দর্জিবাড়ি সরগরম
ঈদে পছন্দের নকশা করা পোশাক তৈরি করতে ব্যস্ত এখন সবাই, ভিড় তাই দর্জিবাড়িতে। ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের দর্জিবাড়ি টাই ফিট লেডিস টেইলার্সের মাস্টার শাহানা রহমান বলেন, ‘ফ্যাশনের পালাবদলে এখন সবাই পছন্দ করছেন লম্বা ঝুলের কামিজ। গোড়ালি থেকে কয়েক ইঞ্চি ওপর পর্যন্ত ঝুলের কামিজ বেশি চলছে। আর বাহারি চওড়া লেইস ব্যবহার তো আছেই। ঝুলের অংশে তিন কোনা কাট আবার গোলাকার কাটের কামিজ বেশ চলছে।’ তিনি আরও বলেন, চুড়িদার সালোয়ার বেশি চলছে। এ ছাড়া কম মুহুরির সালোয়ার ও প্যান্ট কাটের সালোয়ার অনেকেই পছন্দ করছেন। গলার নকশাতেও আছে বৈচিত্র্য। বেশি ঝুলের জামার সঙ্গে কাফতান গলা সবাই বেশ পছন্দ করে। তবে কাফতান গলা ছাড়াও গোল গলা এবং তিন কোনা গলাও চলছে। গলায় লেইস আবার সাটিনের পাইপিং ব্যবহার হচ্ছে।এ ছাড়া কম ঝুলের, পেছনে চেইন দেওয়া কামিজ, সাধারণ কাটের সালোয়ারও অনেকে বানাচ্ছে বলে জানান ঢাকার ইস্টার্ন মল্লিকার ইউনিক লেডিস টেইলার্সের মাস্টার সুকুমার পাল। তিনি বলেন, কম ঝুলের কামিজ, আনারকলি, ফ্রক কাটের কামিজও চলছে। কুর্তা ঢঙের কামিজের ফরমায়েশও আছে।সুতির সালোয়ার-কামিজ বানাতে নকশাভেদে খরচ পড়ে ২০০ থেকে ৫০০ টাকা। সিনথেটিক জামা বানাতে খরচ একটু বেশিই পড়ে। বানানো যাবে ৫০০ থেকে ৮০০ টাকায়। তবে আনারকলি বা ফ্রক কাটের জামা বানাতে খরচ পড়ে ৮০০ থেকে এক হাজার ৫০০ টাকা।গজ কাপড়ের বাজারএবার গরম বেশি থাকার কারণে সুতি কাপড় বেশি চলছে বলে জানান দোকানিরা। ঢাকার গুলশান-২-এর পিংক সিটি শপিংমলের কাপড়ের দোকান ‘শোভা ফেব্রিকস’-এর বিক্রেতা জাহিদুল ইসলাম বলেন, এবার ঈদের কাপড়ের মূল আকর্ষণ হলো লেইস লাগানো কাপড়। সুতি, সিনথেটিক ও লিনেনের মাঝে পাড় লাগানো কাপড় বেশি পছন্দ করছেন ক্রেতারা। আছে এম্ব্রয়ডারির নকশা করা কাপড়। জর্জেট ও মসলিনের মাঝে ছোট চুমকি দিয়ে কাজ করা বিদেশি কাপড়ও বেশ পছন্দ করছেন ক্রেতারা। আবার আছে ছোট ও বড় ফুলেল প্রিন্টের কাপড়। তবে জাহিদুল ইসলাম জানান, ‘ঈদে ডিজিটাল কাপড় নামে ছাপা কিছু কাপড় এসেছে, যা ক্রেতারা আগ্রহ করেই কিনছেন।’ বাজার ঘুরে দেখা যায়, সুতি কাপড় নকশাভেদে কেনা যাচ্ছে গজপ্রতি ৩০০ থেকে ৮০০ টাকায়, জর্জেট ৫০০ থেকে এক হাজার ৫০০, শিফন ও মসলিন ৬০০ থেকে এক হাজার ৮০০ ও অপেরা কাতান দুই হাজার ৫০০ টাকা গজ দরে কেনা যাবে। ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, গুলশান ১ ও ২ নম্বর, চাঁদনী চক ও মেট্রো শপিং মল থেকে গজ কাপড় কিনতে পারবেন।যাঁরা আবার গজ কাপড়ের ঝামেলায় যেতে চান না, তাঁরা সেলাই ছাড়া থ্রিপিস কিনতে পারেন। লন থ্রিপিস এবার চলছে দারুণ। নকশা ও কাপড়ের মানভেদে দাম পড়বে দুই হাজার ৫০০ থেকে আট হাজার টাকা।ছেলেদের দর্জিপাড়ারমজান মাসের শুরু মানেই দর্জিপাড়া গমগম। দম ফেলার ফুরসত নেই এখন দর্জি দোকানের কারও। অর্ডার দিতে হবে আগেভাগেই। প্রায় সব দোকানেই সর্বোচ্চ ১৫ রমজান পর্যন্ত ঈদের পোশাকের ফরমায়েশ নেওয়া হবে বলে জানিয়েছেন দোকানিরা। তরুণদের পছন্দের তালিকায় ঈদের পোশাকের শীর্ষে রয়েছে শার্ট, প্যান্ট ও কমপ্লিট স্যুট। এবার জেনে নিন ছেলেদের বিভিন্ন টেইলার্সের মজুরি সম্বন্ধে। ফেরদৌসফেরদৌসে শার্ট বানাতে মজুরি পড়বে ৪০২ টাকা, প্যান্টে ৬০০ টাকা, কমপ্লিট স্যুট পাঁচ হাজার ৭৫০ টাকা, ব্লেজার পাঁচ হাজার ১৭৫ টাকা। এ ছাড়া সাধারণ পাঞ্জাবি তৈরি করে ফেরদৌস টেইলার্স। মজুরি পড়বে ৮০৫ টাকা ভ্যাটসহ। ডায়মন্ড টেইলার্সশার্ট ৩০০ টাকা, প্যান্ট ৪৪০ ও কমপ্লিট স্যুট তিন হাজার ২০০ টাকা।এলিগেন্ট টেইলার্সএখানে শার্ট বানাতে মজুরি পড়বে ৩০০ টাকা, প্যান্ট ৪২০ টাকা, স্যুট (কমপ্লিট) চার হাজার টাকা, এ ছাড়া চাইলে এখানে পাঞ্জাবিও বানাতে পারবেন।দি রেমন্ড শপশার্টের মজুরি পড়বে ৪২০ টাকা, প্যান্ট ৫০০, স্যুট (দুই পিস) চার হাজার ৬০০ টাকা, ব্লেজার চার হাজার ২০০ টাকা। সানমুন টেইলার্স শার্ট মজুরি ৩৫০ টাকা, প্যান্ট ৪৫০, ব্লেজার তিন হাজার ৫০০ ও কমপ্লিট স্যুট চার হাজার টাকা।