দরজায় আঁকা শিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়ুন, কীভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া একটা শহর প্রাণ ফিরে পেয়েছিল আশ্চর্য এক শিল্পমাধ্যমের হাত ধরে, পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট ঘুম ঘুম এক শহর। নামটাই কেমন মায়া-জাগানিয়া—ভালোরিয়া। ইতালিয়ান ভূমধ্যসাগরের পশ্চিম সৈকতের তীরে গড়ে ওঠা নির্জন এই শহর যৌবন পেরিয়ে চলে গিয়েছিল বার্ধক্যে। শহরেরও জীবন আছে। আমাদের অলক্ষে শহরের বয়স বাড়ে। ঠিকমতো যত্ন না নিলে মরেও যায়। মানবসভ্যতায় অনেক বড় বড় শহর মরে গেছে এভাবে। সেখানে ভালোরিয়া তো আয়তনে নগণ্য।ভালোরিয়াও মরে যাচ্ছিল প্রায়। আর সব ছোট শহরের মতো ইতালির এই শহরও মুখোমুখি হয়েছিল সেই অভিন্ন সমস্যার—কাজের সন্ধানে সব তরুণ পাড়ি জমাচ্ছিল মিলান, রোমের মতো বড় শহরগুলোতে। একটা সময় এল, যখন শহরের বাসিন্দা বলতে থেকে গেলেন মাত্র ৩০ বৃদ্ধ-বৃদ্ধা। ঝরা পাতার মতো ধূসর হয়ে গেল শহরের রং।কাজের সন্ধানে ভালোরিয়া ছাড়া তরুণদের একজন অ্যাঙ্গেলো বালেস্ত্রা। মিলানে একটা বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতেন। ছুটিছাঁটা পেলেই ছুটে আসতেন বাড়িতে। এমনকি একবার ভালোরিয়ায় ফিরে বুকটা তাঁর হাহাকারে ভরে গেল শহরের জীর্ণ দশা দেখে, ‘মনে হলো, আমাদের শহরের ইতিহাস কালের অতলে হারিয়ে যাচ্ছে।’যে ভালোরিয়া প্রায়ই উৎসবে মেতে উঠত, যে ভালোরিয়ার প্রতিটি মানুষের মনে লুকিয়ে থাকত একটা শিল্পী; সেই শহরই বৈধব্যের সাজে সেজেছে! বালেস্ত্রা সিদ্ধান্ত নিলেন, এমন কিছু একটা করতে হবে, যেন এই শহরের জেল্লা ফিরে আসে আবার। ১৯৯১ সালে গঠিত হলো লে ত্রে ফন্তেন (দ্য থ্রি ফাউন্টেন) নামের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। দুটো লক্ষ্য নির্ধারণ করা হলো: শহরটার সংস্কারকাজে হাত দেওয়া আর ছোট্ট একটা জাদুঘর নির্মাণ। এর জন্য চাই তহবিল। ১৯৯২ সালে আয়োজন করা হলো গ্রীষ্মকালীন উৎসব।প্রথম আয়োজনেই দারুণ সাড়া। কিন্তু তাতেই সন্তুষ্ট হলেন না বালেস্ত্রা। এমন কিছু করতে চাইলেন, যাতে পর্যটকেরাই শুধু আকৃষ্ট হবে না, আলোচিতও হবে। পুরোনো ঐতিহ্যের দ্বারস্থ হলেন বালেস্ত্রা। সিদ্ধান্ত নেওয়া হলো, শহরের প্রতিটা দরজা তুলে দেওয়া হবে শিল্পীদের হাতে। ক্যানভাস হিসেবে দরজাকেই ব্যবহার করবেন শিল্পীরা। সেখানেই আঁকবেন ছবি।১৯৯৪ সালের জুলাই মাসে প্রথম ডোর-পেইন্টিংয়ের আয়োজন করা হলো। স্থানীয় শিল্পীদের পাশাপাশি মিলান আর তুরিন থেকেও এলেন অনেকে। প্রথম আয়োজনে সব মিলে ১৮টি দরজায় আঁকা হলো চিত্রকর্ম। এর মধ্যে বেশ কিছু ছবি দারুণ আলোচিত হলো। মার্সেলোনো বনোমির আঁকা ম্যাডোনা অ্যান্ড চাইল্ড, ফ্যাব্রিজিও রিকার্দির বিস্মিত নানের ছবি আলোচিত হলো বিশ্বজুড়ে শিল্পীসমাজেও। ধীরে ধীরে ভালোরিয়ার নাম ছড়িয়ে পড়ল সব খানে। বিশ্বের নানা প্রান্ত থেকে অনুরোধ আসতে লাগল ছবি আঁকার সুযোগ করে দেওয়ার। ফ্লোরেন্সের আলেসান্দ্রা পুপ্পো যেমন বলেছেন, ‘কাউকেই পারিশ্রমিক দেওয়া হয় না। কিন্তু ছোট্ট-পুরোনো এই শহরে নতুন প্রাণ ছড়িয়ে দেওয়ার এই যে আয়োজন, তাতে শামিল হতে পারাও সম্মানের।’এখন পর্যন্ত এভাবে ১২২টি দরজায় আঁকা হয়েছে। খুব বেশি দরজা আর বাকি নেই। ‘প্রতিবছর এখন আর ছয় থেকে সাতটির বেশি দরজা আমরা দিতে পারি না। গতবারের উৎসবে ৩০টির মতো আবেদন এসেছিল। বেশির ভাগকেই না বলে দিতে হয়েছে’—বলেছেন বালেস্ত্রা।সুযোগ পাওয়া শিল্পীদের একজন যুক্তরাষ্ট্রের মিচেলিনা ক্রোট্যু। ইন্টারনেটে ভালোরিয়ার দরজার ছবি দেখার পর তিনিও আবেদন করেছিলেন। বেশ সময় নিয়ে এঁকেছেন ওরিগামি ফর পিস। নিজের অভিজ্ঞতার কথা বলেছেন, ‘ভালোরিয়ায় আমার অভিজ্ঞতা ছিল অসাধারণ। যখন আঁকছিলাম, গ্রামের সবাই এসে আমার কাজ দেখেছে। উৎসবে সময়টা দারুণ কেটেছিল।’জুলাইয়ের দরজা আঁকা উৎসব শেষে আগস্টে বিরাট উৎসব হয় ভালোরিয়ায়। যে উৎসবে স্থানীয় লোকদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যান আমন্ত্রিত অতিথিরা। কিছু কিছু দিক দিয়ে ভালোরিয়ায় খুব বেশি পরিবর্তন হয়নি। জনসংখ্যা কয়েক শ থেকে কমে ত্রিশে নেমে গিয়েছিল, এখন স্থায়ী বাসিন্দা মাত্র ৪০। এখনো বছরের বেশির ভাগ সময় ঘুম ঘুম নির্জন শহর হয়েই থাকে ভালোরিয়া। কিন্তু দুটো মাস ঘুম থেকে জেগে উঠে ভালোরিয়া পরিণত হয় উৎসবের শহরে। অচেনা এই শহর এখন পর্যটকদের অন্যতম আকর্ষণও। ভালোরিয়া বেঁচে আছে এভাবে। ভালোরিয়ার দরজায় আঁকা শিল্পকর্মগুলো দেখতে লগঅন করুন: www.valloria.it।রাজীব হাসানরিডার্স ডাইজেস্ট অবলম্বনে