
কক্সবাজারের মহেশখালী পৌরসভায় নির্বাচন মানেই গোরকঘাটা ও পুটিবিলার লড়াই। এবারও ব্যতিক্রম নয়, দল ছাপিয়ে এই দুই এলাকার মধ্যে লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ মার্চ। নির্বাচনে গোরকঘাটার প্রার্থী আওয়ামী লীগের মকছুদ মিয়া ও পুটিবিলার প্রার্থী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ সরওয়ার আজম।
সরেজমিনে দেখা গেছে, দুই প্রার্থীর প্রচারণাই এখন তুঙ্গে। নিজেদের এলাকার বাইরে ঘোনারপাড়া ও হিন্দুপাড়ার ভোটারদের টানতে মরিয়া হয়ে ছুটছেন তাঁরা। কর্মী-সমর্থকেরাও আলাদা আলাদা উঠান বৈঠক করে নিজেদের প্রার্থীর পক্ষে ভোট চাইছেন।
তাঁদের নিয়ে ভোটারদের মধ্যেও রয়েছে ব্যাপক আলোচনা। ভোটাররা জানান, গোরকঘাটা ও পুটিবিলার মধ্যে দীর্ঘদিন ধরে ভোটযুদ্ধ চলে আসছে। দলীয় প্রতীকে নির্বাচন হলেও তার প্রভাব এই পৌরসভা খুব একটা নেই। এখানে বিবেচ্য কে পুটিবিলার, কে গোরকঘাটার।
ভোটারদের সঙ্গে আলাপে জানা গেছে, গোরকঘাটা ও পুুটবিলার লড়াই শুরু ১৯৮৬ সাল থেকে। তখন ছিল গোরকঘাটা ইউনিয়ন পরিষদ (ইউপি)। ইউপি নির্বাচনে গোরকঘাটা থেকে আবু বক্কর ছিদ্দিক দুবার এবং পুটিবিলা এলাকা থেকে সামশুল আলম ও সরওয়ার আজম চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০০১ সালের জুলাই মাসে গোরকঘাটা ইউপিকে বিলুপ্ত করে পৌরসভা গঠন করা হয়। ২০০২ সালের ১২ ফেব্রুয়ারি প্রথম পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী পুটিবিলার বাসিন্দা সরওয়ার আজম বিজয়ী হন। সে সময় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন গোরকঘাটার বাসিন্দা ও সাবেক উপজেলার চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক। এরপর ২০১১ সালের ২৭ জানুয়ারি দ্বিতীয় বারের মতো পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোরকঘাটা এলাকার বাসিন্দা মকছুদ মিয়া জয়ী হন। তখন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মহাজোটের প্রার্থী পুটিবিলার বাসিন্দা সরওয়ার আজম।

দুই এলাকার বাসিন্দারাও এখন নিজেদের প্রার্থীর পক্ষে প্রচারণা চলাচ্ছেন। কথা হয় গোরকঘাটার বাসিন্দা আবু তাহেরের সঙ্গে। তিনি বলেন, মকছুদ মিয়া মেয়র পদে দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ বছরে পৌর এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। তাঁর পক্ষে এলাকার লোকজন ঐক্যবদ্ধ।
পুটিবিলার এলাকার বাসিন্দা মোহাম্মদ তারেক বলেন, গত বারের পৌর নির্বাচনে সরওয়ার আজম মহাজোটের প্রার্থী হলেও তাঁর এলাকায় দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। এ কারণে পুটিবিলা এলাকার ভোট ভাগ হয়ে যাওয়ায় তিনি পরাজিত হন। কিন্তু এবারের নির্বাচনে পুটিবিলা এলাকা থেকে সরওয়ার একক প্রার্থী। ফলে তিনি এগিয়ে থাকবেন।
মেয়র পদপ্রার্থী সরওয়ার আজমও একই কথা বলেন। তিনি বলেন, ‘গতবারের নির্বাচনে পুটিবিলার লোকজন ঐক্যবদ্ধ ছিল না। এবার তারাই আমাকে নিয়ে মাঠে নেমেছেন।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী মকছুদ মিয়া বলেন, ‘গত পাঁচ বছরে পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। আর উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য করিনি। সুখে–দুঃখে পৌরবাসীর পাশে ছিলাম। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি।’
এদিকে দুই ‘শক্তিশালী’ প্রার্থী নির্বাচনী মাঠ চষে বেড়ালেও প্রচারণায় নেই বিএনপির মনোনীত প্রার্থী পৌর শ্রমিক দলের আহ্বায়ক মহিউদ্দিন। মাঠে তাঁর কোনো পোস্টার-ব্যানারও চোখে পড়েনি।
এ ব্যাপারে জানতে চাইলে গতকাল শনিবার দুপুরে মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, প্রথমবার ছাপানো পোস্টারে ভুল থাকায় নতুন করে ছাপাতে দেওয়া হয়েছে। আগামীকাল রোববার নতুন পোস্টার আসবে। এরপর লাগানো হবে। এ ছাড়া শুক্রবার থেকে প্রচারণার মাইকিং শুরু হয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দ্বিতীয় পৌর নির্বাচনে ৬ হাজার ৪৪৭ ভোট পেয়ে মকছুদ মিয়া জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সরওয়ার আজম পেয়েছিলেন ৪ হাজার ৮৭৯ ভোট। আর বিএনপির সমর্থিত প্রার্থী জেড এম গোলাম মোস্তফা ভোট পেয়েছেন মাত্র ১২৫। নির্বাচনে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।