দরজিবাড়ি তাড়াতাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কাপড় কিনে গন্তব্য তো দরজিবাড়িই। তাই কাপড়ের বাজারে যতটা ভিড়, দরজিবাড়িও তেমনই জমেছে। এখন থেকেই ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম দরজিবাড়ির কারিগরেরা। ঢাকার চাঁদনী চকের তৃতীয় তলায় এর রেশটা বোঝা গেল ভালোভাবেই।
রকমারি গজ কাপড় এবং নানা নকশার সেলাইছাড়া কাপড় নিয়ে পছন্দমতো পোশাক বানাতে হাজির হচ্ছেন ক্রেতারা। ক্যাটালগ দেখে, আবার কখনো নিজের পছন্দ অনুযায়ী নকশা দরজিদের বোঝাতে ব্যস্ত তাঁরা। ঈদের আগে দরজিবাড়ির এই ঝামেলা পোহাতে কেউ কেউ রয়েছেন আরও এক ধাপ এগিয়ে। বেশ আগেই ফরমায়েশ দিয়ে রেখেছিলেন। রমজান মাসের শুরুতেই পেয়ে যাচ্ছেন তাঁরা ঈদের পোশাকটি। ভিকারুননিসা নূন কলেজের ছাত্রী অন্তি জানালেন, রমজান মাস শুরু হয়ে গেলে দর্জির দোকানগুলোতে চাপ এতটাই বেড়ে যায় যে অনেক সময় পোশাকটির কাঁটছাট আর পছন্দ হয় না।

.
.

আগামী সপ্তাহ থেকে ক্রেতাদের এই ভিড়টা আরও বেড়ে যাবে বলে জানালেন চাঁদনী চকের সুশীলা লেডিস ফ্যাশনের কাটিং মাস্টার মোহাম্মদ রতন। তিনি জানান, এবারে কামিজের ঘেরটা বেড়ে ৩৮ ইঞ্চি এবং ঝুলটা ৫০ ইঞ্চি পর্যন্ত নামবে। এ ছাড়া কুর্তার দৈর্ঘ্য এবার হাঁটুর নিচ পর্যন্ত নামছে বলে জানালেন তিনি।
নিউমার্কেট ও চাঁদনী চকের দরজির দোকানগুলো ঘুরে দেখা গেল, প্রায় প্রতিটি দোকানেই ২০ রমজান পর্যন্ত কাপড়ের ফরমায়েশ নেওয়া হবে। এখানে কাটের ওপর নির্ভর করে সালোয়ার-কামিজের মজুরিটা পড়বে ৫০০ থেকে ১৫০০ টাকা। সালোয়ারের ক্ষেত্রে এবার পালাজ্জোটা খুব চলছে বলে জানালেন গুলশানের পিংক সিটির হেনা টেইলার্সের কর্মী মোহাম্মদ হিরণ। লিনেনের কাপড়ে নিচের দিকে ছাপা নকশার একধরনের পাল্লাজ্জোর আয়োজন থাকছে এবার। এক রঙের কাপড় কিনে যে কেউ পছন্দমতো পালাজ্জো বানিয়ে নিতে পারবেন এখান থেকে। এখানে মজুরি পড়বে ৫০০ থেকে ১০০০ টাকা। এ ছাড়া একটু ঘের দেওয়া কামিজে কলি এবং ইয়োক বসাতে চাইলে চলে আসতে পারেন পিংক সিটিতে। এখানে জর্জেট এবং লনের লম্বা কামিজ বানাতে খরচ পড়বে ৬০০ টাকা। এমব্রয়ডারির কলি এবং ইয়োক বসাতে চাইলে নকশা অনুযায়ী কামিজ বানানোর খরচটা প্রায় ৩০০০ টাকার কাছাকাছি হবে। গত কয়েক বছরের মতো ব্লাউজের নকশায় এবারও থাকছে লেস, চুমকি আর নেটের ব্যবহার। পিংক সিটির মুক্তি লেস হাউসের গিয়াস উদ্দীন জানালেন, রাউন্ড বি মানে ব্লাউজের পেছনের দিকে বেশ কিছুটা অংশ খোলা রাখা হচ্ছে। ব্লাউজের হাতাটা রাখা হচ্ছে হাফ স্লিভ। শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে একদিকে কাতান, আরেকদিকে বিপরীত রঙের কাপড়ের প্লিট ব্যবহার করা হচ্ছে। এই ধরনের ব্লাউজ বানাতে নকশানুযায়ী খরচ পড়বে ৫০০ থেকে ১৫০০ টাকা।

ছেলেদের পোশাক
নিজেদের নকশায় পছন্দের পোশাকটি বানিয়ে নিতে পিছিয়ে নেই ছেলেরাও। নিউমার্কেটের ইয়াছির পাঞ্জাবির পরিচালক মোহাম্মদ মানিক জানালেন, এখন ছেলেদের পাঞ্জাবিগুলোয় শেরওয়ানি কাটকে প্রাধান্য দিচ্ছে ক্রেতারা। পাঞ্জািবর দৈর্ঘ্যটা হাঁটুর নিচ পর্যন্ত নামবে। এ ছাড়া ছেলেদের সালোয়ারে প্রাধান্য পাবে একটু চাপা কাট। একইভাবে প্যান্টের কাটটাও একটু চাপা হবে বলে জানালেন এলিফ্যান্ট রোডের টপ টেন টেইলার্সের পরিচালক মুস্তাকিম খান। তিনি জানান, বরাবরের মতো অরবিন্দ আর সেঞ্চুরি কাপড়ের ফরমাল শার্টই বেশি বানাচ্ছেন ক্রেতারা। আর সে ক্ষেত্রে মজুরিটা পড়বে ৩২০ টাকা।