দর্জিবাড়ির হালচাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদে যাঁরা নিজের মনের মতো পোশাক বানিয়ে পরতে চান, তাঁদের তো দর্জিবাড়ি যেতেই হবে। পোশাকপ্রেমীরা দর্জিবাড়ির খবরটা জেনে নিন নকশা থেকেই। ঢাকার নিউমার্কেট, চাঁদনীচক, গাউছিয়া, বনানী, গুলশানসহ বিভিন্ন শপিং মলের দর্জিবাড়ির খবর নিয়ে এ আয়োজন।দর্জিবাড়ির দর্জিদের মুখেই শুনুন দর্জিবাড়ির পোশাকের কাটছাঁটের খবরাখবর। ‘এবারের ঈদের পোশাকের মধ্যে সুতি কাপড়ের রাজত্ব চলছে। আরামদায়ক তো বটেই, তার ওপর সুতি কাপড়ে এবার চমৎকার সব নকশা করা হয়েছে। তাই এবারের অর্ডারের কাপড়ের মধ্যে সুতিটাই বেশি দেখছি।’ জানালেন নূর ম্যানশন মার্কেটের সিটি লেডিস টেইলার্সের মাস্টার নাজিম। নিউমার্কেটের তারা মাস্টার টেইলার্সের কিরণ বলেন, ‘এবার কাতানটা বেশ ভালো চলছে। কাতানের ওপর নেট দিচ্ছেন কেউ কেউ। হাতটা শিফন কাপড়ে পছন্দ করছেন অনেকেই। সালোয়ারের কাপড় হিসেবে মাখন সিল্ক বরাবরই চলে।’এবারের পোশাকের কাটছাঁট নিয়ে বলেন অরচার্ড পয়েন্টের একটি লেডিস টেইলার্সের মাস্টার কবির, ‘এবার কামিজের কাটিংয়ে বেশ বৈচিত্র্য এসেছে। একটু ফ্রক ধরনের কামিজের অর্ডারই বেশি পাচ্ছি। এবারও আনারকলি, মাসাকালি চলছে খুব। বুকের সামনে ইয়কের মতো কারুকাজ করা ও লম্বা হাতার ফ্যাশন চলছে এবার। কামিজের ক্ষেত্রে একটু ছোট কামিজের সঙ্গে বেশ ঢিলেঢালা সালোয়ার হলেও মাসাককালি ও আনারকলির সঙ্গে চুড়িদার পরছেন অনেকে। হাতাটা জামার কাপড় থেকে একটু স্বচ্ছ কাপড়ে করা হচ্ছে। এজন্য শিফন বা নেট কাপড় ব্যবহার করছেন। ব্লাউজের ক্ষেত্রেও একই। তবে ব্লাউজের হাতাটা থ্রি কোয়ার্টার পছন্দ করছেন বেশির ভাগ তরুণী। গলা হিসেবে গোল গলার পাশাপাশি ভি, পানপাতা, চারকোনার সঙ্গে সঙ্গে হাই নেকও চলছে।’শিশুদের পোশাকেও এবার বৈচিত্র্যময় কাটছাঁট চোখে পড়বে । আনারকলি লং ফ্রক, মাসাকালিটা শিশুদেরই মানাচ্ছে বেশি। গোলাপফুলের ডিজাইন ও লম্বা ফিতাসহ ফ্রকও বানাচ্ছেন কেউ কেউ। কাতানের ওপর নেট দিয়েও তৈরি হচ্ছে ফ্রক। এবার গজ কাপড় কিনে অনেকেই এমব্রয়ডারি করিয়ে নিচ্ছেন জানালেন জরি ঘরের স্বত্বাধিকারী চয়ন। মসলিন, মাখন সিল্কের ওপর অনেকেই হালকা কারচুপির কাজ করতে অর্ডার করছেন। মসলিন ও ফিতা দিয়ে তৈরি ফুলের ডিজাইনও চলছে। কামিজের গলায় বেশি ভারি কাজ চলছে। হালকা কাজ হলে ওড়নাটায় একটু ভারি কাজ করছেন কেউ কেউ। আপনাদের সুবিধার জন্য জানিয়ে দেওয়া হলো মজুরির খবরও। সালোয়ার-কামিজের মজুরি পড়বে ১২০-২৫০ টাকা পর্যন্ত। মাসাকালি ৬০০-১০০০, আনারকলি ৬০০-৬৫০, লং ফ্রক ৫০০-১০০০, ব্লাউজ ১২০-৩৫০, এমব্রয়ডারি শাড়ি ১২০০-৫৫০০, ফ্রক ৩০০-১৫০০, সালোয়ার-কামিজ ওড়না ৫০০-৩০০০ টাকা। দোকানভেদে দাম ওঠানামা করতে পারে।