দর্জিবাড়ির ব্যস্ততা
ডানে-বামে নিচের মেঝেতে কাপড়ের স্তূপ। মাথার ওপরেও নানা রঙের, নানা নকশার বানানো পোশাক। একদিকে সেলাই মেশিনের একটানা খটখট আওয়াজ অন্যদিকে মাপ অনুয়ায়ী কাপড় কাটছে কিংবা ফরমায়েশ নেওয়া হচ্ছে নতুন কোনো পোশাকের। রমজানের তিন দিন পেরিয়ে গেল। ২৭ দিন পরেই তো ঈদুল ফিতর। হাতে আর তেমন সময় নেই। যাঁরা তৈরি পোশাক (রেডিমেড) পরতে পছন্দ করেন না কিংবা নিজের পছন্দমতো মাপে ও ডিজাইনে পরতে অভ্যস্ত, তাঁরা এখন থেকেই ধরনা দিচ্ছেন থান কাপড় এবং দর্জির দোকানে। তাই নগরের বিভিন্ন শপিং সেন্টারের থান কাপড়ের দোকান এবং দর্জিবাড়িগুলো এখন ভীষণ ব্যস্ত। দর্জিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের নতুন পোশাকের জন্য সালোয়ার-কামিজ, লেহেঙ্গা, মাসাককালি, আনারকলি, পাঞ্জাবি, পায়জামা বানানোর ধুম শুরু হয়ে গেছে। ফরমায়েশ নেওয়া চলবে ১০ থেকে ১৫ রোজা পর্যন্ত। সবাই চায় নিজের পোশাকটি অন্যদের থেকে আলাদা হোক। তাই আগেভাগে ঈদের নতুন পোশাকটি পেতে নিজের পছন্দমতো ডিজাইন দেখে পোশাক সেলাইয়ের অর্ডার দিচ্ছেন। সেন্ট্রাল প্লাজার নিচতলায় অন্তরা টেইলার্স অ্যান্ড ফ্যাশনের কাটিং মাস্টার মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, পোশাক তৈরির ব্যস্ততা শুরু হয়েছে শবে বরাতের আগে থেকেই। মার্কেটের তৃতীয়তলায় অন্তরার আরেকটি শাখা রয়েছে। এই টেইলার্সের দুটি শাখায় ১৮ জন মাস্টার দিন-রাত কাজ করে যাচ্ছেন। ফরমায়েশের পরিমাণ বেড়ে গেলে ১৫ রমজানের পর আর অর্ডার না-ও নেওয়া হতে পারে বলে তিনি জানান। নতুন নতুন ফ্যাশন এবং ডিজাইনের লং কামিজের (লম্বা কামিজ) চল এবারের ঈদকে ঘিরে। এ ছাড়া মাসাককালি, সানাসাফিনা, আনারকলি, লং এ লাইন নামে কাপড়ের ডিজাইনই এবার বেশি চলছে বলে জানালেন সেন্ট্রাল প্লাজার আজমিরি লেডিস কর্নারের কর্মী মো. মফিজুল ইসলাম। কাজ এবং ডিজাইন ভেদে মজুরি নির্ধারণ করা হয়। সাধারণ ডিজাইনের লং কামিজ সেলাইয়ের মূল্য ৩০০ থেকে ৩৫০ টাকা। জিপসি ৫৫০ থেকে এক হাজার ২০০ টাকা, মাসাককালি এবং আনারকলি এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকা। ঈদে পঞ্জাবি না পরা মানে ঈদ আনন্দ ষোলো আনাই মাটি হবে। তা ছাড়া ঈদের নামাজটাও আদায় হবে পাঞ্জাবি পরেই। তাই ঈদে পাঞ্জাবি পরা চাই-ই চাই। সে জন্য ঈদের পাঞ্জাবি-পায়জামা বানাতে পুরুষেরা যাচ্ছেন দর্জিবাড়ি। নগরের আন্দরকিল্লা বাজারের আজমীর টেইলার্স অ্যান্ড এমব্রয়ডারির স্বত্বাধিকারী মো. গিয়াস উদ্দিন বলেন, ফরমায়েশ আসতে শুরু করে শবে বরাতের আগে থেকে। শার্ট, ফতুয়াও পরে; কিন্তু ঈদে লোকে মূলত পাঞ্জাবিই বানাতে দেয়। শর্ট-লং সব পাঞ্জাবির সেলাইয়ের দাম একই। টেরীবাজার, আন্দরকিল্লা এবং হাজারী লেইন এলাকায় রয়েছে ছোট-বড় প্রায় ৪০টির মতো দর্জির দোকান। পাঞ্জাব টেইলার্স, দাশ গুপ্ত টেইলার্স, ছুফি টেইলার্স, আজমির টেইলার্সসহ বেশ কয়েকটি দোকানের কর্মী এবং মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে সাধারণ পাঞ্জাবি সেলাই খরচ পড়বে ৩৫০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত। এমব্রয়ডারি করা পাঞ্জাবি সেলাইয়ের দাম পড়বে ৬৫০ থেকে এক হাজার ৫০০ টাকা পর্যন্ত। পায়জামা সেলাইয়ের দাম ২৫০ টাকা। এসব পাঞ্জাবির দোকানে হাতের কাজ বা এমব্রয়ডারি করা সেলাইবিহীন পাঞ্জাবিও পাওয়া যায়। এগুলোর দাম পড়বে ৭৫০ থেকে এক হাজার টাকা পর্যন্ত। এদিকে বিভিন্ন বিপণিবিতানে তরুণী এবং মহিলারা শুধু থান কাপড়ের দোকানেই যাচ্ছেন না। পোশাকের সৌন্দর্য বাড়াতে কাপড়ের সঙ্গে মিলিয়ে লেইস, ফিতা, জরি, চুমকি, পাথর, স্টিকার, ঝুমকা লাগানোর জন্য ওইসব দোকানে ভিড় জমাচ্ছেন। পুরুষেরাও নিজের পাঞ্জাবির লুক অন্য রকম আনতে পাঞ্জাবির হাতা এবং গলায় রং-বেরঙের কারুকার্যময় লেইস লাগানোর ফরমায়েশ দিচ্ছেন বলে জানিয়েছেন দোকানিরা।