দর্শক মাতালেন কল্যাণী ঘোষ ও সনজিত আচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান করছেন শিল্পী কল্যাণী ঘোষ ও সনজিত আচার্য
গান করছেন শিল্পী কল্যাণী ঘোষ ও সনজিত আচার্য

শুরুতে ‘ও পরানের তালত ভাই/ চিডি দিলাম, পত্র দিলাম’। শিল্পী কল্যাণী ঘোষ সুর তুলতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকেরা। গান শেষ হতেই তুমুল করতালি। এরপর ধরলেন ‘আঁরে বলে চাইত আইব নোয়াখাইল্যা জামাই’। ততক্ষণে জমে গেছে অনুষ্ঠান।
১২ ডিসেম্বর চকরিয়া সচেতন নাগরিক কমিটি (সনাক) দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন কল্যাণী ঘোষ। তাঁর সঙ্গে আসেন আঞ্চলিক গানের আরেক শিল্পী সনজিত আচার্য।
কল্যাণী ঘোষের পর মঞ্চে আসেন সনজিত আচার্য। তিনি একে একে গেয়ে শোনান ‘ভুলি ন যাইয়ো’, ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’, ‘ধনদৌলত গাড়ি-বাড়ি’ ও একটি গন্ধমের লাগিয়া। এরপর কল্যাণী ঘোষ ও সনজিত আচার্য তিনটি দ্বৈত গান করেন—‘বানু রে, ও বানু’, ‘গলা হাউজ্জাইন্ন্যা খচু কিল্ল্যা বেছিলা’ ও ‘দুবাই ন জাইয়ো’।
এর আগে স্থানীয় শিল্পী রুম্পা দাশ গেয়ে শোনান ‘যদি সুন্দর একখান মুখ পাইতাম’ গানটি। এরপর গান পরিবেশন করেন অর্পিতা মনি, আব্দু শুক্কুর, এরফান ও মুক্তি। অনুষ্ঠানে আকর্ষণীয় দিক ছিল জহিরুল ইসলাম ছিদ্দিকীর লেখা ও সুরে দুর্নীতিবিরোধী গানের পরিবেশনা। চট্টগ্রামের শিল্পী সুপ্তা রুদ্র ও এরফানের কণ্ঠে ‘দুর্নীতি রুখে দাও এখনই’ গানটি দর্শকদের আনন্দ দেয়।
অনুষ্ঠানে আগত অতিথি বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ টি এম জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন সাংস্কৃতিক অনুষ্ঠান না হওয়ায় আমরা দেশীয় সংস্কৃতির আনন্দ থেকে বঞ্চিত ছিলাম। দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে অনেক দিন পরে হলেও চকরিয়ার সাংস্কৃতিক অঙ্গনে প্রাণ সঞ্চার হলো।’