দম ফেলারও যেন ফুরসত নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবা​জারের চকরিয়া উপজেলার আনোয়ার শপিং কমপ্লেক্সে একটি শাড়ির দোকানে ক্রেতাকে শাড়ি দেখাচ্ছেন বিক্রেতা l প্রথম আলো
কক্সবা​জারের চকরিয়া উপজেলার আনোয়ার শপিং কমপ্লেক্সে একটি শাড়ির দোকানে ক্রেতাকে শাড়ি দেখাচ্ছেন বিক্রেতা l প্রথম আলো

পছন্দের পোশাকের খোঁজে বিপণিকেন্দ্র থেকে শুরু করে ফুটপাত সবখানেই এখন ক্রেতার ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ধুন্ধুমার কেনাবেচা। দোকানিদেরও হিমশিম অবস্থা। ক্রেতার চাপে দম ফেলারও যেন ফুরসত নেই। এই চিত্র কক্সবাজারের চকরিয়ার পৌর এলাকার।
ব্যবসায়ীরা জানান, উচ্চবিত্তদের বড় একটি অংশই চট্টগ্রাম শহর থেকে পোশাকসহ বিভিন্ন ঈদপণ্য কিনতে বেশি পছন্দ করেন। তবে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত ত্রেতারা চকরিয়া থেকেই কেনাকাটা সারেন।
চকরিয়া পৌর শহরের ওশান সিটি, সিটি সেন্টার, আনোয়ার শপিং কমপ্লেক্স, নিউ মার্কেট, রূপালী শপিং কমপ্লেক্স, চকরিয়া সুপার মার্কেট, চকরিয়া শপিং কমপ্লেক্স, রওশন মার্কেট, হাজেরা শপিং সেন্টার, রূপজাহান প্লাজা, বাবুল শপিং কমপ্লেক্স, সোসাইটি মসজিদ মার্কেট, সমবায় সমিতি মার্কেটে রয়েছে ছোট-বড় অন্তত এক হাজার পোশাক ও পাদুকার দোকান। প্রতিটি দোকানে এখন উপচেপড়া ভিড়।
কথা হয় আনোয়ার শপিং কমপ্লেক্সে কেনাকাটা করতে আসা চকরিয়ার শিকলঘাট এলাকার বাসিন্দা গৃহবধূ পাপড়ি রায়হানের সঙ্গে। তাঁর হাতভর্তি নানা পোশাকের প্যাকেট। তিনি বলেন, ‘নিজের শাড়ি ও স্বামীর পাঞ্জাবিসহ পরিবারের ছোট-বড় সবার জন্য ইতিমধ্যে ৩৫ হাজার টাকার পোশাক কিনেছেন। এখনো কিছু বাকি আছে।’
ওশান সিটি মার্কেটের তৈরি পোশাকের দোকান কারুশৈলীর স্বত্বাধিকারী মুকুল কান্তি দাশ বলেন, এবারের ঈদের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে নারীদের পোশাক ‘বাজিরাও মাস্তানি’। এ ছাড়া ভারতীয় লেহেঙ্গার কদরও রয়েছে ক্রেতাদের কাছে।
হাজেরা শপিং সেন্টারের মনে রেখ ক্লথ স্টোরের মালিক নুরুল ইসলাম বলেন, প্রতিদিন গড়ে দুই থেকে তিন লাখ টাকা বিক্রি হচ্ছে। শেষ মুহূর্তে বিক্রি আরও বাড়বে।
দোকানিরা বলেন, মেয়েদের শাড়িতে এবার বিক্রি বেশি কাতান, জামদানি, মসলিন ও সুতি। তরুণীদের পছন্দ লেহেঙ্গা ও সালোয়ার–কামিজ। ছেলেদের পোশাকে পাঞ্জাবিই বেশি বিক্রি হচ্ছে। তবে বেশির ভাগ ক্রেতার আগ্রহ ভারতীয় পোশাকে।
বাজার ঘুরে দেখা যায়, শাড়ি ৭০০ থেকে ১৫ হাজার, লেহেঙ্গা ৩৫০০ থেকে ৪০০০, লেহেঙ্গা ৩০০০ থেকে ১০০০০, সালোয়ার-কামিজ ৭০০ থেকে ৫০০০, বাচ্চাদের পোশাক ৩০০ থেকে ২৫০০ ও ছেলেদের পাঞ্জাবি ১০০০ থেকে ৫০০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে ওশান সিটি মার্কেটের কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, বখাটেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন নারী ক্রেতারা। এ নিয়ে ক্রেতাদের সঙ্গে বখাটেদের কয়েকবার সংঘর্ষও হয়েছে। কিন্তু পুলিশ কোনো আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, ‘চকরিয়া পৌর শহরের বিপণিকেন্দ্রগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পুলিশের পাহারা বসানো হয়েছে। যেখানেই ঝামেলা হচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশ হাজির হচ্ছে।’