দরিয়ানগরে উৎসব
বৈচিত্র্যময় আয়োজনে বর্ষবরণে প্রস্তুত দরিয়ানগর। পয়লা বৈশাখে সৈকতের লাবণী পয়েন্টে বৈশাখী মেলা ও বিচ কনসার্ট, স্টেডিয়ামে বলীখেলা, পিঠা উৎসব, রাখাইন পল্লিতে জলকেলি উৎসব ও দরিয়ানগর পাহাড়ে কবিতা উৎসবে কয়েকদিন মুখর থাকবে পর্যটনশহর কক্সবাজার। বলীখেলা ও বৈশাখী মেলা হবে উপজেলা সদরের পাড়াগাঁয়েও। বৈশাখী মেলা: সৈকতের লাবণী পয়েন্টে পয়লা বৈশাখ শুরু হবে দুই দিনব্যাপী বৈশাখী মেলা ও বিচ কনসার্ট। জেলা প্রশাসন প্রথমবারের মতো এই মেলার আয়োজন করছে। দ্বিতীয় দিন সৈকতে অনুষ্ঠিত হবে বিচ কনসার্ট। ক্লোজআপ-ওয়ান, সেরাকণ্ঠ, ক্ষুদে গানরাজ ও ইটিভি বাংলার এপার-ওপারে সুরদরিয়া অনুষ্ঠানের শিল্পীরা এতে অংশ নেবেন। থাকবে বাঙালি পোশাক নিয়ে ফ্যাশন শো। জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদ জানান, ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ উদ্যাপনের প্রস্তুতি চলছে। আশা করি অনুষ্ঠান সফল হবে। মঙ্গল শোভাযাত্রা: সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্ব্বাবধানে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সকাল ১০টায় বেরোবে মঙ্গল শোভাযাত্রা। এরপর চলবে আলোচনা, নাচ গান ইলিশ-পান্তা খাওয়ার প্রতিযোগিতা। পিঠা উৎসব: স্বপ্নের সিঁড়ির সভাপতি সাইফুল আরাফাত জানান, বৈশাখ উপলক্ষে তাঁরা শহরের পাবলিক হল মাঠে পিঠা উৎসবের আয়োজন করবেন। বিকেলে কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রেও পিঠা উৎসব হবে। কবিতা উৎসব: কক্সবাজারের কবি ও নাট্যজন কামরুল হাসানের কাব্যগ্রন্থ নাফ কাব্য-এর মোড়ক উন্মোচন ও কবিতা উৎসব হবে শহর থেকে ২০ কিলোমিটার দূরে মেরিন ড্রাইভ সড়কের দারিয়ানগর পাহাড়চূড়ায়। এখানে কলকাতা ও বাংলাদেশের প্রায় ৭০ জন কবি সমবেত হবেন বলে জানান কামরুল হাসান। সন্ধ্যায় শহরের সমুদ্রসৈকতের কবিতা চত্বরে (ডায়াবেটিকস হাসপাতাল পয়েন্ট) দুই বাংলার কবিদের কবিতা পাঠের আসর বসবে। জলকেলি উৎসব শহরের টেকপাড়ায় ১৭ এপ্রিল থেকে শুরু হবে রাখাইন তরুণ-তরুণীদের জলকেলি বা সাংগ্রাং উৎসব। চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। ১৭ এপ্রিল থেকে রাখাইন অব্দ বা নতুন বছর শুরু। নতুন বছর বরণ এবং পুরোনো বছরকে বিদায় জানাতে রাখাইনেরা এই উৎসবের আয়োজন করেন। টেকনাফ, উখিয়া, রামু, চৌফলদণ্ডি, হারবাং, মহেশখালী, চকরিয়াসহ বিভিন্ন এলাকার রাখাইন পল্লি জলকেলি উৎসবে সরগরম থাকবে। রাখাইন পল্লিতে ফুল, বেলুন ও পত্রপল্লব শোভিত ১২টি মণ্ডপ তৈরি করা হয়েছে। এ ছাড়াও কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার সরকারি মহিলা কলেজ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবের আয়োজন করছে।