দল গঠনের চাবি চট্টগ্রামের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় জাতীয় দলে চট্টগ্রামের ক্রিকেটারদের জয়জয়কার ছিল। ছয়জন পর্যন্ত ক্রিকেটার একসঙ্গে খেলেছেন। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা একটা রেকর্ড। কিন্তু সেই সুদিন এখন কেবল ইতিহাস। এখনকার প্রজন্মের কাছে এসব রূপকথার গল্পের মতো মনে হবে। এখন দলে চট্টগ্রামের প্রতিনিধি বলতে হারাধনের একমাত্র ছেলের মতো সেই তামিম ইকবাল। দলে না হলেও সেই ইতিহাস যেন আবার উঁকি দিয়েছে দল নির্বাচনে সদ্য ঘোষিত নির্বাচকের তালিকায়। তিনজনের এ নির্বাচক পর্ষদে (প্যানেল) প্রধান নির্বাচকসহ দুজনই চট্টগ্রামের। এবার প্রথম কোনো জেলা থেকে একসঙ্গে দুজন নির্বাচক হলেন। তাঁদের একজন আকরাম খান ও অন্যজন মিনহাজুল আবেদিন নান্নু। দলের অপর সদস্য সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। এটাও রেকর্ড। সেটা বললেন আকরাম খান নিজেই—‘আগে প্রধান নির্বাচকসহ দুজন একই জেলার ছিল বলে মনে পড়ে না।’চট্টগ্রামের ক্রিকেটের সুদিনে এ দুজন দলের অবশ্যম্ভাবী সদস্য ছিলেন। ১৯৯৭-৯৮ সালে আকরাম খানের নেতৃত্বে আইসিসি ট্রফি জয় ও তারপর বিশ্বকাপে প্রথম অংশগ্রহণের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। অন্যদিকে ১৯৯৯ সালে বিশ্বকাপে ব্যাটে-বলে সেরা নৈপুণ্য দেখিয়েছিলেন মিনহাজুল আবেদিন নান্নু। অথচ সেবার দল থেকে প্রথম দফায় বাদ দেওয়া হয়েছিল মিনহাজুলকে। পরে দেশব্যাপী আন্দোলনের মুখে মিনহাজুল হয়েছিলেন বিশ্বকাপ দলের সদস্য। চট্টগ্রামের এ দুই সেরা সাবেক ক্রিকেটারের হাতে এখন দল গঠনের গুরুদায়িত্ব এসে পড়েছে। আকরাম খান সদ্য বিলুপ্ত নির্বাচকমণ্ডলীর সদস্য ছিলেন। তাই তাঁর কাছে দল নির্বাচনের বিষয়টি নতুন নয়। তবে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্বটা নতুন। তার ওপর সদ্যসমাপ্ত বিশ্বকাপে ৫৮ ও ৭৮ বিভীষিকার পর এ ধরনের দায়িত্ব চ্যালেঞ্জিং তো বটেই। তবে আকরাম এটাকে চ্যালেঞ্জ মনে করছেন না। তিনি বলেন, ‘চ্যালেঞ্জ কিছু নয়। আমাদের একটা ভালো দল গড়তে হবে। প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে হবে। যাতে ভালো একটা দল গঠন করতে পারি সে লক্ষ্যে কাজ করার আগ্রহ রয়েছে আমাদের।’নতুন নির্বাচক পর্ষদ এখনই দায়িত্ব নিচ্ছে না। আগামী জুন নাগাদ দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন তাঁরা। তবে দায়িত্ব না নিলেও ক্রিকেট মাঠের মানুষ আকরামকে প্রতিনিয়তই টানে মাঠ। তাই গত বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিপি বিসিবি একাডেমি ও দক্ষিণ আফ্রিকা একাডেমির ম্যাচ দেখতে ছুটে গেছেন। ‘আগে আমাদের সঙ্গে বোর্ডের টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে কথা হবে। তারপর হয়তো আমরা জুনের দিকে দায়িত্ব নেব।’ বললেন আকরাম খান।নিজের এমন সুখের দিনে আকরাম খানকে খুব পীড়া দেয় চট্টগ্রামের ক্রিকেট। একসময়কার সোনালি অতীত এখন ধূসরপ্রায়। এ জন্য তাঁর অভিযোগের অঙ্গুলি স্থানীয় ক্রীড়া সংস্থা ও সংগঠকদের দিকে। ‘কীভাবে চট্টগ্রাম থেকে ক্রিকেটার উঠবে? এখন নাকি স্থানীয় লিগ শুরু হচ্ছে। এ ঝড়-জলের মৌসুম কি ক্রিকেট খেলার সময়! দুই-একজন ক্রিকেটার নিজ প্রতিভা এবং পারিবারিক আবহে উঠে এসেছিল এখান থেকে। কিন্তু সে রকম প্রতিভাবান কোথায়?’ হতাশা বাংলাদেশ দলের প্রধান নির্বাচকের কণ্ঠজুড়ে।