দন্তচিকিৎসক ও টেকনোলজিস্ট আছেন, নেই চিকিৎসা সরঞ্জাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিনের ছাউনি দেওয়া দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ একটি কক্ষে গাদাগাদি করে বসেছেন তিনজন চিকিৎসক। তার মধ্যে একজন প্রসূতি বিভাগের পরামর্শক, একজন শল্যচিকিৎসক, অন্যজন দন্তচিকিৎসক। স্বাস্থ্য কমপ্লেক্সে বেতছড়ি এলাকার আলী আকবর (৪০) এসেছিলেন দাঁতের ব্যথা নিয়ে। দন্তচিকিৎসক নিউটন চাকমা ব্যবস্থাপত্রে কিছু ওষুধ লিখে দিয়ে তাঁকে দেখে জেলা সদরে গিয়ে সেবা নেওয়ার পরামর্শ দিলেন।
কেবল আলী আকবর নন, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দাঁতের সমস্যা নিয়ে আসা সব রোগীই চিকিৎসা না পেয়ে ফিরে যান। হাসপাতালটিতে একজন দন্তচিকিৎসক ও টেকনোলজিস্ট থাকলেও রোগীদের সেবা দেওয়ার জন্য কোনো চিকিৎসা সরঞ্জাম নেই। কেবল তা-ই নয়, দন্ত বিভাগের চিকিৎসকদের বসার জন্য আলাদা কোনো কক্ষও নেই।
সম্প্রতি হাসপাতালটিতে গিয়ে এমন চিত্র চোখে পড়ে। নিউটন চাকমা বলেন, বাধ্য হয়ে রোগীদের ফেরত পাঠাতে হয়। বড়জোর ব্যবস্থাপত্রে কয়েকটি ওষুধ লিখে দেন তিনি। কিন্তু চিকিৎসা সরঞ্জাম না থাকায় দাঁতের ফিলিং, স্কেলিং, রুট ক্যানাল বা শল্যচিকিৎসা দেওয়া সম্ভব হয় না। তিনি আরও জানান, দাঁতের চিকিৎসার জন্য বিশেষায়িত যান্ত্রিক চেয়ার, যন্ত্র পরিশোধনের ব্যবস্থা, মাউথওয়াশ, ফিলিং করানোর ফিলিং ম্যাটেরিয়াল, কম্প্রেশার, ড্রিল যন্ত্র, অবেদন করার রাসায়নিক, সিরিঞ্জ, মাস্ক, অ্যাপ্রোন কিছুই নেই এই হাসপাতালে। দন্ত বিভাগ চালু করতে হলে এসব চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করতে হবে।
নিউটন চাকমা বলেন, ‘হাসপাতালে দাঁতের সমস্যা নিয়ে প্রতিদিন ১৫ থেকে ২০ জন রোগী আসেন। চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের পরামর্শ দেওয়া ছাড়া আমরা আর কোনো সেবা দিতে পারি না। আমাদের বসার কোনো কক্ষ নেই, যন্ত্রপাতিও নেই। রোগীদের কীভাবে সেবা দেব?’
দাঁতের চিকিৎসা নিতে আসা আকবর হোসেন বলেন, ‘দাঁতের ব্যথায় সইতে না পেরে ডাক্তার দেখাতে এলাম। কিন্তু এখানে এসে শুনি তাঁদের কাছে কোনো যন্ত্রপাতি নাই। চিকিৎসক বললেন দাঁত ফিলিং করানো লাগবে। এ জন্য খাগড়াছড়ি বা চট্টগ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কিন্তু আমি গরিব মানুষ। এত টাকা কোথায় পাব?’
দন্ত বিভাগের চিকিৎসা সরঞ্জামের বিষয়টি দীঘিনালা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায়ও তোলা হয়েছিল। গত আগস্ট মাসে অনুষ্ঠিত সভায় এ সংক্রান্ত একটি প্রতিবেদনও দেওয়া হয়। কিন্তু এরপর চার মাস কেটে গেলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ব্যাপারে খাগড়াছড়ির সিভিল সার্জন নিতিশ নন্দী মজুমদার বলেন, আগস্ট মাসে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় পাওয়া প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। মন্ত্রণালয় থেকে দন্ত বিভাগের চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য কিছু বরাদ্দ পাওয়া গেছে। যন্ত্রপাতি কেনার জন্য দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চাহিদাপত্র চাওয়া হবে। এরপর দরপত্র আহ্বান করে যন্ত্রপাতি কেনা হবে।