না, সৌভাগ্যের মাঠে খেলেও জেতা হলো না। পাকিস্তানকে বাগেই পেয়েছিল বাংলাদেশ। বোলাররা ১৭৭ রানে পাকিস্তানের মতো দলকে অলআউট করে জয়ের ভিতটা তৈরি করে দিয়েছিল। কিন্তু ব্যাটসম্যানরা তা কাজে লাগাতে পারল না। প্রথম বলেই লোকাল হিরো তামিম ইকবাল আউট হয়ে গেলেও শাহরিয়ার নাফিস ও মাহমুদুল্লাহ রিয়াদ দ্বিতীয় উইকেটে তুলেছিল ৬৯ রান। বলা যায়, ১৭৮ রানের টার্গেট ছোঁয়ার জন্য ভালো সূচনা। তারপরেই হঠাৎ করে খেই হারিয়ে ফেলল বাংলাদেশ। ঝটপট পড়ে গেল ৫ উইকেট। ফরহাদ রেজা ও অলক কাপালির শেষ পর্যায়ের চেষ্টা ফলপ্রসূ হয়নি। হ্যাঁ, ১৭৭ রান করেও পাকিস্তান পেয়ে গেল ৫৮ রানের বড়সড় বিজয়। কেন এমন হয় বাংলাদেশের? উত্তরটা যে কর্তাদের ও খেলোয়াড়দের জানা নেই তা নয়। কিন্তু এ নিয়ে কথাবার্তা হলেও কোনো ধারাবাহিক কাজ নেই। নিয়মিত ঘরোয়া খেলা—সীমিত ওভার ও দীর্ঘ সময়ের উভয় ফরম্যাটেই থাকতে হবে। বিদেশি খেলোয়াড়ের কোটা নির্ধারণ করে টুর্নামেন্ট হতে হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। জাতীয় লীগে ও জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট ছাড়াও বিভিন্ন জেলায় স্থানীয় কিন্তু জাতীয়/আন্তর্জাতিক খেলোয়াড়সমৃদ্ধ উন্নত মানের টুর্নামেন্ট আয়োজনের দিকেও নজর দিতে হবে। খেলোয়াড় উঠবে ঘরোয়া ক্রিকেট থেকে। অতীতে তাই হয়েছে। বর্তমানে বিকেএসপিই মূল ভরসা। তা ছাড়া অনিয়মিত টুর্নামেন্ট আর জাতীয় দল গঠনকে টার্গেট করে সাময়িক উদ্যোগগুলো থেকে সত্যিকারের পেশাদার পরিণত খেলোয়াড় বেরিয়ে আসা একেবারেই অনিশ্চিত। বাংলাদেশ দলের পারফরমেন্সে সেই অনিশ্চয়তা ভালোভাবেই ধরা পড়ছে। এ যেন বাঁদরের তৈলাক্ত বাঁশে ওঠার কৌশিশ—যতটা উঠবে তার চেয়ে নামবে বেশি। আর অনিশ্চয়তায় ভরা এই জগতে খেলোয়াড়ের প্রথম বিবেচনা দল বা দেশ নয়, আত্মরক্ষা, অর্থাৎ দলে নিজের অবস্থানটা ধরে রাখাই তাদের প্রথম লক্ষ্য। ফলে প্রায়ই দেখা যায় দলের অবস্থা, খেলার বাস্তবতা বিবেচনায় না নিয়ে খেলছে খেলোয়াড়েরা। এখানে অর্ধশত হাঁকাতে পারলেই টপঅর্ডার ব্যাটসম্যান তারকার স্তুতি পেয়ে যায়, যখন টেস্ট খেলুড়ে অন্য দেশে ১০ নম্বরে নামা বোলাররাও সেঞ্চুরি হাঁকায়। আর এখানে শতাধিক ওয়ানডে খেলা ব্যাটসম্যানের গড় ৩০-এর নিচে। ৩০-এর ওপর গড় মাত্র দুজন ব্যাটসম্যানের। খেলায় ধারাবাহিকতার অভাব, খেলোয়াড়দের মধ্যে খেলোয়াড়ি মনোভাব ও পরিণত মানসিকতার অভাব, দক্ষতার ঘাটতি, খেলা বুঝে ম্যাচের অবস্থা অনুযায়ী খেলতে না পারা ইত্যাদিই বলে দেয়, কোথায় আছে বাংলাদেশের ক্রিকেট। দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে ওয়ানডে ও টেস্ট মর্যাদা পাওয়ার দশক পেরিয়েও এক জায়গাতেই ঘুরপাক খাচ্ছে আমাদের দল। ব্যক্তিগত প্রতিভার ঝলক, নৈপুণ্যের স্বাক্ষর নানা সময় থাকছে—কিন্তু দলের খেলা আর ম্যাচের খেলা কিছুতেই হচ্ছে না। তার জন্য আইসিসির সূচি ধরে যেটুকু আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ ঘটে তার ওপর নির্ভর করে বসে থাকলে কাজ হবে না। কাজ যে হবে না তা ১০ বছরেও না বুঝলে আর কবে বুঝব আমরা?