
বাংলাদেশে এবারই প্রথম?
না। গত বছর অক্টোবরে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের এক ক্যানসার বিশেষজ্ঞের ডাকে এসেছিলাম। বড় অনুষ্ঠান হয়েছিল। চার-পাঁচ শ চিকিৎসক, বিশেষজ্ঞ। অনেকগুলো গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল। নানা বিষয়ে আমরা মতবিনিময় করলাম। ওই সেমিনার থেকেই মূলত বাংলাদেশে স্তন ক্যানসারের ব্যাপ্তি সম্পর্কে ধারণা হয় আমার। তখনই প্রাথমিকভাবে একটা আলাপ হয়েছিল। তার ভিত্তিতেই আসা। ইচ্ছে আছে বাংলাদেশের সঙ্গে যোগাযোগটা বাড়ানোর।
যোগাযোগটা বাড়ানো বলতে?
দেখুন, সিঙ্গাপুরে সরকারি হাসপাতালে বড়জোর ১৫ শতাংশ চিকিৎসক আছেন, যাঁদের বিশেষ শিক্ষাগত যোগ্যতা আছে। বেশিরভাগ বিশেষজ্ঞ সবাই বড় বড় বেসরকারি হাসপাতালে কাজ করেন। সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসক সংকট নেই। আমি চেষ্টা করছি অন্যান্য দেশের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে। যেমন এবার আমরা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের সঙ্গে কথাবার্তা বলব। রোগী দেখব এবং বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে করে জটিল কিছু অস্ত্রোপচার করব। এখন পর্যন্ত সরকারি পর্যায়ে কোনো সমঝোতা স্মারক হয়নি দুই দেশের সরকারের মধ্যে। আমরা চাচ্ছি কাগজে-কলমে একটা কিছু হোক। এরপর এ দেশের স্নাতকোত্তর পর্যায়ে থাকা শিক্ষার্থীদের সিঙ্গাপুরে প্রশিক্ষণ নিতে পারবে, পাশাপাশি আমরাও মাঝে মাঝে এসে রোগীদের সেবা দিয়ে যেতে পারব।
বাংলাদেশের অবস্থা কী, কী মনে হলো?
যেদিন থেকে গ্রাম ছেড়ে মানুষ শহরে আসতে শুরু করেছে, সেদিন থেকেই আসলে রোগশোক বেড়েছে। স্তন ক্যানসার কিন্তু জীবনযাপন পদ্ধতির ওপর অনেকটাই নির্ভরশীল। ধরুন যখন দেশের বেশির ভাগ মানুষ গ্রামে থাকতেন তখন এক কলসি পানি আনতে এক মাইল হেঁটে যেতে হতো। কী পরিশ্রমটাই না হতো। এখন কিন্তু আপনি কয়েক পা ফেললেই কলের পানি পাচ্ছেন। অর্থনৈতিক অবস্থার উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের খাওয়ার অভ্যাস বদলেছে। আমরা আঁশযুক্ত খাবার ফেলে একগাদা ক্যালরি আর চর্বিদার খাবার খাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রে স্তন ক্যানসারের হার অনেক বেশি। সিঙ্গাপুরের যে পরিসংখ্যান তাও ভয়াবহ। আরেকটু হলেই যুক্তরাষ্ট্রকে ছোঁবে। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, চীন, নেপালও সেদিকে হাঁটছে।
স্তন ক্যানসার থেকে দূরে থাকার উপায় কী?
স্তন ক্যানসার শুরুতে ধরা পড়লে একদম ভালো হয়ে যায়। তবে ক্যানসার হওয়া পর্যন্ত বসে থাকলে হবে না। বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোয় নারীরা খুবই লাজুক। বুকের মধ্যে মাংসপিণ্ড অনুভব করলেও কাউকে তাঁরা বলতে চান না। যখন ব্যথা শুরু হয় তখন চিকিৎসকের কাছে যান। একেবারে শেষ পর্যায়ে যাঁরা আসেন, তাঁদের জন্য আর কিছুই করার থাকে না। কিন্তু মাসিকের পর বুক ও হাতের নিচে কোনো পিণ্ড আছে কি না, নারীরা তা নিজেরাই ঘরে বসে পরীক্ষা করে নিতে পারেন। দরকার আসলে সচেতনতা।
সচেতনতা বাড়ানোর উপায় কী?
এই ধরুন অ্যাঞ্জেলিনা জোলি। স্তনে অস্ত্রোপচার করে ক্যানসারের ঝুঁকি কমিয়েছেন। সারা বিশ্বের মানুষ এ খবর জানে। আপনাদের দেশের একজন বিখ্যাত সংগীতশিল্পী আমার এক বন্ধুর কাছে চিকিৎসা নিয়েছেন। আমার বন্ধুটি বলল, তিনি এত বড় গায়িকা যে তাঁর অসুখের খবর শুনে দেশের মানুষ কেঁদেছে। তিনি এখন সুস্থ আছেন। তাঁকে আপনারা সচেতনতা বৃদ্ধির কাজে লাগাতে পারেন। তিনি যদি সচেতনতার বাণী প্রচার করেন, মানুষ সেটা গ্রহণ করবে। আপনাদের দরকার অ্যাঞ্জেলিনা জোলির মতো কাউকে।