দরজিবাড়ি তাড়াতাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে মনের মতো পোশাক চাইলে এখনই যান দরজিবাড়ি। ছবি: নকশা
ঈদে মনের মতো পোশাক চাইলে এখনই যান দরজিবাড়ি। ছবি: নকশা

শপিং মল কিংবা ফ্যাশন হাউসগুলো থেকে যাঁরা তাঁদের পছন্দের পোশাকটি কিনবেন, তাঁরা তো অপেক্ষা করছেনই নতুন কী আসবে। আর যাঁরা নিজের পোশাকটা পছন্দসই কাপড় আর নকশায় বানাতে চান, তাঁরা এখন দরজিবাড়ি যাওয়ার ব্যস্ততায় আছেন। যেহেতু রোজা শুরু হওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই দরজিবাড়িতে ফরমায়েশ নেওয়া বন্ধ হয়ে যায়, তাই পছন্দের পোশাক তৈরিতে উদ্যোগ নিতে হবে এখন থেকেই।
ঈদ এবার গরমে হবে, তাই সুতি কাপড়ের দিকেই আগ্রহ সবার। ঈদ উপলক্ষে বাজারে এসেছে নতুন নতুন গজ কাপড়। সুতি কাপড়ে আছে বাহারি নকশার কাজ। সুতির মধ্যে হালকা রঙের জংলি ছাপার গজ কাপড়ে রয়েছে ব্লক, এমব্রয়ডারি ও চুমকির ভারী কাজ। ঈদপোশাকে একটু জমকালো ভাব আনতে চাইলে চোখজুড়ানো কাতান বা সিল্ক গজ কাপড়েরও অভাব নেই বাজারে।
ঢাকার নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনীচক, বসুন্ধরা সিটি শপিং মল, সানরাইজ প্লাজা, মিরপুরসহ বিভিন্ন স্থানে পাওয়া যাবে বাহারি রং আর ডিজাইনের নানা দামের সুতির গজ কাপড়। এ ছাড়া পাওয়া যাচ্ছে সেলাই ছাড়া সুতি কাপড়ের ওপর এমব্রয়ডারি করা থ্রিপিস। যার দাম পড়বে ৮৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা। আর সুতির গজ কাপড়ের দাম পড়বে প্রতি গজ ৩০০ থেকে ৯০০ টাকা। সুতির মধ্যে ব্লকপ্রিন্ট ও বাটিক করা কাপড়ের দাম পড়বে এক থেকে আড়াই হাজার টাকার মধ্যে। এ ছাড়া জর্জেট বা শিফনের মধ্যে কাজ করা কাপড়ের দাম ১ হাজার ২০০ থেকে ৪ হাজার টাকা। সুতি কাতান ২৫০ থেকে ৪০০ টাকায়, কাতান কাজ করা গজ কাপড় ১ হাজার ২০০ ও চিকন কাপড় ২৫০ থেকে ৫০০ টাকা দরে কিনতে পারবেন। আরও আছে লিনেন প্রিন্ট ২০০ থেকে ৭০০ টাকা, নেট কাপড় ১৭০ থেকে ৪০০ টাকা ও লেইস কাপড় গজপ্রতি পড়বে ২৫০ থেকে ৭০০ টাকা
তৈরি পোশাকে এখন খুব চলছে লেইসের ব্যবহার। পোশাকটিকে একটু ভিন্ন ডিজাইনের বানাতে লেইসের জুড়ি নেই। বাজারে বাহারি ডিজাইন আর দামের লেইস পাওয়া যায়। সেখান থেকে আপনি অনায়াসেই কিনতে পারেন পছন্দসই লেইস। বাজারে পাওয়া যায় হরেক রকমের লেইস আর দামটাও মোটামুটি হাতের নাগালে। নেট ৬০ থেকে ৭০ টাকা, এমব্রয়ডারি ২০০ থেকে ৫০০ টাকা, ক্রুশ লেইস ১৫ থেকে ১৫০ টাকা, কাতানের লেইস ২০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত আছে। এ ছাড়া বোতাম, টারসেলসহ বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করতে পারেন পোশাকে।
এখন এমব্রয়ডারি এবং ব্লকপ্রিন্টও চলছে ফ্যাশনে। গলা, হাতে, পেছনে বা জামার দুই পাশে বেশ চলে এমব্রয়ডারির কাজ। শুধু এমব্রয়ডারি নয়, সেই সঙ্গে করাতে পারেন কারচুপি বা ব্লকের কাজ। প্রিয় পোশাকে ভিন্নতা আনতে এতে বসাতে পারেন চুমকি, পুঁতি বা গ্লাস। স্প্রে, হ্যান্ডপেইন্ট অথবা অ্যাপ্লিকও করিয়ে নিতে পারেন আপনার পছন্দসই ডিজাইন অনুযায়ী।
রাজধানীর গাউছিয়া, ইস্টার্ন মল্লিকা মার্কেট ঘুরে জানা গেল কম ঝুলের, পেছনে চেইন দেওয়া কামিজ, সাধারণ কাটের সালোয়ার, চুড়িদার, পালাজ্জোর দিকেই ঝোঁক সবার। আনারকলি, ফ্রক কাটের কামিজও চলছে। দোকানে বইয়ের নকশা দেখে অনেকেই তৈরি করে নিচ্ছেন তাঁদের পছন্দের পোশাকটি।
সুতির সালোয়ার-কামিজ বানাতে নকশাভেদে খরচ পড়ে ৪০০ থেকে ৬০০ টাকা। সিনথেটিক জামা বানাতে খরচ একটু বেশিই পড়ে। বানানো যাবে ৫০০ থেকে ৯০০ টাকায়। তবে আনারকলি বা ফ্রক কাটের জামা বানাতে খরচ পড়ে ৮০০ থেকে ১ হাজার ৭০০ টাকা পর্যন্ত।
রাজধানীর গাউছিয়া, নিউমার্কেট, চাঁদনীচক, গাউসুল আজম মার্কেট, ফার্মগেট, ইস্টার্ন প্লাস, লালমাটিয়া, সোবহানবাগে রয়েছে বেশ কিছু ভালো দরজিবাড়ি। এ ছাড়া গুলশান, উত্তরাসহ এলাকাভেদে সব জায়গায় রয়েছে দরজিবাড়ি। পছন্দের পোশাক বানাতে তাহলে আর দেরি কেন?
জানা তো হলো সব। তবে এখন-ই যেতে হবে দরজিবাড়ি।