দমেনি নুরুল হুদা
স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে চরম অর্থসংকটে সংসার চলে নৈশপ্রহরী নূর আহমদের। ঘরে বিদ্যুৎসংযোগ নেই। তাই কোনো কোনো সময় মোমবাতি আবার কোনো সময় কূপির আলোয় পড়ালেখা করতে হয়েছে তাঁর ছেলে নুরুল হুদাকে। বাবার সামান্য আয়ে পরিবারের সবার ভরণ-পোষণ এবং পড়ালেখার খরচ চলে না। তাই নূরুল হুদা গৃহশিক্ষকতা (টিউশনি) করে। এত সীমাবদ্ধতায়ও জীবনসংগ্রামে হেরে যায়নি নুরুল হুদা। এবারের এসএসসি পরীক্ষায় রামুর আলহাজ ফজল আম্বিয়া উচ্চবিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে সেই নুরুল হুদা জিপিএ-৫ পেয়েছে। নুরুল হুদা প্রমাণ করেছে মেধা, একাগ্রতা আর প্রবল ইচ্ছেশক্তি থাকলে শত প্রতিকূলতাও জয় করা সম্ভব। তার এ সাফল্যে শুধু বাবা-মা কেন, পাড়া-পড়শিরাও আনন্দে উল্লসিত। নুরুল হুদার বাড়ি ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর সিকদারপাড়ায়। তার মা নূর জাহান। নুরুল হুদার বাবা নূর আহমদ রামু চৌমুহনী বণিক সমবায় সমিতিতে মাসিক তিন হাজার টাকা বেতনে নৈশপ্রহরীর কাজ করেন। তাঁর মেজ ছেলে নুরুল আবছার দশম শ্রেণীতে এবং ছোট মেয়ে কোহিনূর আক্তার অষ্টম শ্রেণীতে পড়ে। কিন্তু সামান্য আয়ে তিন সন্তানের পড়ালেখা এবং আহার জোগাতে তাঁকে হিমশিম খেতে হয়। নূর আহমদ জানান, নৈশপ্রহরীর কাজ করে মাস শেষে যে বেতন পাওয়া যায়, তা দিয়ে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালানো তো দূরের কথা পরিবারের সবার খাবারও জোটে না। তাই খেয়ে না খেয়ে সবাইকে বাঁচতে হচ্ছে। প্রায় সময় বিদ্যালয়ে ছেলেমেয়েদের পরীক্ষার ফিসহ পড়ালেখার খরচ আটকে যায়। ধার করে পরিশোধ করা হয়। কিন্তু এভাবে কত দিন চলবে। আবার ছেলেমেয়েদের পড়ালেখা করাটাও জরুরি। নূর জাহান বেগম জানান, সংসারে অভাব-অনটন লেগেই থাকে। এ অবস্থায় সম্পূর্ণ নিজের চেষ্টায় ছেলে এ সাফল্য অর্জন করেছে। এ জন্য তিনি ভীষণ খুশি। তাঁর স্বপ্ন ছেলে পড়ালেখা করে একদিন বড় প্রকৌশলী হবে। এ স্বপ্নের কথা বলতে বলতেই তাঁর চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ে।নুরুল হুদা জানায়, সুযোগ পেলে মা-বাবার ইচ্ছে পূরণে ইঞ্জিনিয়ারিং পড়ব। কিন্তু ইচ্ছের কতটুকু বাস্তবায়ন হয় জানি না। এ সাফল্যের জন্য সে বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানায়। আলহাজ ফজল আম্বিয়া উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক বেলাল আহাম্মদ জানান, নুরুল হুদা অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছেলে। উপযুক্ত পরিবেশ এবং পড়ালেখার সুযোগ পেলে আগামী দিনে সে আরও ভালো করবে।