দল ক্ষমতায় থাকলেই খুন হন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে সরকার ক্ষমতায় থাকে, তাদের সমর্থক চেয়ারম্যানরাই খুন হন। গত ১৪ বছর ধরে সাতকানিয়ায় এ প্রবণতা। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডে পেশাদার খুনির পাশাপাশি ব্যবহার করা হয় চিহ্নিত ডাকাতদেরও। সর্বশেষ নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার খুনের ঘটনায় তাই পুলিশ তাঁর রাজনৈতিক প্রতিপক্ষের পাশাপাশি এলাকার চিহ্নিত ডাকাতদেরও সন্দেহের তালিকায় রেখেছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নুরে আলম মিনা প্রথম আলোকে বলেন, ‘আমরা মামলার তদন্তে বিভিন্ন কৌশল অবলম্বন করছি। স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী, ডাকাত থেকে শুরু করে সন্দেহজনক কাউকেই বাদ দিচ্ছি না। তবে পুরো বিষয়টি তদন্তের স্বার্থে এখনই না বলা ভালো।’ জানা যায়, ১৯৯৭ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন খুন হন। এ হত্যাকাণ্ডের জন্য স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে দায়ী করা হয়। দলীয় লোকজনের সম্পৃক্ততার কারণে এ হত্যাকাণ্ডের বিচার পায়নি আমজাদ হোসেনের পরিবার। আমজাদ হোসেন নিহত হওয়ার একই বছরে নিহত হন এওচিয়ার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল কবির। এ জন্য দায়ী করা হয় তৎকালীন শিবির ক্যাডার আহমদুল হক চৌধুরীকে। একই বছর আহমদুল হকের হাতে খুন হন যুবলীগের নেতা গোলাম হোসেন। ২০০১ সালে বিএনপি ও জামায়াত জোট ক্ষমতায় এলে ওই ইউনিয়নের চেয়ারম্যান হন আহমদুল হক চৌধুরী। তিনি ২০০৪ সালের জুলাই মাসে জামায়াত থেকে বিএনপিতে যোগ দেন। কিন্তু আগস্টেই তিনি র‌্যাবের ক্রসফায়ারে নিহত হন। তাঁর বিরুদ্ধে হত্যা, অপহরণসহ অন্তত এক ডজন মামলা ছিল। আহমদুল হক চৌধুরীর সঙ্গে আরও একজন সে সময় জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দেন, তিনি খাগরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম। পেশায় প্রকৌশলী আমিনুল ইসলাম ছিলেন স্থানীয় জামায়াতের অর্থ জোগানদাতাদের একজন। তিনি বিএনপিতে যোগ দেওয়ায় ধাক্কা খায় স্থানীয় জামায়াত। ওই বছরের সেপ্টেম্বর মাসেই ইউনিয়ন পরিষদ থেকে বিচারকাজ সেরে বাড়ি ফেরার পথে খুন হন আমিনুল ইসলাম। এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে পুলিশ ডাকাত জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে পুলিশের ক্রসফায়ারে খুন হন জসিম।জানা যায়, আহমদুল হক চৌধুরী ও আমিনুল ইসলাম খুন হওয়ার পর সাতকানিয়ায় জামায়াত থেকে নেতা-কর্মীদের বিএনপিতে যোগ দেওয়ার প্রবণতা বন্ধ হয়ে যায়। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের দাবি, নুরুল আবছার হত্যার মাধ্যমে একটি গোষ্ঠী সাতকানিয়ায় আওয়ামী লীগকেই দুর্বল করার কাজে জড়িয়ে পড়েছে।