
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা হরতাল-অবরোেধর কারণে দর্শনার্থী কমে গেছে চকরিয়ার ডুলাহাজারার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। দর্শনার্থীর সংখ্যা এখন নেমে এসেছে দৈনিক ২০০ জনের নিচে। যেখানে স্বাভাবিক সময় দর্শনার্থী আসে সহস্রাধিক। এদিকে পার্কে দর্শনার্থী না আসায় লোকসানের মুখে পড়েছেন আশপাশের দোকানিরা। তাঁদেরও বিক্রি নেই।
গত রোববার বিকেল চারটায় সরেজমিনে দেখা গেছে, জনা পঞ্চাশেক দর্শনার্থী আছেন পার্কে। আগের সেই কোলাহল নেই। পার্কের কর্মকর্তারা জানান, ওই দিন (রোববার) পার্ক ভ্রমণ করছেন ১৮০ জন দর্শনার্থী।
পার্কের বনবিট কর্মকর্তা মাজাহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘এখন পর্যটনের ভরা মৌসুম, কিন্তু কোনো দর্শনার্থী নেই। জানুয়ারির শুরু থেকেই চলছে এ অবস্থা। দূরের কোনো দর্শনার্থী আসছেন না। যাঁরা আসছেন, তাঁরা আশপাশের এলাকার।
পার্কের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা কর্মচারী মো. আবদুর রউফ তালুকদার জানান, জানুয়ারি পুরো মাস মিলিয়ে দর্শনার্থী এসেছেন ১৮ হাজার ৭১২ জন, ফেব্রুয়ারির ১৩ তারিখ পর্যন্ত এসেছেন ২ হাজার ২৩৬ জন। অবরোধ শুরু হওয়ার আগের মাসে ডিসেম্বরে দর্শনার্থী এসেছেন ৩৬ হাজার ৪৬৪ জন। অথচ ২০১৩ সালের জানুয়ারিতে এসেছেন ৩১ হাজার ৪০১ জন। আর রাজনৈতিক অস্থিরতা থাকলেও ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ৩৪ হাজার ৪৮৮ জন দর্শনার্থী পার্ক ভ্রমণ করেছেন। পার্কে ঢোকার প্রবেশমূল্য জনপ্রতি ২০ টাকা।
সাফারি পার্ককে কেন্দ্র করে পার্কের সামনের খালি জায়গা ও পার্ক সড়কের দুই পাশে গড়ে উঠেছে অর্ধশতাধিক দোকান। এই দোকানিদেরও প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে। কোমল পানীয়, ভাত, কফি, চাসহ রকমারি খাবার বিক্রি করে তরিকা রেস্তোরাঁ নামের একটি দোকানের স্বত্বাধিকারী মো. করিম (৩৬) বলেন, যেসব পর্যটক কক্সবাজার বেড়াতে আসেন, তাঁরা যাত্রাবিরতিতে একবার ঢুঁ মারেন সাফারি পার্কে। কিন্তু অবরোধ-হরতালে দর্শনার্থী আসছেন না। গত এক মাসে কোনো ব্যবসা হয়নি।
সাফারি পার্কে প্রকল্প খাতে চাকরি করা মো. ফখরুলের বেতন–ভাতা বন্ধ তিন বছর ধরে। বেতন পাবেন কি না সন্দেহ আছে তাঁর। তাই পার্কের ফটকের পাশে একটি চায়ের দোকান দিয়েছেন তিনি। সেই দোকানে সংসার চালান। ফখরুল বলেন, ‘হরতাল–অবরোধে বিক্রি একদম বন্ধ। এই দিনে মৌসুমে আট থেকে দশ হাজার টাকার মালামাল বিক্রি করতে পারতাম। এখন সেই বিক্রি এসে ঠেকেছে ৪০০ থেকে ৫০০ টাকায়। অবরোধ–হরতাল কার জন্য, গরিব মারার এ আন্দোলন আমরা চাই না। এসব বন্ধ করুন।’
চটপটি বিক্রেতা আবদুর রহিম বলেন, ‘গাড়ি চললে আমাদের পেট বাঁচত। সংসার চলত। সারা দিন ঘুরে–ফিরে দুই থেকে আড়াই শ টাকা বিক্রি করতে পারি। এ টাকায় কি আর সংসার চলে?’