দত্তক নিয়েরুশ-মার্কিন দ্বৈরথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর ধরে দুটি ছোট্ট হাতের তুলতুলে স্পর্শ পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ছিলেন কিম ও রবার্ট সামারস দম্পতি। স্বপ্ন দেখছিলেন, কীভাবে আদরে-সোহাগে বড় করে তুলবেন ওই ছোট্ট শরীরটাকে। আর মাত্র কয়েকটি সপ্তাহ, এর পরই সুদুর রাশিয়া থেকে তাঁদের কোলে আসবে সে। সোনামণির নামও ঠিক করে ফেলেছিলেন তাঁরা—প্রেস্টন। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কলমের একটি খোঁচায় সব স্বপ্ন ভেঙে গেছে মার্কিন এই দম্পতির। হতাশায় ভুগছেন তাদের মতো আরও অনেকেই।প্রেসিডেন্ট পুতিন গত ২৮ ডিসেম্বর দিমা ইয়াকোভলেভ আইনে সই করেন। এর কয়েক দিন আগে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমা তা পাস করে। দিমা ইয়াকোভলেভ আইনে বলা হয়েছে, এখন থেকে আর কোনো মার্কিন পরিবার অনাথ রুশ শিশুদের দত্তক নিতে পারবে না। আইনটির নামকরণ হয়েছে মার্কিন দম্পতির দত্তক নেওয়া একটি রুশ শিশুর নামে। পালক বাবা-মা প্রচণ্ড গরমের মধ্যে শিশুটিকে নয় ঘণ্টা গাড়িতে রেখে অন্যত্র থাকায় তার মৃত্যু হয়েছিল।প্রতিবছরই বহু মার্কিন দম্পতি রাশিয়া থেকে শিশু দত্তক নিয়ে থাকেন। দেশ হিসেবে রুশ শিশুদের দত্তক নেওয়ার দিক দিয়ে যুক্তরাষ্ট্রই এগিয়ে। মার্কিন দম্পতিরা শারীরিক প্রতিবন্ধী শিশুদেরও দত্তক নিয়ে থাকেন। চলতি জানুয়ারিতেই প্রেস্টনসহ প্রায় ৫০টি রুশ শিশুর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। রাশিয়ায় এখন প্রায় সাত লাখ ৪০ হাজার শিশু বিভিন্ন অনাথাশ্রমে বড় হচ্ছে।পুতিন সরকার ও অনেক রুশ রাজনীতিক দিমা ইয়াকোভলেভ আইন পাসের জন্য রুশ শিশুদের প্রতি মার্কিন পালক পরিবারগুলোর দুর্ব্যবহার ও অন্যায় আচরণের কথা বলছেন। তবে অনেকেই মনে করেন, ওই শিশুরা মস্কো-ওয়াশিংটন কূটনৈতিক পাশা খেলার শিকার।পর্যবেক্ষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের ‘মাগনিতস্কি অ্যাক্ট’ নামের একটি আইনের পাল্টা ব্যবস্থা হিসেবেই রাশিয়া নতুন আইনটি পাস করেছে। মার্কিন কংগ্রেস গত ১৪ ডিসেম্বর মাগনিতস্কি অ্যাক্ট পাস করে। ওই আইনে সের্গেই মাগনিতস্কি নামের রাশিয়ার একজন আইনজীবীর মৃত্যুর জন্য দায়ী বলে কথিত রুশ সরকারি কর্মকর্তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে তাঁদের সব ধরনের সফর নিষিদ্ধ করা হয়েছে।লন্ডনভিত্তিক পরামর্শক সংস্থা হারমিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্টে কাজ করতেন আইনজীবী মাগনিতস্কি। রাশিয়ার বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার দুর্নীতি ও ২৩ কোটি ডলারের সমপরিমাণ কর ফাঁকির তথ্য ফাঁস করে দেন তিনি। দুর্নীতিবাজ ওই সব সরকারি কর্মকর্তা উল্টো মাগনিতস্কির বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনেন। আটক করা হয় আইনজীবীকে। অভিযোগ পাওয়া গেছে, মস্কোর আটককেন্দ্রে তাঁর ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়। শুধু তা-ই নয়, অসুস্থ হয়ে পড়লেও কোনো ধরনের চিকিৎসা দেওয়া হয়নি তাঁকে। ২০০৯ সালের ১৬ নভেম্বর মারা যান মাগনিতস্কি। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর।মাগনিতস্কির মৃত্যুর ঘটনা দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল। কিন্তু যেসব দুর্নীতিবাজ কর্মকর্তা তাঁর মৃত্যুর জন্য দায়ী, যথেষ্ট তথ্য-প্রমাণ থাকলেও তাঁদের আজও বিচারের আওতায় আনা হয়নি। এ ঘটনায় অভিযুক্ত একমাত্র ব্যক্তিকে কয়েক দিন আগে মুক্তি দিয়েছেন আদালত। খোদ প্রেসিডেন্ট পুতিন জনসমক্ষে বলেছেন, নির্যাতন বা অবহেলায় নয়, মাগনিতস্কির মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণে। ক্রেমলিন যুক্তরাষ্ট্রকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য অভিযুক্ত করে এবং ‘পাল্টা ব্যবস্থা’ নেওয়ার হুমকি দেয়। মনে করা হচ্ছে, দত্তকবিষয়ক নতুন আইনই সেই ‘পাল্টা ব্যবস্থা’। এই আইনে রাশিয়ার সরকারের জন্য ‘হুমকি বয়ে আনতে পারে’, এমন কর্মকাণ্ডে জড়িত এবং যুক্তরাষ্ট্র থেকে তহবিল পায়, এমন সব বেসরকারি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার বিধান রাখা হয়েছে। এ ছাড়া রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির মার্কিন পাসপোর্ট থাকলে তাঁকেও নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে এতে।রাশিয়ায় আইনটি পাস হওয়ার পর এক জনমত জরিপে দেখা গেছে, নাগরিকদের অর্ধেকেরও বেশি এই আইনের পক্ষে। এর পেছনে অবশ্য কারণও রয়েছে। রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে প্রচার করা হয়েছে, অনেক মার্কিন পরিবারই দত্তক নেওয়া শিশুর সঙ্গে খারাপ ব্যবহার করে। অনেক শিশুর ওপর নির্যাতনও চালানো হয়। তবে পুতিনের শাসনে ক্লান্ত রাশিয়ার অভিজাত শ্রেণী, বুদ্ধিজীবী ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা এ আইনের তীব্র নিন্দা জানিয়েছেন। এমনকি পুতিনের মন্ত্রিসভার কয়েকজন সদস্যও এই আইনের ব্যাপারে আপত্তি তুলেছেন।বিশিষ্ট নাগরিকদের সংগঠন ‘দ্য কমিটি ফর সিভিক ইনিশিয়েটিভ’-এর প্রধান রাশিয়ার সাবেক অর্থমন্ত্রী আলেক্সেই কুদরিন এক বিবৃতিতে বলেছেন, দত্তকবিরোধী আইন প্রণয়নের উদ্দেশ্য পুরোপুরি রাজনৈতিক। দেশের অন্যান্য সমস্যা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য আইনটি প্রণয়ন করা হয়েছে। এই আইনে মার্কিনদের যত না ক্ষতি হবে, তার চেয়ে বেশি ক্ষতি হবে অনাথ রুশ শিশুদের, যাদের একজন অভিভাবকের খুবই প্রয়োজন।বিরোধীদলীয় ডেপুটি লেভ শেসবার্গ দিমা ইয়াকোভলেভ আইনকে রাশিয়ার ‘ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক আইন’ আখ্যায়িত করেছেন। তবে আইনটি পাসের সঙ্গে যুক্তরা বলছেন, দত্তক নেওয়া শিশুদের নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ থেকেই কাজটি করেছেন তাঁরা। ২০ বছরে প্রায় ৬০ হাজার রুশ শিশুকে দত্তক নিয়েছেন মার্কিনরা। এর মধ্যে ১৯ জন মারা গেছে। তবে নিষ্ঠুর সত্য হচ্ছে, একই সময়ে দেশি (রুশ) পরিবারের দত্তক নেওয়া শিশুদের মধ্যে মারা গেছে দেড় হাজার! রোকেয়া রহমান