দল গোছাচ্ছে আওয়ামী লীগ বিএনপিতে লুকোচুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো সময় জাতীয় নির্বাচনের সম্ভাবনার কথা মাথায় রেখে দল গোছানোর কাজে নেমেছে রাউজান উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি। তবে সরকারদলীয় নেতা-কর্মীরা উৎসবের আমেজে বীরদর্পে কাজ করলেও বিএনপির তৎপরতা চলছে নগরের গুডস হিলে, এক রকম লুকোচুরির মধ্য দিয়ে। গুডস হিলে রাউজানের সাবেক সাংসদ ও স্থানীয় বিএনপির একাংশের নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বাসা। দল দুইটির দায়িত্বশীল সূত্রে জানা যায়, দুই দলই গত দুমাস থেকে ইউনিয়নভিত্তিক সাংগঠনিক কাঠামো মজবুত করার দিকে মনোনিবেশ করেছে। এ লক্ষ্যে আলাদাভাবে সম্মেলন ডেকে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে। জানা গেছে, উপজেলা আওয়ামী লীগ প্রতিটি ইউনিয়নে সম্মেলন করছে উৎসবমুখর পরিবেশে। সম্মেলনে উপস্থিত থাকছেন দলের স্থানীয় নীতিনির্ধারক সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। এরই মধ্যে তারা রাউজান সদর ইউনিয়ন, ডাবুয়া, চিকদাইর, উরকিরচর ও হলদিয়া ইউনিয়নের সম্মেলন শেষ করেছে। প্রতিটি সম্মেলনে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি নিতে পরামর্শ দিচ্ছেন সাংসদ। সূত্র জানায়, আওয়ামী লীগ এলাকায় বিতর্কিত নন এমন ব্যক্তিদের ইউনিয়ন কমিটির দায়িত্বশীল পদে বসানোর ওপর জোর দিচ্ছে। বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থিতা নিয়ে যাঁদের বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল, তাঁদের কাছে টেনে গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। সূত্রমতে, ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী সাংসদের মত উপেক্ষা করে ইউপি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। এ নিয়ে দুজনের মধ্যে গত এক বছরের বেশি সময় ধরে চলছিল মান-অভিমান। আবদুর রহমান চৌধুরী এখন সাংসদের আস্থাভাজনদের একজন। তাঁকে এবার ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে। একইভাবে সাংসদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছিল উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার চৌধুরী ও রাউজান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল আলমের। এখন দুজনেই সাংসদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে নিজ নিজ এলাকায় সাংগঠনিক কাজে সক্রিয় হয়েছেন। এ প্রসঙ্গে দিদারুল আলম বলেন, ‘বড় পরিবারের সদস্যদের মধ্যে মান-অভিমান থাকা স্বাভাবিক। তবে তা হয় ক্ষণস্থায়ী।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমানে কমিটিতে যোগ্য নেতা-কর্মীদের মূল্যায়ন করা হচ্ছে। নেতা-কর্মীরা বিভিন্ন ইস্যুতে সৃষ্ট মান-অভিমান ভুলে আদর্শগত কারণে একই বৃত্তে আবদ্ধ হচ্ছেন। এদিকে উপজেলা বিএনপিতে চলছে নেতৃত্বের সংকট। ’৯৬ সাল থেকে চলে আসা এ সংকটের বৃত্তে আটকে দলটি এখনো দ্বিধাবিভক্ত। ওই সময়ে দলীয় মনোনয়ন ইস্যুতে গোলাম আকবর খোন্দকার (কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক) ও সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমর্থকদের মধ্যে সাংগঠনিক কাজে বিভক্তির সৃষ্টি হয়েছিল। দলীয় সূত্রে জানা যায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দলটির নেতা-কর্মীরা একরকম এলাকা ছাড়া। কোনো সাংগঠনিক কাঠামো বা তৎপরতা এখানে নেই বললেই চলে। কিছু কর্মী-সমর্থক এলাকায় থাকলেও তাঁরা নিজেদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করতে চান না। অনেকে আবার সরকারি দলের নেতা-কর্মীদের সঙ্গে তাল মিলিয়ে এলাকায় টিকে থাকার চেষ্টা করছেন। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক নেতা-কর্মী বলেছেন, সরকারি দলের লোকজনের হামলা-মামলার ভয়ে তাঁরা নীরবে কাজ করার কৌশল নিয়েছেন। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর আস্থাভাজন হিসেবে পরিচিত দলের উপজেলা সাধারণ সম্পাদক সালামত আলী এ প্রসঙ্গে জানান, মাঠে সাংগঠনিক কর্মকাণ্ড না থাকলেও নির্বাচনের প্রস্তুতিসহ বিএনপির প্রয়োজনীয় সব সাংগঠনিক কাজ নগরের গুডস হিলে নেতার বাসায় (গিয়াস উদ্দিনের বাসায়) চলে। বলা যায় হামলা-মামলার আশঙ্কায় অনেকটা লুকোচুরি করে কাজ চালাতে হচ্ছে।’ তিনি জানান, গত দুই মাস ধরে বিভিন্ন ইউনিয়ন সম্মেলনের কাজ চলছে গুডস হিলে। বিভিন্ন ইউনিয়ন থেকে যোগ দেওয়া লোকজনের খাবারের ব্যবস্থাও হয় সেখানে। এরই মধ্যে কদলপুর, রাউজান, পশ্চিম গুজরা ও পূর্ব গুজরা ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। তবে এমন সাংগঠনিক তৎপরতার ব্যাপারে অজ্ঞতা প্রকাশ করেন উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘গুডস হিলে কী হচ্ছে আমি জানি না। যাঁরা বিভিন্ন কাজে সেখানে যাতায়াত করেন তাঁরাই এ ব্যাপারে বলতে পারবেন।’ মহিউদ্দিন এক সময় গোলাম আকবর খোন্দকারের সমর্থক ছিলেন। পরে গিয়াস উদ্দিন চৌধুরীর গ্রুপে মিশে গেলেও নানা বিষয়ে সাধারণ সম্পাদকের সঙ্গে দ্বিমতের কারণে বর্তমানে দলে অনেকটা নিষ্ক্রিয়।