দর্শকখরা ঘুচিয়েছে চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্দা উঠল বিপিএল চট্টগ্রাম উৎসবের। শুরু থেকে দর্শকখরার বিপিএল মাঝপথে এসে কিছুটা দুর্নাম ঘুচিয়েছে টিকিটের দাম কমানোর মধ্য দিয়ে। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেও বোঝার উপায় ছিল না এই দর্শকখরা সত্যিই কাটছে কি না। সিলেট রয়েলস ও খুলনা রয়েল বেঙ্গলের প্রথম ম্যাচটিতে সব গ্যালারিতে দর্শক-উপস্থিতি চোখে পড়লেও মাঝেমধ্যে ফাঁকাও দেখা গেছে। তবে এই ফাঁকা চেয়ার অনেকটা পূর্ণতা পেয়েছে সন্ধ্যার স্বাগতিক দলের ম্যাচের সময়। পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে থাকা চিটাগং কিংস মুখোমুখি হয়েছিল রাজশাহীর। বলতে গেলে চিটাগং কিংসই বিপিএলের একমাত্র হোম টিম। এই দলের মালিক চট্টগ্রামের। আইকন ক্রিকেটার তামিম ইকবালও স্থানীয়। দলটি পাচ্ছে হোম গ্রাউন্ড ব্যবহারের সুযোগ। ঢাকা ছাড়া অন্য কোনো দল হোম গ্রাউন্ড ব্যবহারের সুযোগ পায়নি। তবে ঢাকা দলের মালিক ও ক্রিকেটারদের সে অর্থে ঢাকার বলাও যাচ্ছে না। আর বলে রাখা ভালো, জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি ম্যাচ।তাই তো ভিড় হবেই। এটাই স্বাভাবিক। চিটাগং কিংস আগের দিন রোড শোর মাধ্যমে জানান দিয়েছে তারা মাঠ মাতাবে। বিপিএলের চট্টগ্রাম পর্বকে তারা উৎসবে পরিণত করবে। তাই ট্রাক, মোটরসাইকেলযোগে চিটাগং কিংসের জয়গান করতে করতে তারা প্রথম ম্যাচের মাঝপথেই স্টেডিয়ামমুখো হয়েছে। তবে প্রথম ম্যাচের শুরু থেকে ফটকে ভিড় দেখা গেছে বিভিন্ন শ্রেণী-পেশার দর্শকের। স্টেডিয়াম কাউন্টার থেকে অনেকে নিরাশ হয়ে ফিরেছেন। ‘টিকিট নাই, টিকিট নাই’ বারবার উচ্চারিত হয়েছে। এই সুযোগে ২০০ টাকার টিকিট চড়া দামেও বিক্রি হয়েছে। দিবারাত্রির ম্যাচটি ঘিরেই দর্শকদের এত আগ্রহ আর উত্তেজনা। আগত দর্শকদের বেশির ভাগের হাতে ও মাথায় ছিল চিটাগং কিংসের পতাকা, টুপি, ব্যানার ইত্যাদি। এসব কিছুই আবার প্রমাণ করল চট্টগ্রামের ক্রিকেট উন্মাদনা। একটু পেছনে ফিরে তাকানো যাক। গেল বছরের বিশ্বকাপ ক্রিকেটে চট্টগ্রামও সহ-আয়োজক ছিল। সাগরপারের এই জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল স্বাগতিকদের দুটি ম্যাচ। কিন্তু এই আয়োজক হতে কত কাঠখড় পোড়াতে হয়েছিল ক্রিকেট পাগল চট্টগ্রামকে। সেদিন রাজনৈতিক বিভেদ ভুলে সব দলের নেতারা একমঞ্চে দাঁড়িয়েছিলেন। আন্দোলন সংগ্রামের পর পেয়েছিল বিশ্বকাপ অংশীদার হওয়ার স্বাদ। তারপর তো ইতিহাস। এই মাঠে স্বাগতিক বাংলাদেশের পরপর দুটি জয়, দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করা। তারও আগে বাংলাদেশের টি-টোয়েন্টির প্রথম জমজমাট টুর্নামেন্টটিও এই চট্টগ্রামেই অনুষ্ঠিত হয়। পিসিএল নামের ওই টুর্নামেন্ট সাড়া জাগিয়েছিল। তাই চট্টগ্রাম সর্বক্ষেত্রে এগিয়ে—এ কথা বলাই যায়। তাই বিপিএলের চট্টগ্রাম পর্ব আবর্তিত হচ্ছে চিটাগং কিংসকে ঘিরেই। আগত দর্শকদের আশা, চিটাগং কিংস এখান থেকে ঢাকায় ফিরে যাবে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেই।