকে বই এনে দেয়। কী বই? আলবেয়ার কামুর দ্য আউটসাইডার। আউটসাইডার-এর নায়ক মিয়েরসোকে পৃথিবীর পরিচিত খেলাগুলো খেলতে রাজি হয়নি বলে শূলে চড়তে হয়েছিল; শাহীনও কি মিয়েরসো নয়? উপন্যাসে তারপর আমরা দেখি বাদল নামের এক প্রবাসফেরত ধনাঢ্যের সঙ্গে নাদিরার পরিচয়, প্রেম ও প্রণয়। আর শাহীনের জীবনেও পরিবর্তন এল—ম্যানিক ডিপ্রেসিভ। তারপর জেলে গুড কন্ডাক্টের বদৌলতে কারামুক্তি। মুক্ত হয় শাহীন আর উপন্যাসের ‘বিন্দুপর্ব’-তে প্রবেশ করি আমরা। কারামুক্ত হয়ে শাহীন দেখে, ‘নাদিরা নেই। নাদিরার শূন্যতাটা আছে।’ তবু ঝড়ে বিপর্যস্ত শাহীন জীবনের ভাঙচুরগুলো মেরামত করতে চায়। নাদিরাকে তো নয়ই, সামিয়া এবং ইমরানকেও তার জীবনের রেখার সঙ্গে কোনোভাবে মেলাতে পারে না শাহীন। বুয়েটের ছাত্র ইমরান বাবাকে বলে, ‘দি বেস্ট ইউ ক্যান ডু ইজ স্টে আউট।’ বাবার ব্যাকুল ই-মেইলের উত্তরে আমেরিকা থেকে তিন দিন পর মেয়ে সামিয়ার শুষ্ক জবাব, ‘...তোমার আর আমাদের মাঝখানে যে একটা দূরত্ব তৈরি হয়েছে, সেটা মোচনের চেষ্টা কেউ না করলেই ভালো।’ না, শাহীনের জীবনের ভাঙচুরগুলো মেরামত হওয়ার নয়। বরং আরও বড় ভাঙচুরের দিকে যেন সে পা বাড়াতে থাকে। রাজশাহীতে গিয়ে আবারও সন্ত্রাসী চক্রের হাতে পড়ে আরেকটি ভুল দণ্ডের কাছাকাছি চলে যায় সে। রায়হানা নামের এক তরুণী সাংবাদিক তাকে সম্ভাব্য বিপদ থেকে বাঁচায়ই না শুধু, বরং ক্রমে তার জীবনের শূন্যতাগুলো পূরণ করে দিতে চায়। ঘনিষ্ঠতার একপর্যায়ে একদিন রায়হানাকে নিজের করে পেতে চায় শাহীন। শীতের কুয়াশামোড়া ধূসর বিকেলে যেন বসন্ত জেগে উঠল। মুহূর্তমাত্র আনন্দধারা আর তারপর এক দুর্জ্ঞেয় অপরাধবোধ এসে ভিড় করে শাহীনের ভেতর। করিডর দিয়ে ছুটে বেরিয়ে যায় সিঁড়ির দিকে, রায়হানার কাছ থেকে অনেক দূরে। ভাঙাচোরা মানুষটার ভাঙার আর কিছু অবশিষ্ট রইল না। এক-দেড় পৃষ্ঠার সর্বশেষ ‘শূন্যপর্ব’-তে আমরা দেখি, হঠাত্ ঢাকা ছাড়ে শাহীন। যাওয়ার আগে ব্যাংক থেকে সব টাকা তুলে প্রিয় হোটেলবয় মুখলেসকে দিয়ে দেয়। এমনকি যোগাযোগের মাধ্যম মোবাইল ফোনসেটটিও। ঘর থেকে বেরোনোর আগে দুই সপ্তাহের ওষুধ স্ট্রিপ থেকে বের করে বাথরুমের কমোডে ফেলে দেয়। উপন্যাসের শুরুতে অপরাধ না করে দণ্ড পেতে দেখেছিলাম শাহীনকে। আর উপন্যাসের শেষে দেখি নিজেকে শাস্তি দিয়ে অপরাধ তৈরির প্রাণান্ত চেষ্টা। রায়হানার আস্থাভঙ্গ শাহীনের কাছে গুরুতর অপরাধ বলেই প্রতীয়মান হয়েছে। আর তাই ‘সে জানল, তার ভেতরের সেই অবাধ্য এবং অস্থির মানুষটিকে সে আজ যাবজ্জীবন কারাবাসের—সলিটারি কনফাইনমেন্টের—দণ্ড দিয়েছে, গতকাল ঘটানো একটা ভয়ানক খুনের অপরাধে।’ সৈয়দ মনজুরুল ইসলাম তিন পর্বের জীবন উপন্যাসে জীবনের কিছু অনিবারণীয়-রক্তাক্ত পর্বের সঙ্গে আমাদের সাক্ষাত্ ঘটান। প্রতিদিনের জীবনে আমরা যেসব পর্বের মুখোমুখি হই। এ উপন্যাসের জীবন্ত-সাবলীল গদ্য পাঠককে অনায়াসে এর চরিত্র ও ঘটনার অংশী করে তোলে। অতীত ও সমসময়ের অনেক স্মরণীয় উদাহরণের পাশে তিন পর্বের জীবন সহজেই স্থান পাবে বলে বিশ্বাস করি।