দম ফাটানো হাসির নাটক

ফেইমের নওকর শয়তান মালিক হয়রান নাটকের একটি দৃশ্য
ফেইমের নওকর শয়তান মালিক হয়রান নাটকের একটি দৃশ্য

ভেনিস শহরের সুন্দরী বিয়াত্রিচে রাসপোনি ভাই খুন হওয়ার পর খুনিকে ধরতে পুরুষের ছদ্মবেশ নেয়, যে খুনি আবার তারই প্রেমিক ফ্লোরিন্ডো এরিটুসি। বিয়াত্রিচে তার প্রেমিকের কাছ থেকেও নিজেকে আড়াল করে রাখে। তবে বিপত্তি বাঁধায় বিয়াত্রিচের ভৃত্য ট্রফালদিনো বেত্তাচিও। সে গোপনে কাজ করে ফ্লোরিন্ডো এরিটুসির বাড়িতে। তবে এ কথা দুই মালিকের কেউ–ই জানত না। দুই মালিকের কাজ করতে গিয়ে নানা বিপত্তি ঘটায় বেত্তাচিও। এক মালিকের কাপড় আরেক মালিককে বাক্সে রেখে আসে। আবার এক মালিকের চিঠি দিয়ে দেয় অন্য মালিককে। ফলে হাস্যকর সব কাণ্ডকারখানা ঘটতে থাকে।
ফেইমের নতুন প্রযোজনা নওকর শয়তান মালিক হয়রানকে এক কথায় দম ফাটানো হাসির নাটকই বলা যায়। নাটকের প্রতিটি দৃশ্যে হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে দর্শকদের।
২০ নভেম্বর বিকেল পাঁচটায় থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন হয়। ইতালির নাট্যকার কার্লো গোলদোনির দ্য সারভেন্ট অব টু মাস্টারস অবলম্বনে এই নাটকের বাংলা রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন অসীম দাশ। দুই ঘণ্টা ১০ মিনিটের নাটকটি ফেইমের ২১তম প্রযোজনা।
নাটকে বেত্তাচিও চরিত্রে অনবদ্য অভিনয় করে মঞ্চ মাতান মুবিদুর সুজাত। বিয়াত্রিচের চরিত্রে পলি চৌধুরী ও ফ্লোরিন্ডোর চরিত্রে রুমেল বড়ুয়া অভিনয় করেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেন যিশু দাশ, বাপ্পি সিকদার, কমল বড়ুয়া, শহীদুল সাবিত, প্রেম পাঠক, সারোয়ার সুমন, নিশিগন্ধা দাশগুপ্ত, খাদিজাতুল রিশিকা, জাহেদুল হাসান ও সাজ্জাদ হোসেন।
হলভর্তি দর্শক উপভোগ করেছেন দুই মালিক ও তাদের চাকরের কাণ্ডকীর্তি। তবে চাকর বেত্তাচিওকে অবশ্য বেশিদিন দুই মালিকের কাজ চালিয়ে যেতে হয়নি। দুই মালিকই শেষে এক হয়ে যায়।