দরিয়াপারে সুরের টান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ও রে নীল দরিয়া/ আমায় দে রে দে ছাড়িয়া’—দরিয়াপারে সুরের টান। শিল্পীর কণ্ঠে বিরহকাতর নাবিকের আকুতি। ছিল সাম্পানওয়ালার প্রেম। মাঝে লালনের সুর—‘আমি অপার হয়ে বসে আছি...।’ সুরের খেয়ায় অন্য রকম রাত। প্রায় প্রতিটি গানেই শিল্পীর কণ্ঠে গলা মেলালেন শ্রোতারা। মুগ্ধতার আবেশ ছড়ানো রাতে সুরের বর্ষণ।১ মে কক্সবাজারের হোটেল কক্স টু ডে মিলনায়তনে রাত গভীর হয় গানে গানে। বসেছিল চট্টগ্রামের সাংবাদিকদের মিলনমেলা। চট্টগ্রাম প্রেসক্লাবের আয়োজনে প্রীতি সম্মিলনে যোগ দিতে পরিবারসহ জড়ো হন সাংবাদিকেরা। সমুদ্রদর্শন ও আড্ডা-আনন্দে কেটেছে পুরো দিন। আর রাতে সাংস্কৃতিক আয়োজন।রাত আটটায় অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে আসেন শিল্পী সোমা দাশ। গেয়ে শোনান ‘যখন থামবে কোলাহল’ ও ‘ওই ঝিনুক ফোটা সাগরবেলা’। এরপর আসেন লিটন সেন। দরাজ কণ্ঠে গেয়ে ওঠেন ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’। কিংবদন্তি শিল্পী মান্না দের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে একে একে গেয়ে শোনান ‘সুন্দরী গো দোহাই দোহাই’, ‘যদি হিমালয়,’ ‘ও চাঁদ সামলে রাখো জোছনাকে,’ ‘খুব জানতে ইচ্ছে করে’সহ বেশ কয়েকটি গান। এবার মঞ্চে ডাক পড়ে সুবর্ণা বড়ুয়ার। তিনি শুরু করেন ‘বলছি তোমায় কানে কানে’ গানটি দিয়ে। ততক্ষণে জমে গেছে অনুষ্ঠান। হাততালি আর হর্ষধ্বনিতে মুখর মিলনায়তন। কেউ কেউ নেচে চলেছেন অবিরাম। সুবর্ণার কণ্ঠে ‘এক বৈশাখে দেখা হলো’, ‘ওরে সাম্পানওয়ালা’, ‘মধু হই হই’, ‘তোমাকে চাই আমি আরও কাছে’ গানগুলোতে বেশ মজা করেন দর্শকেরা। গানের ফাঁকে চলে র‌্যাফেল ড্র। প্রেসক্লাব সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী ঘোষণা করেন ভাগ্যবানদের নাম। র‌্যাফেল ড্রয়ের প্রথমপর্ব শেষ করে আবার গান। এবার মঞ্চে শিল্পী আইরিন। ‘আমি অপার হয়ে বসে আছি’ লালনগীতি দিয়ে শুরু করে গেয়ে শোনান ‘সোনাবন্ধু’, ‘সাধের লাউ’, ‘বিচ্ছেদের অনলে’সহ কিছু গান। এরপর দরিয়াপারের সন্তান আলাউদ্দিন তাহেরের পালা। ‘ও রে নীল দরিয়া’ দিয়ে মাত করেন আসর। এরপর ‘কইলজার ভিতর গাঁথি রাইখুম তোঁয়ারে’, ‘নাম ঠিকানা জানা নাই’—এ দুটি গানে নেচে ছিল পুরো মিলানায়তন। এভাবে সুরের ঘোরে ঘড়ির কাঁটায় পেরিয়ে যায় মধ্যরাত।