পার্বত্যাঞ্চলের গরিব আদিবাসী শিশুশিক্ষার্থীদের আশ্রয়স্থল মহালছড়ি আবাসিক ছাত্রাবাস। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দুর্গম পাহাড়ের প্রান্তিক শিশুদের পড়ালেখার সুযোগ করে দিচ্ছে। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দিন দিন এখানে আশ্রয়প্রার্থী শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। সে কারণে এলাকার সর্বস্তরের মানুষ ছাত্রাবাসটির আসনসংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ছাত্রাবাসের ৭৫ জন শিক্ষার্থীর ভরণপোষণের দায়িত্বে রয়েছে। তারা সবাই মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে। ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনমনি চাকমা। সরেজমিন ঘুরে দেখা যায়, মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে লাগোয়া কয়েকটি টিনসেড ঘর। ঘরগুলিই মহালছড়ি আবাসিক ছাত্রাবাস। এখানে থেকেই পড়ালেখা করছে পাহাড়ের সবচেয়ে পিছিয়ে পড়া ও দুর্গম এলাকার শিশুরা। ঘরের টিনগুলো বেশ পুরোনো। তবে আশপাশ বেশ পরিচ্ছন্ন। অনেক শিশুকে দেখা গেছে বারান্দায় মনের আনন্দে খেলছে। ছাত্রাবাসের একদিকের নিরাপত্তা দেয়াল ধসে পড়েছে। সেটি টিন দিয়ে ঢাকা। ভান্ডারে দেখা গেল চাল, ডাল, তেলসহ নানা নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ খেলাধুলার সরঞ্জাম, প্রসাধনসামগ্রী ও শিশুদের শিক্ষার উপকরণ। সবকিছু বেশ সাজানো-গোছানো। ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনমনি চাকমা জানান, প্রধান শিক্ষক পদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের দায়িত্বও পালন করতে হচ্ছে। এই অতিরিক্ত দায়িত্বের জন্য তিনি সম্মানী পান মাত্র ১০০ টাকা। তিনি বলেন, ‘ছাত্রাবাস তত্ত্বাবধানে পরিশ্রম করতে হলেও গরিব অসহায় ছাত্র-ছাত্রীদের শিক্ষার আলো দিতে পারছি, এতেই আমার সন্তুষ্টি।’ স্কুলের সহকারী শিক্ষকেরাও অতিরিক্ত সময় ও শ্রম দিয়ে ছাত্রাবাসে অবস্থানরত ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিতে বিশেষভাবে সহযোগিতা করছেন। ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের পাশের হার শতভাগ। ছাত্রাবাসের শিক্ষার্থী তৃতীয় শ্রেণীর ছাত্রী আহ্লামে মারমার বাড়ি মহালছড়ি উপজেলার দুর্গম সিন্দুকছড়ি ইউনিয়নের তিন্দুকছড়ি গ্রামে। সে জানায়, ‘এখানে যে সুযোগ-সুবিধা পাই, বাড়িতে সেসব পাই না।’মহালছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান লাব্রেচাই মারমা বলেন, এই ছাত্রাবাসে এমনও শিশু আছে যারা এখানে থাকার সুযোগ না পেলে শিক্ষার আলো কখনো পেত না। তিনি ছাত্রাবাসের আসনসংখ্যা অন্তত আরও ২৫টি বাড়ানোর দাবি জানান। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ছাত্রাবাসটি থাকার কারণে দুর্গম এলাকার ৭৫ জন শিশু শিক্ষার সুযোগ পাচ্ছে। খাগড়াছড়িতে এ ধরনের আরও উদ্যোগ নেওয়ার প্রচেষ্টা চলছে। পাশাপাশি মহালছড়ি আবাসিক ছাত্রাবাসের আসন সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।