দর্শক মাতাচ্ছে নতুন অতিথিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম চিড়িয়াখানার মূল আকর্ষণ এখন নতুন আনা দুটি বাঘ। দক্ষিণ আফ্রিকা থেকে আনা এই বাঘ দুটিও বেশ আমুদে। খেলা আর খুনসুটিতে মেতে থাকে সারাক্ষণ। ছবিটি গত শুক্রবার বিকেলে তোলা l সৌরভ দাশ
চট্টগ্রাম চিড়িয়াখানার মূল আকর্ষণ এখন নতুন আনা দুটি বাঘ। দক্ষিণ আফ্রিকা থেকে আনা এই বাঘ দুটিও বেশ আমুদে। খেলা আর খুনসুটিতে মেতে থাকে সারাক্ষণ। ছবিটি গত শুক্রবার বিকেলে তোলা l সৌরভ দাশ

মফিজুল খাঁচার কাছে আসতেই বাঘ দুটো ছুটে এল তাঁর কাছে। লোহার শিকের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দিলেন তিনি। খাঁচা ঘিরে দাঁড়ানো দর্শকদের মধ্যে বিস্ময় ও আতঙ্ক। রুদ্ধশ্বাসে দেখছে সবাই, এই বুঝি মফিজুলের হাত কামড়ে ছিঁড়ে নেবে বাঘ দুটি। কিন্তু তেমন কিছুই ঘটল না। বরং দুই বাঘ পালা করে চাটতে লাগল তাঁর হাত।
পদবি অফিস সহকারী হলেও মো. মফিজুল ইসলাম পুরোদস্তুর জুকিপার অর্থাৎ চিড়িয়াখানার প্রাণী পরিচর্যাকারী। ১৯৮৮ সালে চট্টগ্রাম চিড়িয়াখানা চালু হওয়ার পর থেকেই এখানে আছেন। খাঁচার প্রাণীদের সঙ্গে নিবিড় সখ্য গড়ে তুলেছেন। গত মাসে দক্ষিণ আফ্রিকা থেকে আনা বাঘ-বাঘিনীর সঙ্গেও মিতালি হয়েছে তাঁর। কেমন মিতালি সেটা চাক্ষুষও করা গেল গত বৃহস্পতিবার সকালে। মফিজুল বলেন, বাঘ দুটো খুব আমুদে। সারাক্ষণই খেলায় ব্যস্ত। একজন আরেকজনের সঙ্গে এমনভাবে খুনসুটি করে দেখলে মনে হবে মারামারি করছে। কিন্তু আসলে এসব ওদের ভাববিনিময়।
ফয়’স লেক এলাকায় অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানা এখন মাতিয়ে রেখেছে নতুন অতিথিরা। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রায় শ পাঁচেক দর্শক ভিড় করেছিল চিড়িয়াখানায়। কেবল বাঘের খাঁচা নয়, ভিড় ছিল সিংহের খাঁচার সামনেও। রংপুর চিড়িয়াখানা থেকে আসা সিংহ নভও এখন দর্শকদের নতুন আকর্ষণ। নতুন বছরের শুরু থেকেই এই অতিথিদের দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থী বেড়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
গত বছরের ৫ সেপ্টেম্বর রংপুর চিড়িয়াখানা থেকে আসে সিংহ বাদশা। এখানে আনার পর সঙ্গিনী নোভার সঙ্গে মিল রেখে তার নাম রাখা হয় নভ। রংপুর থেকে আসার পর সারা গায়ে ক্ষত ছিল নভর। এখন সেসব নেই একেবারেই। স্বাস্থ্য অনেকটাই ফিরেছে। নভ ও নোভা একই খাঁচার দুটো আলাদা কক্ষে থাকে। দম্পতি হলেও সিংহ সমাজের রেওয়াজ অনুযায়ী সিংহেরা একটু একা থাকতেই পছন্দ করে বলে জানালেন চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও প্রাণী বিশেষজ্ঞ মঞ্জুর মোরশেদ। তবে মিলনের সময় হলে দুজনের খাঁচার মাঝের লোহার গরাদটা তুলে দেওয়া হয়।
সিংহের খাঁচার সামনে গিয়ে দেখা গেল, সিংহী নোভা অনবরত পায়চারি করলেও নভ বসেছিল খাঁচার একপাশে। দর্শকদের ভিড় বাড়তে থাকলে হঠাৎ তড়াক করে লাফ দিয়ে ওঠে নভ। লেজ তুলে খাঁচার বাইরে প্রস্রাব করে দেয়। মুহূর্তে খাঁচার সামনেটা ফাঁকা। দর্শকের মাঝে হাসির হুল্লোড়। চিড়িয়াখানার এক কর্মী বললেন, সিংহরা এভাবে নিজের সীমানা নির্ধারণ করে। বুঝিয়ে দেয় ওই এলাকায় অন্য কারও প্রবেশ নিষেধ।
গত ৯ ডিসেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা নতুন দুই বাঘ-বাঘিনীর এখনো নামকরণ করা হয়নি। বাঘের বয়স ১১ মাস ও বাঘিনীর ৯ মাস। চার বছর বয়সে ওরা পূর্ণবয়স্ক হবে। চিড়িয়াখানার কর্মীরা জানালেন, বাঘের দৈর্ঘ্য ছয় ফুট ও বাঘিনীর দৈর্ঘ্য পাঁচ ফুটের মতো। বর্তমানে সপ্তাহের ছয় দিন দুজনকে এক বেলা আড়াই কেজি করে পাঁচ কেজি মাংস দেওয়া হয়। কখনো পুরোটাই গরুর মাংস, আবার কখনো গরুর মাংসের সঙ্গে মুরগিও দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সপ্তাহের সোমবার খাবার দেওয়া বন্ধ রাখা হয়। একই ভাবে সপ্তাহের প্রতিদিন পাঁচ কেজি করে দশ কেজি মাংস খায় সিংহ দম্পতিও।
বাঘ দুটোকে খাবার দেন চিড়িয়াখানার কর্মী মো. মফিজুল ইসলাম। তিনি বলেন, নিয়মিত দশ ঘণ্টা ঘুমায় বাঘ দুটো। তবে যতক্ষণ জেগে থাকে মানবশিশুর মতো খেলায় মেতে থাকে সারাক্ষণ। মফিজুলের দেওয়া এই তথ্য মিথ্যা নয়। দর্শকেরা ভিড় করে দেখছিলেন ওদের খেলাধুলা। কতক্ষণ পুরুষ বাঘটি চার পা আকাশের দিকে তুলে দিয়ে ডিগবাজি খেল, আর তার ওপর দিয়ে লাফিয়ে গেল বাঘিনীটি। আবার কিছুক্ষণ পর বাঘটি উঠে গিয়ে ঘাড় কামড়ে ধরল বাঘিনীর। তবে সে কামড় যে ব্যথাহীন, বোঝা গেল বাঘিনীর আনন্দে লাফিয়ে ওঠা দেখে।
মিরসরাই থেকে মা নারগিস আক্তারের সঙ্গে বাঘ দেখতে এসেছিল ষষ্ঠ শ্রেণির ছাত্র ইয়াসির আরাফাত। কেমন লাগল, জানতে চাইলে সে জানায়, টিভিতে বাঘ দেখেছে সে। এবার চোখের সামনে বাঘ ঘুরতে ফিরতে দেখছে। দেখে মনে হচ্ছে বাঘ সে রকম হিংস্র নয়, বরং বেশ চঞ্চল। ছয় একর জায়গার ওপর গড়ে তোলা এই চিড়িয়াখানায় ৬৮ প্রজাতির ৩৭০টি প্রাণী আছে। এর মধ্যে ৩৩টি বানর, ২০টি কুমির এবং ২২টি মায়া, চিত্রল ও সম্বর হরিণ রয়েছে। সফলভাবে মিঠাপানির কুমিরের প্রজনন ও বংশবৃদ্ধি এই চিড়িয়াখানার বড় সাফল্য। বর্তমানে কুমিরের বিচরণের জন্য জায়গা সম্প্রসারণের কাজ চলছে। এ কারণে বাড়ছে দর্শক সমাগমও।
চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর মঞ্জুর মোরশেদ জানালেন, চলতি জানুয়ারি মাসের আগে গড়ে দেড় থেকে দুই হাজার দর্শক হতো এখানে। তবে চিড়িয়াখানার সংস্কার হওয়ায় ও নতুন প্রাণী আসায় এখন প্রতিদিন দুই থেকে আড়াই হাজার দর্শক হচ্ছে। চিড়িয়াখানা ঘিরে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে খাঁচা সংস্কার শেষ হয়েছে। শিগগিরই তৈরি হবে নতুন ঢালাই করা পায়ে চলার পথ। এসব হলে চিড়িয়াখানার সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে।
চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্যসচিব ও সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমীন বলেন, ২০১২ সালের ৩০ অক্টোবর বাঘিনী ‘পূর্ণিমা’ মারা যাওয়ার পর থেকে চট্টগ্রাম চিড়িয়াখানা বাঘশূন্য ছিল। এখন শূন্যস্থান পূরণ হলো। চিড়িয়াখানার নিজস্ব তহবিলের ৩৩ লাখ টাকা খরচ করে এই দুটি বাঘ আনা হয়েছে। ভবিষ্যতে এখানে পাখির জন্য আলাদা অ্যাভিয়ারি কর্নার তৈরির পরিকল্পনা আছে বলে জানান তিনি।
প্রাণীদের মধ্যে সম্প্রতি মায়া হরিণ বংশ বৃদ্ধি করেছে। গত কয়েক বছরের মধ্যে চিত্রা হরিণ, সম্বর হরিণ ও কুমিরেরও বংশ বৃদ্ধি হয়েছে এখানে। ভেটেরিনারি সার্জন শাহাদাত হোসেন জানালেন এই তথ্য। তরুণ এই কর্মকর্তার­ স্বপ্ন, একসময় এই চিড়িয়াখানায় জন্ম নেওয়া প্রাণীদের সংখ্যা হাজার ছাড়াবে। তিনি হেসে বলেন, ‘আমরা চেষ্টা করছি ভালো করতে, আশা করি পারব।’