‘আগে মা আমাকে খুব আদর করত, বেড়াতে নিয়ে যেত। এখন আর করে না। কথায় কথায় বকাঝকা করে। এমনকি মারেও। কিন্তু ছোট বোন সুমির জন্মের আগে মা এমন ছিল না।’ এভাবেই ১২ বছরের শিশু রুমি (ছদ্মনাম) পরিবারে তার অবহেলার কথা বলে। রুমি এত দিন যাঁদের তার মা-বাবা হিসেবে জানত, তাঁরা তার আসল মা-বাবা নন। তাঁরা রুমিকে পোষ্য নিয়েছেন।রুমি বলে, ‘আগে আমি জানতামই না, এরা আমার আসল মা-বাবা নয়। ছোট বোন সুমির জন্মের পর পরই নানি আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। একদিন আমি বলি, আমার সঙ্গে তুমি এমন করো কেন? তখন তিনি রেগে গিয়ে বলেন, “করি, ভালো করি। তুই কি আমার আপন নাতনি? তোকে তো এরা পালক আনছে!”’রুমি জানায়, এ কথা জানার পর তার মাথায় আকাশ ভেঙে পড়ে। কান্নাকাটি শুরু করে দেয়। আসল মা-বাবার পরিচয় জানতে চায়। বাবার কাছে বায়না ধরে, তাকে নিজের পরিবারে ফিরিয়ে দিতে। কিন্তু সে আজও তার আসল মা-বাবার দেখা পায়নি।রুমির মায়ের সঙ্গে এই প্রতিবেদক কথা বলতে চাইলে তিনি বলেন, ‘আমি কিছু বলব না, যা বলার আমার স্বামীকে বলেন।’ তখন কথা হয় রুমির বাবার সঙ্গে। তিনি বলেন, ‘আমার বড় ছেলের তখন বয়স ১৯ বছর। অনেক চেষ্টার পরও আমরা আর সন্তান নিতে পারছিলাম না। তখন এক আত্মীয়ের মাধ্যমে একটি শিশুনিবাস থেকে কিছু টাকার বিনিময়ে রুমিকে নিই। কিন্তু রুমির মা নিজের মেয়ে হওয়ার পর বদলে গেছে। এখন আর রুমিকে সহ্য করতে পারে না। আমাকে বলে, ওকে যেন কোনো সম্পত্তি না দেওয়া হয়। তার মা-বাবা কোথায় থাকে, আমরা জানি না।’জাতিসংঘের শিশু অধিকার সনদে বলা আছে, শিশুর সর্বোত্তম স্বার্থের কথা বিবেচনা করে রাষ্ট্র দত্তক পদ্ধতিকে স্বীকৃতি ও অনুমোদন দেবে। কিন্তু বাংলাদেশের আইনে দত্তক দেওয়া বা নেওয়ার কোনো বিধান নেই। তবে গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট অনুসারে সন্তান পোষ্য নেওয়া যায়। বাংলাদেশে কেবল হিন্দু আইনে দত্তক নেওয়ার বিধান রয়েছে। তবে শুধু ছেলেশিশু। হিন্দু পুরুষ বিবাহিত, অবিবাহিত বা বিপত্নীক যা-ই হোন না কেন, তাঁর দত্তক নেওয়ার স্বাধীনতা আছে। কিন্তু এ ক্ষেত্রে নারীদের অধিকার সীমিত। একজন অবিবাহিত নারী দত্তক গ্রহণ করতে পারেন না। বিবাহিত নারীর ক্ষেত্রে স্বামীর অনুমতি দরকার, এমনকি বিধবা হিন্দু নারী দত্তক গ্রহণ করতে চাইলে তাঁকে স্বামীর মৃত্যুর আগে দেওয়া অনুমতি লাগবে। আর মুসলিম আইনে দত্তক গ্রহণ স্বীকৃত নয়। তবে অবহেলিত বা এতিম শিশুদের লালনপালন করা যায়। খ্রিষ্টধর্মেও প্রাতিষ্ঠানিকভাবে দত্তক নেওয়ার বিধান নেই।এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের চেয়ারম্যান শাহনাজ হুদা প্রথম আলোকে বলেন, ‘দত্তক আইন না থাকার সমস্যা হলো পোষ্য শিশুরা অভিভাবকের সম্পত্তির উত্তরাধিকার হিসেবে বিবেচিত হয় না। এমনকি ওই পোষ্যের অভিভাবক মারা গেলে পরিবারের অন্য সদস্যরা তাকে বের করে দিতে পারে। যেহেতু, পোষ্যদের অধিকার আইনগতভাবে স্বীকৃত নয়, তাই তারা অধিকার আদায়ে আইনি সহায়তা থেকেও বঞ্চিত হয়। এ জন্য দত্তক আইন আমাদের দেশে অনেক বেশি জরুরি।’এ বিষয়ে প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে উঠে এসেছে নানা ধরনের ঘটনা, নানা সমস্যা, নানা প্রতিবন্ধকতা। এ দেশে আইনি প্রক্রিয়ায় নোটারি পাবলিকের মাধ্যমে শিশুর আইনি অভিভাবকত্ব গ্রহণ করা হয়। আর দ্বৈত নাগরিকত্ব আছে এমন ব্যক্তি কোনো শিশুর অভিভাবকত্ব পেতে চাইলে তাঁকে পারিবারিক আদালতে আবেদন করতে হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনাপত্তিপত্র লাগবে।আইনি প্রক্রিয়ার ঝামেলার কারণে বেশির ভাগ ক্ষেত্রে চুক্তির মাধ্যমে শিশু পোষ্য দেওয়া হয়। এককথায় একে শিশু কেনাবেচাও বলা যায়। খোঁজ নিয়ে দেখা গেছে, টাকার বিনিময়ে গরিব মা-বাবা সন্তান পোষ্য দেন বা বিক্রি করেন। যেখানে চুক্তিপত্রে সই করতে হয়, তাঁরা আর কখনো ওই শিশুটির মা-বাবা হিসেবে পরিচয় প্রকাশ করতে পারবেন না এবং অভিভাবক হিসেবে কোনো দাবি করতে পারবেন না।এ রকম একটি শিশু শিপন। পাঁচ হাজার টাকার বিনিময়ে ওকে বিক্রি করে দেন মা-বাবা। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে শিপনের মা-বাবা উদ্বাস্তু হয়ে ঘুরছেন। পেটে ক্ষুধা, মাথার ওপর খোলা আকাশ। বড় তিনটি সন্তানের খাবার জোটাতে ছোট শিপনকে বিক্রি করেন তাঁরা। আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় এখন শিপনকে ফেরত পেতে চান ওর আসল মা-বাবা। কিন্তু চুক্তির কারণে থেমে যান তাঁরা। সেখানে লেখা ছিল, কখনো শিপনকে ফেরত নিতে হলে পোষ্য অভিভাবকদের ১০ লাখ টাকা দিতে হবে।মামুন-তানহা দম্পতির বিয়ে হয়েছে ১০ বছর। এখনো কোনো সন্তান হয়নি। তাঁরা একটি শিশুকে দত্তক নিতে চান, তবে পোষ্য হিসেবে নয়। কিন্তু আইনি জটিলতার কারণে তাঁরা দত্তক নিতে পারছেন না। তাঁরা বলেন, শিশু পোষ্য নিয়ে তার অভিভাবক হওয়া যাবে, কিন্তু মা-বাবা হওয়া যাবে না। তাহলে নিয়ে কী লাভ!আবার অনেকে শিশু পোষ্য নিয়ে তাকে দিয়ে ঘরবাড়ির কাজ করান। তার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি শিশুনিবাসের পরিচালক বলেন, ‘সমাজের অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিও শিশু পোষ্য নিয়ে তাদের পারিবারিক পরিবেশ দেন না। এমনকি তাদের বিভিন্নভাবে নির্যাতনও করেন। এ কারণে এখন আর আমরা শিশুদের পোষ্য দিই না। নিজেরাই পালন করি।’আবার শিশুনিবাস থেকে শিশুদের পোষ্য দিলেও সেখানে নানা ধরনের সমস্যা হয়। বেশির ভাগ ক্ষেত্রেই যেটা হয়, শিশুরা ওই নতুন পরিবারের সঙ্গে খাপ খাওয়াতে পারে না। তারা আবার শিশুনিবাসে ফিরে আসতে চায়। আবার যিনি পোষ্য নেন, তাঁর পরিবারের সদস্য বা আত্মীয়রাও অনেক সময় শিশুটিকে মেনে নিতে পারে না। এমনকি তার সঙ্গে খারাপ আচরণও করে।শিশুপল্লি প্লাসের নির্বাহী পরিচালক খাদিজা সুলতানা প্রথম আলোকে বলেন, যেহেতু বিভিন্ন কারণে বাংলাদেশে দত্তক গ্রহণ বৈধ নয়, তাই দত্তক আইন না করে এমন একটি আইন করা উচিত, যাতে শিশুটি পরিবারের সদস্য হিসেবে বিবেচিত হবে এবং সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি পাবে। এ ছাড়া সরকারের একটি আইনি কাঠামো দরকার, যেখানে এসব শিশুর জন্য সুনির্দিষ্ট নীতিমালা থাকবে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে।