দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ
আশীষ জলদাস (১৫)। পদুয়া এসিএম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। তার বাবা রিকশাচালক টন্টু জলদাস বলেন, ‘দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে যেখানে হিমশিম খেতে হয় সেখানে ছেলেকে কীভাবে পড়াব বুঝে উঠতে পারছি না। কেরোসিনের অভাবে রাতের বেলায় ছেলেকে অন্যের বাড়ি পাঠাতে হয় পড়ার জন্য।’ রিকশাচালক রফিকের মেয়ে রিনা আক্তার পড়ে মোস্তফা বেগম বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে। মেয়েকে কোনো দিন গৃহশিক্ষক দিতে পারেননি বলে বাবার মনে কষ্ট। তবুও রিনার পড়ার অদম্য আগ্রহ। কাঠুরিয়া আব্দুল গনির মেয়ে ফরিদা ইয়াসমিন পড়ে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চবিদ্যালয়ে। ফরিদার আক্ষেপ ‘সচ্ছল সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতায় কুলিয়ে উঠতে পারছি না।’ মেধাবী শিক্ষার্থী রবিউল, মেঘনা, রিমাসহ লোহাগাড়ার এরকম দরিদ্র শিক্ষার্থীদের দুর্ভাবনা, যদি তাদের বাবা-মা আর কোনো দিন বিদ্যালয়ে যেতে না দেন? অথচ তাদের আশা, একটু আর্থিক সহযোগিতা পেলে তারাও হতে পারতো চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক। এই মেধাবী মুখগুলোর দিকে ফিরে তাকিয়েছে লোহাগাড়া উপজেলা পরিষদ। পরিষদের উদ্যোগ প্রশংসা পেয়েছে সবার। অনুসন্ধানে জানা যায়, চরম্বা ইউনিয়নের টংকাবতী খালে ২০০২ সালে চালু হয় রাবারড্যাম। এ রাবারড্যামে বোরো মৌসুমে ছয় মাস পানি ধরে রেখে চাষ হয়। শুষ্ক মৌসুমে চরম্বায় চাষের আওতায় আসে আরও দুই হাজার হেক্টর জমি। কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন ঘটে পুরো চরম্বায়। উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী ছয় কিলোমিটার দীর্ঘ এ রাবারড্যামে দরিদ্র মেধাবীদের আর্থিক সহায়তার লক্ষ্যে এ বছর থেকে শুরু করেছেন মাছচাষ। তিনি বললেন, ‘মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে আমি প্রথম লোহাগাড়ায় মা সমাবেশের আয়োজন করি। মায়েদের সচেতনতা বাড়াতে এ উদ্যোগ যথেষ্ট ফলপ্রসূ হয়। মা সমাবেশ থেকে জানা যায়, আর্থিক দৈন্যের কারণে ইচ্ছে থাকলেও তাঁরা ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাতে পারছেন না। তাই এর পর থেকে তাঁদের আর্থিক দৈন্য নিরসনের পথ খুঁজতে থাকি। অবশেষে পেয়েও যাই সে উপায়। চরম্বার রাবারড্যামে পরিকল্পিত উপায়ে মাছচাষ করলে দরিদ্র মেধাবীদের লেখাপড়া আর বন্ধ হবে না। টাকার অভাবে মাঝপথে কাউকে ঝরে পড়তে হবে না। এ লক্ষ্যে কাজ শুরু করি।’প্রাথমিকভাবে ব্যক্তিগত উদ্যোগে উপজেলা চেয়ারম্যান ছয় লাখ টাকার পোনা ছাড়েন। এ ছাড়া মাছচাষিদের সঙ্গে সমান অংশীদারিত্বের ভিত্তিতে দুই লাখ মনোসেক্স তেলাপিয়া এবং দুই লাখ পাঙাশ পোনা ছাড়া হয়। আগামী মে মাসের মাঝামাঝি এ মাছ ধরা হবে। উপজেলা চেয়ারম্যান জানান, মাছ বিক্রির টাকা উপজেলা চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তার যৌথ হিসাবে ব্যাংকে জমা থাকবে। বছরের শুরুতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের প্রধানের কাছ থেকে দরিদ্র শিক্ষার্থীর তালিকা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ জানান, ইতিমধ্যে ২৬টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে দরিদ্র মেধাবী শিক্ষার্থীর তালিকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে তিন হাজার শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হবে। পরবর্তীকালে এ সংখ্যা ছয় হাজারে উন্নীত করা হবে। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার চৌধুরী জানান, ‘এ উদ্যোগ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আশার আলো।’ রিকশাচালক অভিভাবক নির্মল দাশ এ উদ্যোগের কথা শুনে বলেন, ‘ভেবেছিলাম মেয়েকে হয়তো এসএসসি পর্যন্ত পড়াতে পারব না। যদি আর্থিক সহযোগিতা পাই কষ্ট করে হলেও মেয়েকে শিক্ষিত করব।’ লোহাগাড়ার পদুয়া ও চুনতি এলাকায় আরও দুটি রাবারড্যাম চালুর দাবি জানান স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা। তাঁরা মনে করেন, এর ফলে লোহাগাড়ার আর কোনো দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে অন্তত টাকার অভাবে লেখাপড়া ছেড়ে দিতে হবে না। এ রাবার ড্যাম দুটি চালু হলে লোহাগাড়ায় বোরো মৌসুমে পাঁচ হাজার হেক্টর জমিতে ধান উৎপাদন বাড়বে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল হক চৌধুরী।