দরিদ্র মানুষের আইনি সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান
দরিদ্র মানুষের আইন সহায়তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদা। ৯ সেপ্টেম্বর বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) উদ্যোগে নগরের একটি হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান ও বার কাউন্সিলের নব নির্বাচিত সদস্য মো. ইব্রাহিম হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে কমিউনিটি লিগ্যাল সার্ভিস বিষয়ে ব্লাস্ট-ইপসা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ব্লাস্টের কমিউনিটি লিগ্যাল সার্ভিস প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে প্রশ্নোত্তরপর্বে বিভিন্ন বিষয়ে উপস্থিত আইনজীবীদের প্রশ্নের উত্তর দেন রহিমা আকতার, হালিমা সাদিয়া বেগম ও জোবাইদা গুলশান আরা। অনুষ্ঠানে উপস্থিত জেলা লিগ্যাল এইড অফিসার মুজাহিদুর রহমান, জিপি নজমুল আহসান খান, ব্লাস্টের পরিচালনা পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র লালা, চট্টগ্রাম ব্লাস্টের সমন্বয়কারী রেজাউল করিম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি