দর্শক মাতিয়ে গেলেন জগন্নাথ ও ঊর্মিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের খ্যাতনামা আবৃত্তিশিল্পী জগন্নাথ বসু ও ঊর্মিমালা বসু আবৃত্তি করবেন, তাই দর্শকেদের আগ্রহ থাকবে এমনটাই স্বাভাবিক। তবে মিলনায়তনে কানায় কানায় পূর্ণ দর্শক দেখে বোঝা গেল এ দেশে তাঁদের ভক্ত শ্রোতা কম নয়।১৬ জানুয়ারি সোমবার প্রমা আবৃত্তি সংগঠনের ২১তম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো, ‘হূদয় পেয়েছে খুঁজে হূদয়ের টান’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের দুই আবৃত্তিশিল্পীর পাশাপাশি অতিথিশিল্পী ছিলেন ঢাকার বেলায়েত হোসেন।চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সহযোগিতায় অনুষ্ঠিত এই আবৃত্তিসন্ধ্যা শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটায়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ।শুরু হলো রবীন্দ্রনাথ দিয়ে। অনুষ্ঠানজুড়েও ছিল রবীন্দ্রনাথের সরব উপস্থিতি। প্রমার সদস্যদের বৃন্দ পরিবেশনা ‘অন্তর মম বিকশিত কর’ মুগ্ধ হয়ে শুনেছে দর্শক। এরপর মঞ্চে এলেন, আমন্ত্রিত তিন আবৃত্তি শিল্পী। প্রমার রাশেদ হাসান, কংকন দাশ ও বিশ্বজিৎ পালও আমন্ত্রিত শিল্পীদের পাশাপাশি আবৃত্তি করলেন।পশ্চিমবঙ্গের আবৃত্তিশিল্পী দম্পতির পরিবেশনায় দর্শক গভীর শিল্পবোধের যেমন পরিচয় পেয়েছেন তেমনি হাস্যরসেও তাঁরা ভাসিয়েছেন দর্শকদের।অনুষ্ঠান জুড়ে জগন্নাথ বসু, ঊর্মিমালা বসু, বেলায়েত হোসেন ও রাশেদ হাসানের কবিতা পাঠ ও আলাপচারিতা চলল। জগন্নাথ বসুর নানা কৌতুকপূর্ণ মন্তব্যে বার বার হাসিতে ফেটে পড়েছেন দর্শকেরা। রবীন্দ্রনাথকে নিয়ে একটা লেখা পড়ে শোনালেন ঊর্মিমালা বসু। সাদামাটা নিচু গলায় পড়ে গেলেন তিনি। কোথাও নাটকীয়তা ছিল না কিন্তু দর্শক মুগ্ধ হয়ে শুনেছে তাঁর পরিবেশনা।আসর জমে উঠেছিল জগন্নাথ ও উর্মিমালার শ্রুতি নাটক পরিবেশনার মধ্যদিয়ে। নিরোদ মিত্র রচিত ‘কনসালটেন্ট ভিখারি’ ও স্বপন গাঙ্গুলির ‘পাকা দেখা’ পরিবেশন করেন তাঁরা। দুটি কথিকাই ছিল হাস্যরস ও কৌতুকে ভরা। ‘কনসালটেন্ট ভিখারি’ নাটিকাটির কাহিনি বেশ মজার। ভিখারি ও গৃহকর্ত্রীর মধ্যে কথপোকথন হচ্ছে। ভিখারি বলছেন, ‘১০ টাকা দেন মা।’ এত টাকা দাবি করায় অবাক হন গৃহকর্ত্রী। ভিখারির উত্তর, ‘কী করব—মা, এমন ইনফ্লেশনের যুগে এর কমে কী চলে!।’ ছোট-নাটিকায় সাহায্য-সংস্থা, সরকার ও রাষ্ট্রব্যবস্থা ইত্যাদির কোনোটিই বাদ যায়নি ব্যঙ্গের তীর থেকে। ঢাকার জনপ্রিয় আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেনও সমানতালে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছেন। ভালো লেগেছে তাঁর কণ্ঠে সত্যেন্দ্রনাথ দত্তের ‘পালকি চলে’ ও জয় গোস্বামীর ‘টিউটোরিয়াল’ কবিতার পাঠ। এর আগে প্রমার বিশ্বজিৎ পাল পাঠ করলেন সৃজন সেনের কবিতা ‘মাতৃভূমির জন্য।’ তাঁর কণ্ঠে দেশ ভাগের যন্ত্রণা টের পাওয়া গেল। কঙ্কন দাশের কণ্ঠে ভালো লেগেছে শুভ দাসগুপ্তের ‘না’ ও রবীন্দ্রনাথের ‘সবলা’। রবীন্দ্রনাথের ‘সন্ধ্যা উপহার’ পাঠ করে আরও একবার দর্শককে সৌন্দর্যবোধে সিক্ত করলেন রাশেদ হাসান।