দর্জি বাড়ির খোঁজখবর
ঈদে পছন্দমতো পোশাক কে না চায়। সেটা দোকান থেকে কিনেই হোক আর দর্জির কাছে বানিয়েই হোক না কেন। তবে দর্জি বাড়িতে পোশাক বানাতে চাইলে চলে যেতে হবে এখনই। কাপড় কিনে ফরমায়েশি পোশাক বানিয়ে নিতে চাইলে দর্জি বাড়ির খবরটা তাই জেনে নিন আগেভাগেই।রাজধানীর ইস্টার্ন মল্লিকা শপিং মলের ইউনিক লেডিস টেইলার্সের দর্জি সুকুমার পাল বলেন, ‘ঈদের আগে ভাগেই ফরমায়েশি কাজ পেয়ে গেছি। এবারও জামার কাটছাঁটে এসেছে পরিবর্তন। জামার ঝুল কিংবা গলা, হাতা আবার সালোয়ারের কাটের ক্ষেত্রে এসেছে বৈচিত্র্য।’বিস্তারিত বললেন বসুন্ধরা সিটি শপিং মলের সাজিকা লেডিস টেইলার্সের দর্জি রাসেল আহম্মেদ। তিনি বলেন, ফ্যাশন যে পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে যায়, তার প্রমাণ হলো জামার কাটের ক্ষেত্রে ঝুলের তারতম্য। কেউ কম ঝুলের জামা বানাচ্ছে। কেউ বা বেশি ঝুলের জামা বানাচ্ছে, অর্থা ৎ ৪০-৪২ ইঞ্চি ঝুলের জামা বানাচ্ছে। তবে জামায় বেশি ঝুল দেওয়া মানেই নিচের অংশ, গলায় ও হাতায় অবশ্যই সার্টিন কাপড় লাগাতে হবে। হাতার ঝুলের মাঝেও আছে ভিন্নতা । তীব্র রোদ থেকে বাঁচতে ফুল হাতা কিংবা থ্রি-কোয়ার্টার হাতার ফরমায়েশ দিচ্ছে। তেমনি গরমের কথা মাথায় রেখেই ছোট হাতার দিকে ঝুঁকছে অনেকেই। জামার গলার ক্ষেত্রে খুব চলছে ই-স্কট গলা। সিম্পল ডিজাইনের মধ্যে পান গলা, মেট্রো কাট, কাপ্তান গলা কিংবা পুরোনো গোল আর চার কোনা গলা বেশ পছন্দ করছে। জামার পেছনে চেইনের ব্যবহার আবার ফিরে এসেছে। তবে বর্তমানে জামার মাঝখানে বসানো হিডেন চেইন বেশি পছন্দ করছেন অনেকে।সাধারণ কামিজের সঙ্গে আছে আনার কলি, জিপসি, মাসাকালি আর ফ্রকের আদলে বানানো জামা।সালোয়ারের কাটে তেমন একটা পরিবর্তন আসেনি। মুহুরি কম দেওয়া মোটা বর্ডারের সালোয়ার চলছে। যাঁরা মুহুরি ১১ ইঞ্চির কম দিচ্ছেন, তাঁরা নিচের অংশে হুক অথবা বোতাম ব্যবহার করছেন।অনেকে কুর্তার সঙ্গে পরার জন্য প্যান্ট বানিয়ে নিচ্ছেন। আবার অনেকেই বেশি ঝুলের জামার সঙ্গে মানিয়ে চুড়িদার পায়জামার ফরমায়েশ দিচ্ছেন।নগরের বসুন্ধরা সিটি, চাঁদনী চক, নিউমার্কেট, গাউছিয়া, মৌচাক মার্কেট, ধানমন্ডির প্লাজা এআরসহ বিভিন্ন মার্কেটে মিলবে দর্জি বাড়ির হদিস। আনারকলি, মাসাকালি, জিপসি আর ফ্রকের আদলে জামা বানাতে মজুরি পড়বে ৩০০-৫০০ টাকা। সাধারণ সালোয়ার কামিজের মজুরি পড়বে ২০০-৩০০ টাকা, আর প্যান্টের মজুরি পড়বে ২৫০-৪০০ টাকা।