দরপতনে চাষির হাসি ফিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফের হোয়াইক্যং লম্বাঘোনা এলাকায় খেত থেকে তুলে আনা হলুদ বাছাই করছেন এক আদিবাসী নারী
টেকনাফের হোয়াইক্যং লম্বাঘোনা এলাকায় খেত থেকে তুলে আনা হলুদ বাছাই করছেন এক আদিবাসী নারী

টেকনাফে হলুদের ফলন ভালো হয়েছে এই মৌসুমে। কিন্তু অব্যাহত দরপতনে চাষির মুখের হাসি ফিকে হয়ে গেছে। গেল বছর শুকনা হলুদের মণ ছিল ১২ হাজার টাকা, এবার তা আট হাজার ৮০০ টাকা। দাম কমেছে কাঁচা হলুদেরও। গত বছর কাঁচা হলুদের মণ ছিল চার হাজার ৮০০ টাকা, এবার তা দুই হাজার ৪০০ টাকা।
চাষিরা জানান, গত বছর যেসব চাষি হলুদ চাষ করেননি, এবার তাঁরাও লাভের আশায় হলুদের চাষ করেন। এমনকি পাহাড়ের অনেক জুমচাষি অন্য ফসল ভুট্টা, মরিচ ও শিম চাষ বাদ দিয়ে বেশি লাভের আশায় শুধু হলুদের চাষ করেন। কিন্তু ফলন ভালো হলেও দর পড়ে যাওয়ায় কম-বেশি সবাই লোকসানের মুখে পড়েছেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি বছর টেকনাফ উপজেলায় ৪৫০ হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে। গত বছর এর প্রায় অর্ধেক জমিতে চাষ হয়েছিল। উপজেলার হ্নীলা, বাহারছড়া ও হোয়াইক্যং এ তিনটি পাহাড়ি ইউনিয়নে হলুদের চাষ হয়েছে বেশি।
হোয়াইক্যংয়ের লম্বাঘোনার হলুদচাষি লাইনু চাকমা বলেন, ‘গত বছর বাজারে হলুদের দর ভালো থাকায় লাভের আশায় দুই একর জমিতে হলুদের চাষ করেছিলাম। এখন বাজারে যে দর, তাতে আমার এক লাখ টাকার মতো লোকসান গুনতে হবে।’
একই এলাকার সাইকা চাকমা বলেন, ‘দাদন নিয়ে হলুদ চাষ করেছি। এখন দাদনের টাকা শোধ করব কীভাবে?’
কম্বনিয়াপাড়া গ্রামের রত্না চাকমা জানান, আগে বাজারে হলুদ নিয়ে এলে ব্যাপারীদের কাড়াকাড়ি লেগে যেত। এ বছর ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও ক্রেতা মিলছে না।
হলুদ ব্যবসায়ী নুরু মিয়া সওদাগর ও অনিল কুমার ধর বলেন, ‘চাষিদের চেয়ে আমাদের অবস্থা আরও করুণ। হঠাৎ দরপতনের কারণে লোকসানের অঙ্ক বেড়েই চলেছে।
দর ওঠানামা করায় চাষি ও ব্যবসায়ী উভয়েই ক্ষতির শিকার হচ্ছি। চলতি মৌসুমে ফলন ভালো হওয়ায় দাম কমেছে বলে ধারণা করা হচ্ছে। তবে রোজা ও কোরবানির আগে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।’
দর কমে যাওয়া প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো আবদুল লতিফ বলেন, ‘আমাদের দায়িত্ব উৎপাদনের বিষয়টি দেখা। বাজারে দরপতনের কারণ দেখার বিষয় নয়।’