দম ফেলার ফুরসত নেই দোকানিদের
ফটিকছড়ি উপজেলায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। ক্রেতাদের পদচারণায় মুখর নাজিরহাট, নানুপুর, আজাদী বাজার ও ভূজপুরের কাজীরহাট বাজার। বৃষ্টির ঝাপটা উপেক্ষা করে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সবাই। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত লেগে আছে ক্রেতার ভিড়। দোকানিদের দম ফেলারও ফুরসত মিলছে না।
বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা গেছে, পছন্দসই পোশাক কিনতে এ-দোকান ও-দোকান চষে বেড়াচ্ছেন ক্রেতারা। ক্রেতার ভিড় দেখা গেল সদরের তেজেন্দ্র স্কয়ারের সব কটি দোকানে। এই বিপণিবিতানের শাড়ি বিতান নামের একটি দোকানের ব্যবস্থাপক আবু ছালেক জানান, এক সপ্তাহ ধরে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিক্রি হচ্ছে।
উপজেলার নাজিরহাট বাজারের আরেকটি আধুনিক বিপণিবিতান ‘এসএ সিটি সেন্টার’। ওই বিপণিবিতানের মো. জসিম উদ্দিন নামের একজন ব্যবসায়ী জানান, এবারের ঈদে তরুণীরা ‘জলনুপুর’, ‘আশেকি’ ও ‘ঝিলিক’ নামের ভারতীয় পোশাকের দিকে বেশি ঝুঁকছেন। বাজারের আরেক বিপণিবিতান এমএম প্লাজার দরবেশ ক্লথ স্টোরের বিক্রেতা আজগর আলী বলেন, ‘ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রিও বেড়ে চলেছে। সামনের কয়েক দিনে আরও বাড়বে।’
কেনাকাাটা করতে আসা স্কুলশিক্ষিকা শারমিন আকতার বলেন, ‘দোকানে পোশাক প্রচুর। কিন্তু দাম বেশি। কম আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে ভালো কাপড়ের পোশাক।’
নানুপুর বাজারের মির্জা মার্কেটে গিয়ে দেখা যায়, সেখানেও ক্রেতাদের উপচেপড়া ভিড়। এখানে রয়েছে সব বয়সী নারীর থ্রি–পিসের বিপুল সমাহার। ৪৫০ থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে থ্রি–পিস।
উপজেলার আজাদী বাজারে রয়েছে একাধিক বিপণিবিতান। সেখানকার ক্রেতা ও বিক্রেতারা জানান, ‘ডিজাইনের নতুনত্ব এবং সব শ্রেণীর মানুষের ক্রয় সীমার মধ্যে এখানে সবকিছু পাওয়া যাচ্ছে।’
ভূজপুরের কাজীরহাট বাজারের ছোট ছোট দোকানে নিম্ন আয়ের মানুষ কেনাকাটা করেন। সেখানেও কেনাকাটা জমজমাট। একটি দোকানের মালিক আনোয়ার হোসেন জানান, দরিদ্র লোকজনের সাধ্যের মধ্যে সব আয়োজন তাঁদের রয়েছে।
নাজিরহাট কলেজের ছাত্র সাইফুর রহমান বলেন, রুচিসম্মত এবং বাহারি পোশাক কেনার অপেক্ষায় রয়েছি। দু-একদিনের মধ্যেই কিনব।