দর্জিবাড়ি সরগরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পছন্দের দর্জিবাড়িতে প্যান্ট, শার্ট আর পাঞ্জাবি বানাতে হুমড়ি খেয়ে পড়ছেন ছেলেরা। কারণ একটাই—নতুন কাজ নেওয়া বন্ধ করে দিচ্ছে মানসম্পন্ন সেলাইয়ের প্রতিষ্ঠানগুলো। দিন-রাত সমানে কাজ করছেন দর্জিবাড়ির কারিগরেরা। ‘টক টকা টক’ ছন্দে চলছে সেলাইয়ের যন্ত্রগুলো। এতটুকু ফুরসত নেই তাঁদের। যত বেশি কাজ তত বেশি আয়। লালখান বাজার মোড়ের হাইওয়ে প্লাজার নিচতলায় আছে দি রেমন্ড শপ। চট্টগ্রামে এটিই রেমন্ডের একমাত্র শাখা। গত বৃহস্পতিবার রাতে কথা হলো শাখা ব্যবস্থাপক আসলাম খানের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের বিশেষত্ব হলো—‘ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের সর্বোচ্চ চেষ্টা।’ এখানে প্যান্ট সেলাইতে ভ্যাটসহ ৩৮০ টাকা, শার্ট ২৮০ টাকা, স্যুট টুপিস তিন হাজার ৮০০ টাকা, থ্রিপিস পাঁচ হাজার ৬০০ টাকা নেওয়া হয়। এ ছাড়া শার্টের কাপড় ভ্যাট ছাড়া এক হাজার ১৬৩ টাকা থেকে ১১ হাজার ২১২ টাকা, প্যান্টের ৭১৫ টাকা থেকে ১৬ হাজার ৩৮০ টাকা, স্যুটের এক হাজার ৬৫০ টাকা থেকে ৬৭ হাজার ৯৫ টাকায় পাওয়া যাচ্ছে। এ বিপণিকেন্দ্রে আরও আছে সেলাইপ্রতিষ্ঠান ডিকেন্স, সেঞ্চুরি, ইব্রাহিম ও টেক্সাস। অভিজাতের মধ্যে ওয়াসার মোড়ে আছে এলিগ্যান্ট, ফেরদৌস, পাঞ্জাব টেইলার্স, জিইসির মোড়ে খাজা টেইলার্স। স্যানমার ওশান সিটির ওয়ারিদ কাস্টমার কেয়ার সেন্টারসংলগ্ন বড় সাহেবে আছে ছেলেদের বড় আয়োজন। মো. সাজিদ জানান, এখানে এক হাজার ৭০০ থেকে সাড়ে চার হাজার টাকায় পাঞ্জাবি, এক-সাড়ে তিন হাজারে শার্ট এবং ৮৫০ থেকে দুই হাজার ৫০ টাকায় শার্ট সেলাই করা যাবে। বিপণিবিতানের (নিউমার্কেট) নিচতলায় স্টাইলো, হোসাইন, ইলোরা, দোতলায় ডিকেন্স, তৃতীয় তলায় ক্যামব্রিজ, গ্রিনউইচ, এভারগ্রিন টেইলার্স আছে। কথা হলো এভারগ্রিনের সন্তোষ দাশগুপ্তের সঙ্গে। এখানে প্যান্ট ৩০০ টাকা, শার্ট ২০০ টাকা এবং ব্লেজার দুই হাজার ৮০০ টাকায় সেলানো হয়। কোতোয়ালির মোড়ে ফেন্সি টেইলার্স অ্যান্ড ফেব্রিকসে প্যান্টের অর্ডার নেওয়া বন্ধ হয়ে গেছে। শুধু শার্টের অর্ডার নেবে কয়েকদিন। কাটিং মাস্টার বিজয় ঘোষ জানান, ‘এবার প্যান্টে চলছে স্ট্রেট কাট। শার্টে বড় কলার এবং ফিটিং।’ এখানে শার্ট সেলাইতে পড়বে ২২০ টাকা। হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কে আরও আছে ডালাস টেইলার্স ও মডার্ন ফেন্সি টেইলার্স। একটা সময় ছিল জহুর-হকার্স মার্কেটের উত্তর গলির সেলাইয়ের দোকানগুলো জমজমাট থাকত প্রথম রোজা থেকেই। পুরো শহরের সিংহভাগ প্যান্ট সেলাই হতো এখানে। সরেজমিন দেখা গেছে, এখন বাহারি নাম আছে সেলাইয়ের দোকানগুলোর কিন্তু সেই রমরমা ব্যবসা নেই। কারণটা বললেন আনোয়ার হোসাইন। তিনি সাত বছর ধরে এ বিপণিকেন্দ্রে কাজ করছেন। তাঁর মতে, আগে দোকান বেশি ছিল। এখন কোনোমতে টিকে আছে ৩০-৩৫টির মতো দোকান। এর পেছনে অনেক কারণ। প্রথমত, ১২০ টাকায় এখন জিনস, খাকি বা গাভাডিন কাপড়ের তৈরি প্যান্ট পাওয়া যায় ফুটপাতে। দ্বিতীয়ত, নগরে অনেক বিপণিকেন্দ্র, অনেক দর্জির দোকান। তৃতীয়ত, আগে অনেকে গ্রাহককে নানা ভাবে ঠকিয়েছেন। তাই ব্যবসা একটু কম হচ্ছে। এর মধ্যে যাঁরা ভালো কাজ করেন তাঁদের দোকানে ভিড় বেশি। হানিমুন টেইলার্সের শাহাবউদ্দিন জানান, ‘কাপড়সহ প্যান্ট সেলাইতে এখন কমপক্ষে ৩৫০ টাকা নিচ্ছি। শার্টে ৩০০ টাকা।’ এবার জিনস কর্নারে বেশি ভিড় দেখা গেছে। পাঞ্জাবি, কাবলি, জুব্বা সেলাই ও পছন্দের অ্যামব্রয়ডারি কাজের জন্য আন্দরকিল্লা শাহি জামে মসজিদ মার্কেটে গড়ে উঠেছে বেশ কিছু সেলাইয়ের দোকান। এর মধ্যে আছে এ পাঞ্জাব, আল আমিন, মক্কা, এরাবিয়ান, সৌদিয়া, জামেয়া ও বিসমিল্লাহ টেইলার্স। কাটিং মাস্টার মো. ওয়াদুজ্জামান বলেন, এখানে পাঞ্জাবি সেলাইতে ৩০০-৫০০ টাকা, পায়জামা ২০০-৩০০ টাকা, কাবলি ৫০০-৬০০ টাকা, জুব্বা ৩০০-৪০০ টাকা নেওয়া হয়।